ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বর ও আশপাশের এলাকায় সড়কের পাশে একের পর এক বিশাল আকৃতির বিলবোর্ড নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে কয়েকটি স্থাপন করা হয়েছে ফুটপাত ঘেঁষে। এসব বিলবোর্ডের ওপরের অংশ ঝুলে রয়েছে মূল সড়কের ওপর। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। ঝুঁকি নিয়েই বিলবোর্ডগুলোর নিচ দিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহনের চালকেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা গোলচত্বর ও আশপাশের এলাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০টি বিলবোর্ড রয়েছে। অধিকাংশ বিলবোর্ড নির্মাণ করা হয়েছে সড়কের পাশের খাদে কিংবা বিভিন্ন ভবনের ছাদে। তবে সম্প্রতি কয়েকটি বিলবোর্ড সড়কের ফুটপাত ঘেঁষে স্থাপন করায় সেগুলোর ওপরের অংশ মূল সড়কের ওপর ঝুলে আছে। এতে পথচারী ও যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।
ঝড়ে ভেঙে পড়েছিল দুটি বিলবোর্ড
স্থানীয়দের দাবি, কিছুদিন আগে গোলচত্বরসংলগ্ন এলাকায় ঝড়ে দুটি বিলবোর্ড ভেঙে পড়ে। সৌভাগ্যক্রমে সেগুলো সড়কের পাশের খাদে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে বর্তমানে সড়কের ওপর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বিলবোর্ডগুলো ঝড়ে ভেঙে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দা নাঈম বলেন, সড়কের পাশে যেভাবে একের পর এক বিশাল আকৃতির বিলবোর্ড নির্মাণ করা হচ্ছে, তাতে ঝড় হলে সেগুলো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। কোনো বিলবোর্ড সড়কের ওপর পড়ে গেলে পথচারী কিংবা যানবাহনের বড় ধরনের ক্ষতি হতে পারে।
আরেক বাসিন্দা প্রিতম বলেন, কিছুদিন আগে ঝড়ে গোলচত্বরের পাশে দুটি বিলবোর্ড ভেঙে পড়েছিল। সেগুলো রাস্তার পাশের খাদে পড়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু বর্তমানে ফুটপাত ঘেঁষে নির্মিত বিলবোর্ডগুলোর ওপরের অংশ সড়কের ওপর চলে এসেছে। এগুলো ভেঙে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
বিলবোর্ডের নিচ দিয়ে গাড়ি চালাতে ভয়
যানবাহন চালক রিয়াজ বলেন, সড়কের ওপর যেভাবে বিলবোর্ড স্থাপন করা হয়েছে, তাতে এসব সড়ক দিয়ে গাড়ি চালাতে ভয় লাগে। কোনো বিলবোর্ড ভেঙে গাড়ির ওপর পড়লে যানবাহনের ক্ষতির পাশাপাশি মানুষের প্রাণহানির আশঙ্কাও রয়েছে।
যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ভাঙ্গা পৌরসভার আওতাধীন সড়কের পাশে ও বিভিন্ন ভবনের ওপর স্থাপিত বিলবোর্ড থেকে পৌরসভা কর আদায় করে থাকে। তবে কোনো বিলবোর্ড মানুষের চলাচলে বাধা সৃষ্টি করলে কিংবা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলে সেগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কালের আলো/এসএ/এএইচ
