Kaler Alo
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ঝিনাইদহ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ১১:৪৮ এএম

তিন মাসে ঝিনাইদহে ৯০ জনের আত্মহত্যা, নারীর সংখ্যা দ্বিগুণ

ঝিনাইদহ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ১১:৪৮ এএম

তিন মাসে ঝিনাইদহে ৯০ জনের আত্মহত্যা, নারীর সংখ্যা দ্বিগুণ

ঝিনাইদহে গত তিন মাসে আত্মহত্যা করেছেন ৯০ জন। তাঁদের মধ্যে ৬০ জন নারী ও ৩০ জন পুরুষ। অর্থাৎ আত্মহত্যার ঘটনায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা দ্বিগুণ। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলার ছয়টি উপজেলায় গলায় ফাঁস ও বিষপানে এসব আত্মহত্যার ঘটনা ঘটেছে।

মহেশপুর আরডিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, তিন মাসে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলায়। এ উপজেলায় ২৬ জন আত্মহত্যা করেছেন। তাঁদের মধ্যে পাঁচজন পুরুষ ও ২১ জন নারী।

দ্বিতীয় অবস্থানে রয়েছে শৈলকুপা উপজেলা। সেখানে আত্মহত্যা করেছেন ২১ জন। তাঁদের মধ্যে সাতজন পুরুষ ও ১৪ জন নারী। তৃতীয় অবস্থানে থাকা মহেশপুর উপজেলায় আত্মহত্যা করেছেন ১৪ জন। সেখানে নারী ও পুরুষের সংখ্যা সমান, সাতজন করে।

উপজেলাভিত্তিক পরিসংখ্যান

জেলার অন্যান্য উপজেলায়ও আত্মহত্যার ঘটনা ঘটেছে। হরিণাকুণ্ডু উপজেলায় ১২ জনের মধ্যে চারজন পুরুষ ও আটজন নারী আত্মহত্যা করেছেন। কালীগঞ্জে ১১ জনের মধ্যে পাঁচজন পুরুষ ও ছয়জন নারী এবং কোটচাঁদপুরে ছয়জনের মধ্যে দুইজন পুরুষ ও চারজন নারী আত্মহত্যা করেছেন।

আত্মহত্যার পেছনে নানা কারণ

মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, মাদকাসক্তি, বেকারত্ব, মানসিক সমস্যা, পারিবারিক অশান্তি, প্রেমে ব্যর্থতা ও পরকীয়াসহ নানা কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। এ ছাড়া শিক্ষার হার কম এবং বাল্যবিবাহের হার বেশি হওয়াও এ প্রবণতার পেছনে ভূমিকা রাখতে পারে।

প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান

ঝিনাইদহের স্থানীয় মানবাধিকার সংগঠন আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান বলেন, আত্মহত্যা প্রতিরোধে সরকারি-বেসরকারি সব সংস্থাকে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়।

তিনি জানান, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় ও সিভিল সার্জনের কার্যালয়ের সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

জেলার তিন মাসের এই পরিসংখ্যান আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা, পারিবারিক সচেতনতা এবং সামাজিক সহায়তা কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!