Kaler Alo
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ১১:০৩ এএম

সড়ক উদ্বোধন ঘিরে জামায়াত-বিএনপি নেতার পাল্টাপাল্টি বক্তব্য

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ১১:০৩ এএম

সড়ক উদ্বোধন ঘিরে জামায়াত-বিএনপি নেতার পাল্টাপাল্টি বক্তব্য

একই সড়ক, একই দিন, অথচ উদ্বোধন করেছেন দুই রাজনৈতিক নেতা। সকালে ফিতা কেটে সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন বর্তমান সংসদ সদস্য ও জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল। কয়েক ঘণ্টার ব্যবধানে বিকেলে একই সড়কে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠান করেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী একটি সড়ক ঘিরে দুই নেতার এমন পাল্টাপাল্টি উদ্বোধন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

সড়কটি সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী বিওপি ক্যাম্প থেকে ফরিদপুর বিওপি ক্যাম্প পর্যন্ত বিস্তৃত। তিন কিলোমিটার ৫৫০ মিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৫৩১ টাকা। সড়কটি নির্মিত হলে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি সহজ হবে। পাশাপাশি পদ্মা নদীতীরবর্তী সীমান্ত এলাকার মানুষের যাতায়াতেও সুবিধা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সকালে উদ্বোধন করেন জামায়াতের সংসদ সদস্য
রবিবার (১ নভেম্বর) সকালে সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। একই দিন বিকেলে সেখানে গিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন ওই আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ। সকালের অনুষ্ঠানে এলজিইডির নামসংবলিত ব্যানার থাকলেও বিকেলের অনুষ্ঠানে তা দেখা যায়নি। তবে দুই অনুষ্ঠানেই এলজিইডির কর্মকর্তা ও ঠিকাদার উপস্থিত ছিলেন।

বুলবুলের বক্তব্যে হারুনকে একসঙ্গে কাজের আমন্ত্রণ
সকালে উদ্বোধনের পর মতবিনিময় সভায় হারুনুর রশীদকে উদ্দেশ করে নুরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জে যেসব ভালো কাজ হবে, সেগুলোর উদ্বোধনে তিনি চাইলে তাঁর সঙ্গে থাকতে পারেন। জেলা উন্নয়নে সবাইকে নিয়ে সহযোগিতা ও সহমর্মিতার ভিত্তিতে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

বুলবুল বলেন, হারুনুর রশীদ জেলা পরিষদের প্রশাসক হিসেবে যে বরাদ্দ পাবেন, তা কোন খাতে ব্যয় হচ্ছে বা হবে, সে বিষয়ে সংসদ সদস্য হিসেবে তাঁর খোঁজখবর নেওয়ার দায়িত্ব রয়েছে। জেলা পরিষদের উপদেষ্টা হিসেবে এ ধরনের তদারকি তাঁর দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বুলবুল বলেন, তাঁর কোনো কাজের দিকে তাকানো হারুনুর রশীদের দায়িত্ব নয়।

বিকেলে বুলবুলকে কটাক্ষ হারুনুর রশীদের
অন্যদিকে, বিকেলের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বর্তমান সংসদ সদস্যকে উদ্দেশ করে হারুনুর রশীদ বলেন, এলাকায় আরও অনেক কাঁচা রাস্তা রয়েছে। সেগুলোর উন্নয়নে সংসদ সদস্যকে বরাদ্দ এনে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মানুষ উন্নয়ন চায়, আরও কাজ চায়। তবে বক্তব্য দেওয়ার সময় সতর্ক থাকার কথাও বলেন হারুনুর রশীদ। তাঁর ভাষায়, উল্টাপাল্টা কথা বললে জনগণ ব্যবস্থা নেবে। একপর্যায়ে বুলবুলকে কটাক্ষ করে হারুনুর রশীদ বলেন, ‘এরকম ছ্যাঁচড়া এমপি আমি দেখিনি।’ সড়কটি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ছিল এবং এটি বাস্তবায়নে তাঁরও অনেক সহযোগিতা ছিল বলে দাবি করেন তিনি।

আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি, বলছে এলজিইডি
সড়ক নির্মাণের ঠিকাদার মো. সেলিম রেজা জানান, বর্তমান ও সাবেক সংসদ সদস্যের দুই অনুষ্ঠানেই তিনি উপস্থিত ছিলেন। তবে এ নিয়ে তাঁদের বিশেষ কোনো কার্যক্রম ছিল না। সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি প্রকল্প পরিদর্শন বা তদারকিতে এলে ঠিকাদার হিসেবে তাঁদের উপস্থিত থাকতে হয়। সে কারণেই দুই অনুষ্ঠানে ছিলেন তিনি।

এদিকে, এলজিইডির পক্ষ থেকে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়নি বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আজহারুল ইসলাম। তিনি বলেন, আনুষ্ঠানিক উদ্বোধন হলে সেখানে ফলক স্থাপন করা হতো। কিন্তু সড়কটিতে কোনো ফলক স্থাপন করা হয়নি। তাঁর ভাষ্য, বর্তমান ও সাবেক সংসদ সদস্য দুজনই মূলত প্রকল্পের তদারকির কাজে সেখানে গিয়েছিলেন। চলতি বছরের ডিসেম্বরেই প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এলজিইডি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশীদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!