ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক ব্যাংকিং ও আর্থিক সেবা খাতের অভিজ্ঞ নির্বাহী সেলিম বারকাত। মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএসইর ১১২৭তম বোর্ড সভায় তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন। ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ও আর্থিক খাতে প্রায় চার দশকের কর্ম-অভিজ্ঞতা রয়েছে সেলিম বারকাতের। এ সময়ে তিনি নেতৃত্ব, বৈশ্বিক ঋণ ও কাউন্টারপার্টি ঝুঁকি ব্যবস্থাপনা, পুঁজিবাজার এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করেছেন।
সিটিগ্রুপে দীর্ঘদিনের অভিজ্ঞতা
১৯৮৯ থেকে ২০০০ সাল পর্যন্ত সিটিব্যাংক এনএ বাংলাদেশের সঙ্গে যুক্ত ছিলেন সেলিম বারকাত। এ সময়ে বাংলাদেশে ব্যাংকটির প্রথম শাখা প্রতিষ্ঠার মূল দলের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
পরবর্তী সময়ে ২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিটিগ্রুপের বিভিন্ন জ্যেষ্ঠ ব্যবসায়িক ও ঝুঁকি ব্যবস্থাপনাসংক্রান্ত পদে দায়িত্ব পালন করেন। এ সময় বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক, ব্রোকার-ডিলার, স্টক এক্সচেঞ্জ, ক্লিয়ারিং হাউস ও ডিপোজিটরির সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেন তিনি।
এইচবিএলে দক্ষিণ এশিয়ার দায়িত্ব পালন
২০১৯ সালে বাংলাদেশে ফিরে হাবিব ব্যাংক লিমিটেডের (এইচবিএল) জেনারেল ম্যানেজার ও কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগ দেন সেলিম বারকাত। পরে দক্ষিণ এশিয়ার রিজিওনাল জেনারেল ম্যানেজার হিসেবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপে ব্যাংকটির কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করেন।
ডিএসইর বিজ্ঞপ্তি অনুযায়ী, তাঁর নেতৃত্বে বাংলাদেশে এইচবিএলের কার্যক্রমে ধারাবাহিক মুনাফা, শক্তিশালী মূলধন ভিত্তি ও নিম্ন খেলাপি ঋণের হার বজায় রাখতে সক্ষম হয় ব্যাংকটি। পাশাপাশি সুশাসন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন ব্যবস্থা শক্তিশালী করতেও ভূমিকা রাখেন তিনি।
কালের আলো/এসএ/এমএসআইপি
