হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামের প্রবেশপথে প্রায় ৭০ বছর আগে নির্মিত একটি ব্রিজ এখন স্থানীয়দের জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্রিজটির বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। নিচের কংক্রিটের ঢালাই খসে বেরিয়ে এসেছে ক্ষয়ে যাওয়া লোহার রড। এমন পরিস্থিতিতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে চলাচল করেন। যাতায়াতকারীদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার সময় দুর্ভোগ আরও বেড়ে যায়।
গ্রামবাসীরা জানান, রামেশ্বর গ্রামের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। কিন্তু ব্রিজটির বেহাল অবস্থার কারণে উৎপাদিত ফসল বাজারে নেওয়া কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি সার, বীজসহ কৃষি উপকরণ পরিবহনেও বাধার সৃষ্টি হচ্ছে। ভারী ও মালবাহী যানবাহন গ্রামে প্রবেশ করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষিনির্ভর মানুষ।
স্থানীয় বাসিন্দা আঃ হাফিজ বলেন, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ব্রিজটি ব্যবহার করতে হচ্ছে তাদের। নিচের ঢালাই ভেঙে রড বেরিয়ে গেছে। প্রতিদিন শিক্ষার্থীসহ হাজারো মানুষ এই ব্রিজ পারাপার হন। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই দুর্ঘটনা ঘটার আগেই ব্রিজটি পুনর্নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ চান তিনি।
আরেক বাসিন্দা মো. ফিরোজ তালুকদার বলেন, গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। ব্রিজের কারণে কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবি জানান তিনি।
এদিকে ব্রিজটির ঝুঁকিপূর্ণ অবস্থা তুলে ধরে রামেশ্বর গ্রামবাসীর পক্ষ থেকে বর্তমান সংসদ সদস্যের কাছে আবেদন করা হয়েছে। আবেদনে জরুরি ভিত্তিতে পুরোনো ব্রিজটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে এলজিইডির প্রকৌশলী শামস জাভেদ বলেন, ব্রিজটির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। পুনর্নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানোসহ প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হবে।
কালের আলো/আরডি/এমডিএইচ
