Kaler Alo
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
১৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কালের আলো ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ১১:১৮ এএম

 জাতীয় অগ্রগতির মূল শক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী

কালের আলো ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ১১:১৮ এএম

 জাতীয় অগ্রগতির মূল শক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী

যুবসমাজকে জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যেকোনো জাতির প্রাণশক্তি হচ্ছে তরুণ প্রজন্ম। স্বাধীনতা অর্জন, জাতীয় সংকট মোকাবিলা এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব ও উন্নয়ন নির্ভর করছে তরুণদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতার ওপর।

রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। এ সময় যুবসমাজকে আধুনিক জ্ঞান, কারিগরি দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতায় সমৃদ্ধ হয়ে জাতীয় উন্নয়নে আত্মনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

যুব উন্নয়নে বিভিন্ন সরকারের উদ্যোগের কথা স্মরণ
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা অর্জন থেকে শুরু করে দেশের বিভিন্ন সংকট মোকাবিলা এবং উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জাতি গঠনে তরুণদের সম্ভাবনা কাজে লাগানোর উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। তারেক রহমান স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজের বিপুল সম্ভাবনা উপলব্ধি করে তাদের সংগঠিত করার উদ্যোগ নিয়েছিলেন। তার নির্দেশনায় ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তী সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নামে পরিচিতি লাভ করে।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে যুব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তুলতে দেশের সব জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

৮০ লাখের বেশি তরুণকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
প্রধানমন্ত্রী জানান, যুব উন্নয়ন অধিদপ্তর এ পর্যন্ত ৮০ লাখের বেশি তরুণ-তরুণীকে বিভিন্ন মেয়াদে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছে। তাদের মধ্যে প্রায় ২৫ লাখ আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। প্রশিক্ষণপ্রাপ্ত এসব তরুণ-তরুণীর অনেকে মাসে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত আয় করছেন। কোনো কোনো ক্ষেত্রে আয়ের পরিমাণ এর চেয়েও বেশি।

যুব উদ্যোক্তাদের সহায়তায় ২০২৬ সালের জুন পর্যন্ত ২ হাজার ৮৬১ কোটি ৮৭ লাখ টাকার যুবঋণ বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। জাতীয় যুব পুরস্কারকে একটি প্রশংসনীয় উদ্যোগ উল্লেখ করে তারেক রহমান বলেন, জাতি গঠনে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পর্যন্ত ৫৪৬ জন আত্মকর্মী নারী-পুরুষ ও যুব সংগঠককে এ সম্মাননা দেওয়া হয়েছে। এ বছর পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান তিনি।

এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে গুরুত্ব
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন অপরিহার্য হয়ে উঠেছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে তরুণদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হতে হবে।

তিনি জানান, সরকার দায়িত্ব গ্রহণের পরপরই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে প্রশিক্ষণ প্রকল্প গ্রহণ করেছে। ফ্রিল্যান্সিং ও এআই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দক্ষতা অর্জনের পাশাপাশি অনলাইনে কাজ করে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ পাচ্ছেন। এ ছাড়া পরিবেশ সংরক্ষণে যুবসমাজের অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় তরুণেরা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে অবদান রাখছেন।

স্মার্ট কৃষি ও নতুন খাতে প্রশিক্ষণের পরিকল্পনা
যুবসমাজকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে স্মার্ট কৃষি, রপ্তানিমুখী প্যাকেজিং ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বিদেশি ভাষা শিক্ষা এবং নতুন সম্ভাবনাময় খাতে আরও প্রশিক্ষণ কর্মসূচি চালুর ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। তার মতে, এসব উদ্যোগের মাধ্যমে আধুনিক, দক্ষ ও প্রতিযোগিতামূলক জনশক্তি গড়ে তোলা সম্ভব হবে। তরুণদের নিজেদের প্রতিভা, উদ্ভাবনী সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশের মাধ্যমে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

স্টার্টআপে ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা
তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে বলে জানান প্রধানমন্ত্রী। সম্ভাবনাময় উদ্যোগগুলো যাতে অর্থের অভাবে থমকে না যায়, সে লক্ষ্যেই দেশে প্রথমবারের মতো স্টার্টআপ খাতে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জাতীয় যুব দিবস-২০২৬-এর প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশের উন্নয়ন, নেতৃত্ব ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় যুবসমাজ আরও কার্যকর ভূমিকা পালন করবে। বাণীর শেষাংশে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।
সূত্র: বাসস

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!