ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেছেন, ফ্যাসিবাদী দলের পুনর্বাসন জনগণ চায় না। দলীয় ও রাষ্ট্রীয়ভাবে গণহত্যা চালানো কোনো রাজনৈতিক দলের আবারও রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি একাত্তর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষে ভূমিকা রেখেছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপি ফ্যাসিবাদকে হটিয়েছে। যে দল দলীয় ও রাষ্ট্রীয়ভাবে দেশে গণহত্যা চালিয়েছে, তাদের পুনর্বাসনের প্রশ্নই আসে না। শুধু সরকার নয়, দেশের জনগণও তাদের ফিরে আসার সুযোগ দেবে না।
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে তিনি আরও বলেন, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ এবং রাস্তাঘাট পাকা করার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন পাইলট প্রকল্প বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হয়েছে।
এর আগে দুপুর ১২টার দিকে জেলা পরিষদের আয়োজনে পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র্যালিতে যোগ দেন।
কালের আলো/এম/এএইচ
