তরুণ উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ ও অনুদান দেওয়ার কর্মসূচিকে ঘিরে প্রতারণার চেষ্টা চালাচ্ছে একটি চক্র। ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিকাশসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা। এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় কেন্দ্রীয় ব্যাংক।
ঋণের নামে টাকা হাতানোর চেষ্টা
বাংলাদেশ ব্যাংক জানায়, ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কিছু ব্যক্তি ও গোষ্ঠী সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং অন্যান্য মাধ্যমে এসব লেনদেনের প্রলোভন দেখানো হচ্ছে।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে, কর্মসূচির সব কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালিত হচ্ছে। তাই ঋণ পাওয়ার নিশ্চয়তা বা ঋণ করে দেওয়ার কথা বলে কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীকে অর্থ না দেওয়ার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১০ লাখ টাকা ঋণ, ১০ লাখ অনুদান
উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের লক্ষ্যে ‘উদ্যোগ’ কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা সহায়তা দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ হিসেবে পরিশোধ করতে হবে এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।
ভুয়া ফেসবুক পেজ নিয়ে সতর্কতা
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘উদ্যোগ’ নামে কেন্দ্রীয় ব্যাংকের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। ফলে এ নামে কোনো পেজ বা অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে।
কর্মসূচির নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা প্রতারণামূলক কর্মকাণ্ড চালানো হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত আইনসহ প্রচলিত অন্যান্য আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
একই সঙ্গে প্রতারণামূলক কার্যক্রম থেকে সতর্ক থাকা এবং কোনো ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কালের আলো/এএইচ/এমএসআইপি
