জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক ও এক যাত্রী আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২০), তাঁদের আট মাস বয়সী শিশু সন্তান রিফা এবং মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখন (৪৫)।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. মাহমুদুল হক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মেলান্দহ উপজেলার শিমুলতলী থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। পথে বুরুঙ্গা এলাকায় জামালপুরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখন ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এরপর ট্রাকটি পেছন থেকে যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের মোর্শেদ আলম, তাঁর স্ত্রী ইকরামা ও তাঁদের আট মাস বয়সী শিশু রিফা ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। তাঁদের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অটোরিকশাচালক হযরত আলী (৪২) ও যাত্রী শাকিল (১৬) আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মেলান্দহ থানার ওসি এ.টি.এম. মাহমুদুল হক বলেন, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কালের আলো/এম/এএইচ
