দখল, দূষণ ও অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে অস্তিত্ব সংকটে পড়েছে দেশের অন্যতম বৃহৎ জলাভূমি চলনবিল। একসময় খাল দিয়ে অনায়াসে বড়াল নদীতে পানি প্রবাহিত হলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিলের নদী ও খালগুলো ভরাট হয়ে গেছে। কোথাও চলছে অবৈধ দখল, কোথাও পানিপ্রবাহ আটকে দিচ্ছে অবৈধ সোঁতিজাল ও খরাজাল। ফলে বর্ষায় উজান থেকে নেমে আসা কচুরিপানাও ভাটিতে যেতে পারছে না। এতে কৃষিজমি প্রস্তুতে বাড়তি ব্যয়ের পাশাপাশি পিছিয়ে যাচ্ছে চাষাবাদের মৌসুম।
পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় কমছে ভূগর্ভস্থ পানির স্তরও। পাবনার চাটমোহরের হান্ডিয়াল ইউনিয়নের কৃষক সানোয়ার হোসেন জানান, পানির স্তর নিচে নেমে যাওয়ায় শ্যালো মেশিনে ঠিকমতো পানি উঠছে না। এতে সেচ খরচ বাড়ছে এবং লোকসানের আশঙ্কায় চলনবিলে কমে যাচ্ছে বোরো আবাদ।
কমছে মাছের প্রজাতি, সংকটে জেলেরা
চলনবিলের জীববৈচিত্র্যেও পড়েছে বিরূপ প্রভাব। সিইজিআইএসের তথ্য অনুযায়ী, একসময় বিলটিতে ৮১ প্রজাতির মাছ পাওয়া গেলেও এখন টিকে আছে মাত্র ২৭টি। এর মধ্যে ১০টি প্রজাতি বিপন্ন। মাছের পরিমাণ ও প্রজাতি কমে যাওয়ায় বিলের ওপর নির্ভরশীল জেলেদের অনেকেই প্রায় কর্মহীন হয়ে পড়েছেন।
উন্নয়ন প্রকল্পে বাধাগ্রস্ত পানিপ্রবাহ
চলনবিল বাঁচাও আন্দোলনের তথ্য অনুযায়ী, ১৯১৪ সালে ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেললাইন নির্মাণের মধ্য দিয়ে প্রথম চলনবিল দ্বিখণ্ডিত হয়। এরপর ১৯৮০ সালে বাঘাবাড়ী-তাড়াশ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং ২০০১ সালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক নির্মাণের ফলে বিলের পানিপ্রবাহ আরও বাধাগ্রস্ত হয়।
১৯৯৫-৯৬ থেকে ২০০৯-১০ অর্থবছর পর্যন্ত ১৫ বছরে চলনবিল এলাকায় ১ হাজার ১৮৮ দশমিক ৫ কিলোমিটার পাকা সড়ক, ১১৩টি সেতু, ৮৫৫টি কালভার্ট, ৯০টি গ্রোথ সেন্টার ও ২১টি স্লুইসগেট নির্মাণ করা হয়েছে। এসব অবকাঠামো নির্মাণের ফলে বিলের স্বাভাবিক পানিপ্রবাহ বিভিন্ন স্থানে বাধার মুখে পড়েছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ।
নদীর উৎসে বাধা, সংকুচিত হচ্ছে পানির প্রবাহ
চলনবিলের পানিপ্রবাহের প্রধান উৎস বড়াল, গুমানী ও আত্রাই নদী। পদ্মা ও যমুনার পানি এসব নদ-নদীর মাধ্যমে বিলে প্রবেশ করে। চলনবিল বাঁচাও আন্দোলনের তথ্য অনুযায়ী, ১৯৬১ সালে ফারাক্কা বাঁধের কারণে বিলে পানির প্রবাহ কমতে শুরু করে। পরে ১৯৮৫ সালে বড়াল নদের উৎসমুখে রাজশাহীর চারঘাটে স্লুইসগেট নির্মাণের পর পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে ওঠে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণ নিয়েও উদ্বেগ
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের পরিকল্পনা নিয়েও উদ্বেগ জানিয়েছেন চলনবিল বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাতা এস এম মিজানুর রহমান।
তাঁর দাবি, যমুনা নদী হয়ে বর্ষার পানি চলনবিলে প্রবেশের উৎসমুখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ওই এলাকায় চলনবিলের তিন নদীর মোহনা রয়েছে। গুরুত্বপূর্ণ এ স্থানে বিশ্ববিদ্যালয়ের জন্য ৪২ ফুট উঁচু করে মাটি ভরাট করা হয়েছে। তাঁর আশঙ্কা, এতে চলনবিলের পানিপ্রবাহ আরও বাধাগ্রস্ত হবে।
সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাজমুল ইসলামের মতে, চলনবিল রক্ষায় কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষ বা অভিভাবক না থাকায় বিভিন্ন পক্ষের মধ্যে দখলের প্রতিযোগিতা চলছে। অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের কারণে ক্রমেই বিলটির জলাধার সংকুচিত হচ্ছে।
বাংলাদেশ হাওর উন্নয়ন বোর্ডের রাজশাহী বিভাগীয় প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, পরিবেশগত ঝুঁকি বিবেচনায় না নেওয়া, দূরদর্শিতার অভাব ও সমন্বয়হীনতার কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলনবিলকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। বিলটি পুনরুদ্ধারে নদী ও খাল খননে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সব অবৈধ দখল উচ্ছেদ করতে হবে।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, চলনবিলের বিস্তীর্ণ এলাকায় অবৈধ দখল ও পানিপ্রবাহে বাধা সৃষ্টির খবর পেলেই অভিযান চালানো হয়। তবে শুধু আইন প্রয়োগ করে এ প্রাকৃতিক সম্পদ রক্ষা করা সম্ভব নয়। এ জন্য উপকারভোগী জনগোষ্ঠীসহ সবার সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সব মিলিয়ে নদী-খাল পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ, পানিপ্রবাহের স্বাভাবিক পথ ফিরিয়ে আনা এবং পরিবেশগত প্রভাব বিবেচনায় উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপরই নির্ভর করছে চলনবিলের ভবিষ্যৎ।
কালের আলো/এএইচ/এমএসআইপি
