Kaler Alo
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০১:৫৯ পিএম

ইউক্রেন ইস্যুতে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে, টার্গেটে পরিবারও

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০১:৫৯ পিএম

ইউক্রেন ইস্যুতে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে, টার্গেটে পরিবারও

ইউক্রেনের প্রতি ইতালির সমর্থনের জেরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিকে লক্ষ্যবস্তু করেছে সাইবার অপরাধীরা। তাঁর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে প্রকাশের পাশাপাশি আরও গোপন তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে হ্যাকাররা। এমনকি তাঁর পরিবারের সদস্যদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছেন তাজানি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, কয়েক দিন ধরে সাইবার অপরাধীরা তাঁর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে প্রকাশ করছে। একই সঙ্গে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এর ফলে নতুন ধরনের হুমকি ও ভীতি প্রদর্শনের মুখে পড়েছেন তিনি। তবে কী ধরনের হুমকি দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি ইতালির এই পররাষ্ট্রমন্ত্রী। শুধু জানিয়েছেন, তাঁর পরিবারের সদস্যদেরও রেহাই দেওয়া হয়নি।

ইউক্রেন ইস্যুতেই হ্যাকিংয়ের অভিযোগ
তাজানির অভিযোগ, ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ইতালির অবস্থানের কারণেই তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাঁর ভাষায়, একটি সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা এবং কোনো জাতির গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে স্পষ্ট অবস্থান নেওয়াকে সাইবার অপরাধী গোষ্ঠীগুলো বিপজ্জনক হিসেবে দেখছে।

ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের এমন একটি গোপন অংশ, যা সাধারণ সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুঁজে পাওয়া যায় না। সেখানে প্রবেশের জন্য বিশেষ সফটওয়্যার ব্যবহার করতে হয়। ব্যক্তিগত তথ্য ফাঁস, অবৈধ তথ্য কেনাবেচাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে এই মাধ্যম ব্যবহৃত হয়।

রাশিয়াপন্থী হ্যাকারদের দায়ী করলেন মেলোনি
এ ঘটনার জন্য রাশিয়াপন্থী হ্যাকারদের দায়ী করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী তাজানির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন তিনি।

এক বিবৃতিতে মেলোনি বলেন, রাষ্ট্রীয় প্রতিনিধিদের গোপনীয় তথ্য ফাঁসের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে মোকাবিলা করতে হবে। তবে ইতালির প্রধানমন্ত্রীর অভিযোগের বিষয়ে মস্কো এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ভুয়া ছবি ছড়ানোর অভিযোগও মেলোনির
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভুয়া ছবি ছড়িয়ে পড়া’ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মেলোনি। তাঁর অভিযোগ, ইতালির বিরোধী দলের সদস্যরা এসব ছবি ছড়িয়েছেন। তবে ছবিগুলোতে কী ধরনের বিষয় ছিল, সে সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে মানবিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে ইতালি। দেশটির উপপ্রধানমন্ত্রীর দায়িত্বেও থাকা তাজানি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে আসা হুমকিগুলোকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

কালের আলো/এসএ/এমএএইচ

Link copied!