সকালে বই-খাতা হাতে মাদ্রাসায় আসে শিশুরা। কারও কাঁধে পুরোনো ব্যাগ, কারও হাতে ছেঁড়া মলাটের বই। শ্রেণিকক্ষ বলতে টিনের চালা আর বাঁশের বেড়ায় ঘেরা ছোট কয়েকটি ঘর। ভেতরে সারি সারি ভাঙা বেঞ্চ। বৃষ্টি নামলে চালা দিয়ে পানি পড়ে, আর গরমের দিনে টিনের নিচে বসে পাঠ নেওয়াই হয়ে ওঠে কঠিন। এমন প্রতিকূল পরিবেশেও থেমে নেই পাঠদান। প্রতিদিন এখানে শিক্ষার আলো ছড়ানোর চেষ্টা করছেন ছয়জন শিক্ষক। তাঁদের কাছে পড়াশোনা করছে শতাধিক শিশু।
খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের হরিনগর (হড্ডী) গ্রামের হরিনগর ইবতেদায়ি মাদ্রাসার চিত্র এটি। ছয় বছর আগে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রত্যন্ত এলাকার শিশুদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার সুযোগ করে দিচ্ছে। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে এখনো মেলেনি সরকারি স্বীকৃতি ও অনুমোদন। নেই সরকারি অনুদান, শিক্ষকদের বেতন-ভাতা কিংবা প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। ফলে নিজেদের শ্রম ও আন্তরিকতার ওপর ভর করেই প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা।
ছয় বছরেও মেলেনি সরকারি স্বীকৃতি
স্থানীয় শিক্ষানুরাগী আলহাজ রেজাউল করিম সানার উদ্যোগে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় হরিনগর ইবতেদায়ি মাদ্রাসা। প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারের শিশুরা যাতে নিজ এলাকায় থেকেই ধর্মীয় ও সাধারণ শিক্ষা লাভ করতে পারে, সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়।
বর্তমানে মাদ্রাসাটিতে প্রায় ১০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। এলাকার অনেক শিশুর শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ আশ্রয় হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি। তবে দীর্ঘ ছয় বছর পার হলেও এখনো সরকারি স্বীকৃতি ও অনুমোদন না পাওয়ায় নানা সীমাবদ্ধতার মধ্যে কার্যক্রম চালাতে হচ্ছে।
প্রতিষ্ঠানটিতে আরবি শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত পড়ানো হয়। শিক্ষার্থীদের নৈতিকতা, শিষ্টাচার, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ শেখানোর বিষয়েও গুরুত্ব দেন শিক্ষকরা। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিশুদের শিক্ষার মান উন্নত রাখার চেষ্টা করছেন তাঁরা।
বিনা বেতনে ছয় শিক্ষকের পাঠদান
মাদ্রাসাটির সবচেয়ে বড় সংকট শিক্ষকদের বেতন-ভাতা। ছয়জন শিক্ষক প্রতিষ্ঠার পর থেকে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে পাঠদান করে আসছেন। দীর্ঘদিন ধরে কোনো আর্থিক সুবিধা না পেলেও শিশুদের পড়াশোনা যেন বন্ধ না হয়, সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।
তবে এভাবে আর কত দিন দায়িত্ব পালন করা সম্ভব, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিক্ষকদের প্রত্যেকেরই পরিবার ও সংসার রয়েছে। জীবিকা নির্বাহের জন্য তাঁদের অন্য কাজের ওপর নির্ভর করতে হয়। তারপরও প্রতিদিন নির্দিষ্ট সময়ে মাদ্রাসায় এসে শিশুদের পাঠদান করছেন।
মাদ্রাসার সুপার মো. ইমরান হোসাইন বলেন, শিশুদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধ শেখানোর চেষ্টা করছেন তাঁরা। কিন্তু দীর্ঘদিন বিনা বেতনে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। শিক্ষকদেরও পরিবার ও সংসার রয়েছে। সরকারি স্বীকৃতি ও সুযোগ-সুবিধা না পেলে প্রতিষ্ঠানটি চালিয়ে নেওয়া কঠিন হবে। তিনি আরও বলেন, তাঁরা চান, সরকার দ্রুত মাদ্রাসাটির স্বীকৃতি দিয়ে শিক্ষকদের বেতন-ভাতার ব্যবস্থা করুক।
ভাঙা বেঞ্চ, অপর্যাপ্ত শ্রেণিকক্ষে পাঠদান
শুধু বেতন-ভাতার সংকট নয়, অবকাঠামোগত সমস্যাও রয়েছে প্রতিষ্ঠানটিতে। টিনের চালা ও বাঁশের বেড়ার শ্রেণিকক্ষে পর্যাপ্ত বেঞ্চ নেই। বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে। গরমের সময় টিনের নিচে শিক্ষার্থী ও শিক্ষকদের পাঠদান করতে কষ্ট হয়। প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবেও নিয়মিত পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।
শিক্ষক আতাউর রহমানসহ অন্য শিক্ষকেরা জানান, প্রয়োজনীয় অবকাঠামো ও শিক্ষা উপকরণ না থাকায় পাঠদান করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। পর্যাপ্ত বেঞ্চ ও শিক্ষাবান্ধব শ্রেণিকক্ষ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও উন্নত হবে। সরকারি অনুমোদন ও আর্থিক সহায়তা পেলে এসব সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন তাঁরা।
একক উদ্যোগে আর কত দিন?
মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ রেজাউল করিম সানা বলেন, নিজের উদ্যোগ ও অর্থায়নে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন তিনি। এলাকার দরিদ্র পরিবারের শিশুরা যাতে পড়াশোনার সুযোগ পায়, সেটিই ছিল তাঁর মূল উদ্দেশ্য। কিন্তু একার পক্ষে দীর্ঘদিন এভাবে প্রতিষ্ঠান চালানো সম্ভব নয়। এখন সরকারি স্বীকৃতি ও সহযোগিতা প্রয়োজন।
তাঁর মতে, সরকারি সহায়তা পাওয়া গেলে মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ এবং শিক্ষকদের বেতন-ভাতার ব্যবস্থা করা সম্ভব হবে। এতে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও ভালোভাবে পরিচালনা করা যাবে।
সরকারি পৃষ্ঠপোষকতার দাবি স্থানীয়দের
স্থানীয় ইউপি সদস্য মো. মামুন সানা বলেন, প্রত্যন্ত এলাকার শিশুদের শিক্ষার ক্ষেত্রে মাদ্রাসাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে প্রতিষ্ঠানটি আরও ভালোভাবে পরিচালনা করা সম্ভব হবে। তিনি দ্রুত মাদ্রাসাটির স্বীকৃতি ও প্রয়োজনীয় সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।
স্থানীয় বাসিন্দারাও চান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে মাদ্রাসাটি পরিদর্শন করে এর সমস্যা ও সম্ভাবনা বিবেচনা করুক। সরকারি স্বীকৃতির পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষা উপকরণ এবং শিক্ষকদের বেতন-ভাতার ব্যবস্থা করা হলে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁদের প্রত্যাশা।
একটি টিনের চালা আর বাঁশের বেড়ার ঘরে শতাধিক শিশুর শিক্ষাজীবন এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ছয়জন শিক্ষক বছরের পর বছর বিনা পারিশ্রমিকে সেই উদ্যোগ টিকিয়ে রেখেছেন। কিন্তু শিক্ষকদের স্বেচ্ছাশ্রম ও ব্যক্তিগত উদ্যোগের ওপর নির্ভর করে একটি শিক্ষাপ্রতিষ্ঠান কত দিন চলতে পারে, সেই প্রশ্নও সামনে এসেছে। হরিনগর (হড্ডী) ইবতেদায়ি মাদ্রাসার ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে সরকারি স্বীকৃতি, আর্থিক সহায়তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের ওপর।
কালের আলো/এসএ/ডিএইচ
