জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি মনে করেন, নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে নির্বাচনে সরাসরি অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ‘নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। সংসদে ১০০টি আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত। কারণ, নারীরা কোনোভাবেই পিছিয়ে নেই।’
মেয়েদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়ানোর উদ্যোগ
নারী শিক্ষার প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, নারী শিক্ষার অগ্রযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি মেয়েদের এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন।
মেয়েদের স্নাতক (বিএ) পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান স্পিকার।
মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রথম সচিবালয় ছিল এই বিদ্যালয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ইতিহাস এ কৃতিত্ব স্মরণে রাখবে।
বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
অনুষ্ঠানে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান সরোয়ারসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমডিএইচ/জেএন
