জন্মের দেড় বছর বয়সে দত্তক হয়ে বাংলাদেশ ছেড়েছিলেন সেলিনা গোমেজ। এরপর কেটে গেছে দীর্ঘ ৪৫ বছর। নেদারল্যান্ডসে বেড়ে ওঠা ৪৬ বছর বয়সী সেলিনা এবার ফিরে এসেছেন জন্মভূমিতে। উদ্দেশ্য একটাই—খুঁজে পাওয়া জন্মদাতা মা-বাবা ও পরিবারের সদস্যদের। শৈশবের স্মৃতি মনে না থাকলেও পুরোনো নথিতে পাওয়া নাম ও জন্মস্থানের সূত্র ধরে আপনজনদের সন্ধান করছেন তিনি।
সেলিনার জন্ম কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায়। গত ২৮ অক্টোবর বাংলাদেশে আসার পর থেকে মালুমঘাট, খুটাখালীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরছেন তিনি। হাতে লিফলেট নিয়ে মানুষের কাছে জানতে চাইছেন নিজের পরিবারের পরিচয় ও ঠিকানা। স্বজনদের সঙ্গে একবার দেখা হওয়ার আশায় স্থানীয়দের সহযোগিতাও চেয়েছেন তিনি।
পুরোনো নথিতে পাওয়া মা-বাবার নাম
সেলিনার পাসপোর্টের তথ্য অনুযায়ী, ১৯৮১ সালের ৭ জুলাই দেড় বছর বয়সে একটি ডাচ পরিবার তাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে নিয়ে যায়। পুরোনো নথিপত্র ঘেঁটে তিনি জানতে পেরেছেন, তার জন্মদাতা মায়ের নাম হেলেনা গোমেজ এবং বাবার নাম বেনেডি গোমেজ।
ইংরেজিতে কথা বলা সেলিনা নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি আমার মা-বাবাকে খুঁজছি। তাদের খুব মিস করি। তাদের মনে করতে পারি না, তবে জানি আমার মায়ের নাম হেলেনা গোমেজ এবং বাবার নাম বেনেডি গোমেজ। নেদারল্যান্ডসে আমি নিজেকে একা অনুভব করি। আশা করি, মা-বাবা ও পরিবারের সদস্যদের খুঁজে পাব।’
নিজের জন্মপরিচয় সম্পর্কে সেলিনা জানান, জন্মের পর একজন নারী তাকে দেড় বছর বয়সে ঢাকায় নিয়ে যান। পরে সেখান থেকে একটি ডাচ পরিবার তাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে নিয়ে যায়। সেই পরিবারের আদর-যত্নেই তার বেড়ে ওঠা। তবে নিজের জন্মদাতা পরিবারের সঙ্গে আবারও মিলিত হওয়ার আকাঙ্ক্ষা কখনো হারিয়ে যায়নি।
শৈশবের ছবি ও পাসপোর্টই ভরসা
পরিবারের সন্ধানে সেলিনার কাছে রয়েছে শৈশবের একটি ছবি এবং নেদারল্যান্ডসে যাওয়ার সময়কার পাসপোর্টের ফটোকপি। এসব নথি সঙ্গে নিয়েই বিভিন্ন এলাকায় যাচ্ছেন তিনি। মানুষের কাছে নিজের জন্মস্থান ও মা-বাবার নাম জানিয়ে স্বজনদের খোঁজ করছেন।
সেলিনার ভ্রমণ সহকারী রাসেল আলম জানান, জন্মদাতা পরিবারের সন্ধানে এর আগেও একাধিকবার বাংলাদেশে এসেছেন সেলিনা। এবার তিনি আরও ১০ থেকে ১৫ দিন বাংলাদেশে অবস্থান করবেন। এ সময় তারা একসঙ্গে চকরিয়াসহ বিভিন্ন এলাকায় পরিবারের সদস্যদের খোঁজ চালাবেন।
পরিবারের সন্ধান পেতে সহযোগিতার অনুরোধ
সেলিনা গোমেজের জন্মদাতা মা-বাবা, আত্মীয়স্বজন কিংবা পরিবারের বিষয়ে কারও কাছে নির্ভরযোগ্য তথ্য থাকলে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন রাসেল আলম।
কেউ তার পরিবারের সন্ধান পেলে অথবা পরিবারের কোনো সদস্যের কাছে সেলিনার বাংলাদেশে ফিরে আসার খবর পৌঁছে দিতে পারলে ০১৭১৮-৬০৪৩৪৭ নম্বরে ফোন করতে পারেন। এ ছাড়া findfamily1402@gmail.com ঠিকানায় ই-মেইল করেও তথ্য জানানো যাবে।
৪৫ বছর আগে যে দেশ ছেড়ে গিয়েছিলেন, সেই বাংলাদেশেই এখন আপনজনদের খুঁজে ফিরছেন সেলিনা। জন্মদাতা মা-বাবার মুখ মনে নেই, জানা নেই পরিবারের অন্য সদস্যদের পরিচয়ও। তবু পুরোনো নথিতে পাওয়া কয়েকটি সূত্র আর স্বজনদের সঙ্গে দেখা হওয়ার প্রত্যাশা নিয়েই তার এই অনুসন্ধান।
কালের আলো/এসএ/জেএন
