বর্ষা এলেই পিরোজপুরের নাজিরপুর ও পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার বিস্তীর্ণ এলাকা ডুবে যায় পানিতে। প্রায় ছয় মাস জলাবদ্ধ থাকায় প্রচলিত পদ্ধতিতে জমিতে সবজি চাষ ও চারা উৎপাদন কঠিন হয়ে পড়ে। তবে পানিকে বাধা নয়, চাষাবাদের মাধ্যম হিসেবে কাজে লাগিয়ে কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করেছেন স্থানীয় কৃষকেরা। কচুরিপানা দিয়ে ভাসমান বেড তৈরি করে সেখানে উৎপাদন করছেন নানা ধরনের সবজি ও চারা। প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী এই কৃষিপদ্ধতিকে ঘিরে প্রতিবছর প্রায় ১০ কোটি টাকার অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠেছে।
এই কৃষিকাজে পুরুষদের পাশাপাশি যুক্ত হয়েছেন গ্রামের নারীরাও। সরাসরি প্রায় ছয় হাজার কৃষক এ পেশার সঙ্গে সম্পৃক্ত। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার অনন্য এই পদ্ধতি আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে।
কচুরিপানার বেডে সবজি ও চারা উৎপাদন
পিরোজপুর শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবরা ইউনিয়নের বৈঠাকাটা বাজারসংলগ্ন মুগারঝোর গ্রামে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ ভাসমান কৃষি ও সবজির চারা উৎপাদনকেন্দ্র। এ ছাড়া নাজিরপুরের কলারদোয়ানিয়া, মালীখালী এবং নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামেও বিস্তৃত হয়েছে এ কৃষিপদ্ধতি।
ভাসমান বেড তৈরির জন্য বর্ষার শুরুতে খাল-বিল থেকে কচুরিপানা সংগ্রহ করে পচানো হয়। পরে কয়েক স্তরে সাজিয়ে ২ থেকে ৩ ফুট পুরু এবং ৫০ থেকে ১০০ ফুট লম্বা ধাপ তৈরি করা হয়। এসব বেডে শসা, লাউ, মিষ্টিকুমড়া, বরবটি, করলা, টমেটো, চালকুমড়া ও বেগুনের বীজ বপন করে চারা উৎপাদন করা হয়। পাশাপাশি লালশাক, পালংশাক, ডাঁটাশাক ও পুঁইশাকও চাষ করেন কৃষকেরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতিবছর মৌসুমে ভাসমান বেডে প্রায় এক কোটি বিভিন্ন জাতের সবজির চারা উৎপাদিত হয়। এসব চারা বিক্রি করে আয় হয় প্রায় ১০ কোটি টাকা। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত চলে উৎপাদন ও বেচাকেনা। পিরোজপুরের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা-উপজেলায় এসব চারা ও তাজা সবজি সরবরাহ করা হয়। দক্ষিণাঞ্চলের বাইরেও উত্তরাঞ্চল থেকে কৃষকেরা এখানে চারা কিনতে আসেন।
কৃষিকাজে যুক্ত হচ্ছেন গ্রামের নারীরাও
ভাসমান কৃষির গুরুত্বপূর্ণ একটি অংশ সামলান গ্রামের নারীরা। পুরুষেরা যখন জলাশয়ে বেড তৈরি ও যাতায়াতের কাজে ব্যস্ত থাকেন, তখন নারীরা লতা সংগ্রহ, ম্যাদা তৈরি, বীজ বপন এবং চারার পরিচর্যা করেন। বাড়ির আশপাশে কিংবা জলাভূমির কাছে বসেই চলে তাঁদের এসব কাজ।
কচুরিপানা, দুলালীলতা, শ্যাওলা, টেপপানা ও গুঁড়িপানাসহ বিভিন্ন জলজ উদ্ভিদ এবং খড়কুটা দিয়ে ছোট ছোট গোলাকার বিড়া বা দোলনা তৈরি করেন নারীরা। এর মধ্যে মাটি ও পচাপাতা দিয়ে বীজের অঙ্কুরোদ্গম ঘটানো হয়। পরে চারা বড় করা, পোকামাকড় দূর করা এবং ভাসমান বেডে বসানোর উপযোগী করার কাজও করেন পরিবারের নারী ও কিশোরীরা।
তবে এই শ্রমের বিনিময়ে তাঁদের আয় তুলনামূলক কম। বলদিয়া গ্রামের নারী শ্রমিক মিনারা বেগম বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করে তিনি মাত্র ২০০ টাকা মজুরি পান। এক হাজার ম্যাদা তৈরি করে পাওয়া যায় ১৫০ টাকা। এত কম আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। নারীদের অন্য কাজের সুযোগ না থাকায় তাঁরা এ পেশায় যুক্ত রয়েছেন। তাঁদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে কাজের মান ও দক্ষতা বাড়ত।
২০০ বছরের ঐতিহ্যে আন্তর্জাতিক স্বীকৃতি
স্থানীয় কৃষকদের ভাষ্য অনুযায়ী, এ অঞ্চলে ভাসমান চাষাবাদের ইতিহাস প্রায় ২০০ বছরের পুরোনো। প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থানীয় কৃষকেরা অভিজ্ঞতা ও নিজস্ব কৌশল কাজে লাগিয়ে এই পদ্ধতি টিকিয়ে রেখেছেন।
২০১৫ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) নাজিরপুর ও নেছারাবাদের এই কৃষিপদ্ধতিকে ‘গ্লোবাল ইম্পর্ট্যান্ট এগ্রিকালচারাল হেরিটেজ সিস্টেম’ (জিআইএএইচএস) বা বিশ্ব গুরুত্বপূর্ণ কৃষি ঐতিহ্য পদ্ধতি হিসেবে স্বীকৃতি দেয়। জলাবদ্ধ এলাকার কৃষিকে সচল রাখার পাশাপাশি পরিবেশ ও জলবায়ুর সঙ্গে অভিযোজনের উদাহরণ হিসেবেও এটি গুরুত্বপূর্ণ।
বৈঠাকাটা হাট ঘিরে জমজমাট বাণিজ্য
ভাসমান কৃষিকে কেন্দ্র করে নাজিরপুরের বৈঠাকাটা হাটেও গড়ে উঠেছে জমজমাট বাজার। শনিবার ও মঙ্গলবার বসা এই হাটে ভোর থেকেই নদীর বুকে সারি সারি নৌকায় চলে জলজ উদ্ভিদ কেনাবেচা। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে বিক্রেতারা নৌকায় করে শ্যাওলা ও অন্যান্য উপকরণ নিয়ে আসেন। কৃষকেরা এসব কিনে ভাসমান বেড তৈরির কাজে ব্যবহার করেন।
হাটে শ্যাওলা বিক্রি করতে আসা বাগেরহাটের চিতলমারীর আরমান খান বলেন, তিনি চিতলমারী থেকে শ্যাওলা এনে বিক্রি করেন। প্রতি কুড়ি শ্যাওলা ১৬০ থেকে ৩২০ টাকায় বিক্রি হয়। ভালো দিনে আট থেকে নয় হাজার টাকার শ্যাওলা বিক্রি করতে পারেন। তবে বাজার খারাপ থাকলে বিক্রি কমে যায়। শ্যাওলা কিনতে আসা আব্দুল কাইউম মোল্লা জানান, ভাসমান বেড তৈরি করে বিভিন্ন ধরনের সবজি ও চারা উৎপাদনের জন্য তিনি শ্যাওলা কিনতে এসেছেন।
চারা উৎপাদন থেকে গড়ে উঠেছে অর্থনৈতিক বলয়
দেউলবাড়ী দোবরা ইউনিয়নের মুগারঝোর গ্রামের কৃষক আসলাম ফকির গত সাত থেকে আট বছর ধরে ভাসমান বেড তৈরি ও সবজির চারা উৎপাদন করছেন। নিজের কাজের পাশাপাশি গ্রামের অসচ্ছল ও কর্মহীন মানুষদেরও এ কাজে যুক্ত করেছেন। তাঁর উদ্যোগে বর্তমানে অনেকেই কাজ করছেন।
আসলাম ফকির বলেন, এলাকায় অনেক অসহায় পরিবার রয়েছে। তাঁদের ভাসমান পদ্ধতিতে চারা উৎপাদনের কাজে যুক্ত করতে চান তিনি। এ জন্য বিনা সুদে ঋণ প্রয়োজন। সরকার এ ধরনের ঋণের ব্যবস্থা করলে বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
চারা বিক্রির সঙ্গেও যুক্ত হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। পিরোজপুরের কাউখালী বাজারের সবজির চারা বিক্রেতা মান্নান বেপারী জানান, তিনি নাজিরপুরের ভাসমান বেড থেকে প্রতিটি চারা পাঁচ থেকে সাত টাকায় কিনে আনেন। পরে বাজারের দিনে বিভিন্ন জাতের চারা ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি করেন।
চারা উৎপাদনকারী কৃষক থেকে শুরু করে পাইকার, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও খুচরা বিক্রেতা—সব মিলিয়ে এ কৃষিকে কেন্দ্র করে বিস্তৃত অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হয়েছে। জাত, আকার, চাহিদা ও বাজারের ওপর নির্ভর করে চারার দাম ওঠানামা করে। পরিবহনসহ অন্যান্য খরচ বাদ দিয়ে বিক্রেতারা লাভ করেন।
সহযোগিতা বাড়ানোর দাবি কৃষকদের
স্থানীয় কৃষকদের মতে, ভাসমান কৃষিকে আরও লাভজনক করতে সরকারি-বেসরকারি সহযোগিতা বাড়ানো প্রয়োজন। দূর-দূরান্তে চারা ও পচনশীল সবজি সরবরাহের জন্য উন্নত পরিবহন ও সংরক্ষণব্যবস্থা গড়ে তোলা জরুরি। পাশাপাশি মৌসুমি মূলধনের সংকট কাটাতে সহজ শর্তে স্বল্প সুদে বা সুদমুক্ত ঋণ এবং আধুনিক বীজ সংরক্ষণ ও প্রাকৃতিক কীটনাশক ব্যবহারে প্রশিক্ষণ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, নাজিরপুর ও নেছারাবাদের ভাসমান বেডে উৎপাদিত সবজির চারা খুলনা, যশোর, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। কৃষি অফিস থেকে এ পেশার সঙ্গে যুক্ত কৃষকদের নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।
কালের আলো/এসএ/ইএকে
