Kaler Alo
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কুড়িগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ১২:৫৬ পিএম

৩ টাকার লাউও কিনছে না কেউ, পথে বসার শঙ্কায় কৃষক

কুড়িগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ১২:৫৬ পিএম

৩ টাকার লাউও কিনছে না কেউ, পথে বসার শঙ্কায় কৃষক

কখনো যে লাউ বিক্রি হতো ৩০ থেকে ৪০ টাকায়, সেই লাউ এখন বিক্রি হচ্ছে মাত্র ৩ থেকে ৪ টাকায়। তাতেও মিলছে না ক্রেতা। উৎপাদন খরচ তো দূরের কথা, অনেক কৃষকের উঠছে না পরিবহণ ব্যয়ও। বাধ্য হয়ে কেউ জমির পাশের সড়কে লাউ সাজিয়ে বিক্রির চেষ্টা করছেন, আবার কেউ ক্রেতার অপেক্ষায় থেকে মাঠেই পচতে দেখছেন নিজের পরিশ্রমের ফসল।

এমন করুণ পরিস্থিতি তৈরি হয়েছে কুড়িগ্রামের লাউ চাষিদের মধ্যে। গত বছর ভালো দাম পাওয়ায় এবার বেশি জমিতে লাউ চাষ করেছিলেন তাঁরা। জমি ভাড়া, বীজ, সার, কীটনাশক ও মাচা তৈরিতে বিনিয়োগ করেছিলেন হাজার হাজার টাকা। কিন্তু ফলন ভালো হলেও বাজারে দাম না থাকায় এখন বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। অনেকের পুঁজি শেষ হয়ে যাওয়ায় পরবর্তী ফসল আবাদ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

২০ হাজার টাকা খরচ, বিক্রি মাত্র ২০০ টাকা
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের কৃষক ফিরোজ আলমের ২০ শতক জমিতে লাউ চাষ করতে খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। জমি চাষ, চারা সংগ্রহ, সার, কীটনাশক ও মাচা তৈরিতে এই অর্থ ব্যয় করেছেন তিনি। অথচ এখন পর্যন্ত উৎপাদিত লাউ বিক্রি করে পেয়েছেন মাত্র ২০০ টাকা।

নিজের লোকসানের কথা জানিয়ে ফিরোজ আলম বলেন, কয়েক দিন আগে কুড়িগ্রাম জিয়া বাজারের আড়তে ৩৬টি লাউ বিক্রি করেছেন মাত্র ১১০ টাকায়। এতে কোনোরকমে পরিবহণ খরচ মিটলেও যাতায়াত খরচ ওঠেনি। তাঁর ধারণা, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় লাউয়ের আবাদ বেশি হয়েছে। ফলে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে গেছে।

লাখ টাকা বিনিয়োগ, বিক্রি মাত্র চার হাজার
একই গ্রামের কৃষক খন্দকার এনামুল হকের লোকসানের চিত্র আরও ভয়াবহ। ৮০ শতক জমিতে লাউ চাষ করতে তাঁর খরচ হয়েছে লক্ষাধিক টাকা। অথচ এ পর্যন্ত লাউ বিক্রি করে পেয়েছেন মাত্র চার হাজার টাকা। পাইকারি বাজারে প্রতি পিস লাউ বিক্রি করতে হচ্ছে ৩ থেকে ৪ টাকায়।

পরিবহণ খরচ বাঁচাতে এখন জমির পাশের সড়কে লাউ তুলে রেখে প্রতি পিস পাঁচ টাকা দরে বিক্রির চেষ্টা করছেন তিনি। পথচারীদের কেউ কেউ কিনলেও চাহিদা খুবই কম। ফলে অনেক লাউ অবিক্রীত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে।

কান্নাজড়িত কণ্ঠে এনামুল বলেন, তাঁর সব পুঁজি শেষ হয়ে গেছে। ধারদেনাও রয়েছে। তিন সন্তানের লেখাপড়ার খরচ চালাতে পারছেন না। সামনে কীভাবে সংসার চালাবেন, তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

৩০-৪০ টাকার লাউ এখন ক্রেতাহীন
রাজারহাট উপজেলার দেবালয় গ্রামের কৃষক বাবুল মিয়ার অবস্থাও একই। তিনি জানান, গত বছর জমি থেকেই প্রতি পিস লাউ ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করতে পেরেছিলেন। সেই ভালো দামের আশায় এবার ৩০ শতক জমিতে লাউ চাষ করেন। কিন্তু এবার উৎপাদিত লাউ কেনার মতো ক্রেতাই পাচ্ছেন না।

একই গ্রামের সুরুজ মিয়াসহ অনেক কৃষক পড়েছেন লোকসানের মুখে। তাঁদের কেউ কেউ প্রতি একর জমি ৪০ হাজার টাকা পর্যন্ত ভাড়া নিয়ে লাউ চাষ করেছেন। কিন্তু উৎপাদিত ফসলের দাম না পাওয়ায় এখন ঋণের বোঝা বাড়ছে।

পরবর্তী ফসল আবাদ নিয়েও অনিশ্চয়তা
লাউ চাষ শেষে আগাম আলু আবাদ করার পরিকল্পনা ছিল অনেক কৃষকের। কিন্তু লাউ বিক্রি করে বিনিয়োগের টাকা ফেরত না পাওয়ায় সেই পরিকল্পনাও ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নতুন করে বীজ, সার ও জমি প্রস্তুতের খরচ জোগাড় করতে না পেরে অনেকেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

কৃষকদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে, কারণ জমিতে ফলন থাকলেও তা বিক্রি করে নগদ অর্থ পাওয়া যাচ্ছে না। ফলে একদিকে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা, অন্যদিকে ঋণ পরিশোধ ও পরিবারের খরচ চালানোর চাপ—সব মিলিয়ে সংকটে পড়েছেন তাঁরা।

সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে দাম: কৃষি বিভাগ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মিঠু চন্দ্র অধিকারী বলেন, গত বছর লাউয়ের দাম ভালো পাওয়ায় এ বছর কৃষকেরা বেশি পরিমাণে লাউ চাষ করেছেন। এ কারণে বাজারে সরবরাহ বেড়ে গিয়ে দাম কমে গেছে।

তিনি জানান, ভালো দাম পাওয়ার জন্য কৃষকদের আগাম সবজি চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। বাজারের চাহিদা ও উৎপাদনের সময় বিবেচনায় নিয়ে ফসল আবাদ করলে কৃষকেরা তুলনামূলক ভালো দাম পেতে পারেন।

সব মিলিয়ে কুড়িগ্রামের লাউ চাষিদের বর্তমান পরিস্থিতি কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনার একটি বড় চ্যালেঞ্জ সামনে এনেছে। উৎপাদন বাড়লেও বাজারে চাহিদার সঙ্গে সামঞ্জস্য না থাকলে কৃষককে লোকসান গুনতে হচ্ছে। মাঠপর্যায়ে উৎপাদনের পরিকল্পনার পাশাপাশি বাজারের চাহিদা অনুযায়ী আবাদ, সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। তা না হলে ভালো ফলনও কৃষকের জন্য আশীর্বাদের বদলে আর্থিক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে।

কালের আলো/এসএ/ইএকে

Link copied!