প্লাস্টিক ছাড়া আধুনিক জীবন যেন কল্পনাই করা যায় না। খাবারের প্যাকেট, পানির বোতল, বাজারের ব্যাগ, প্রসাধনীর মোড়ক থেকে শুরু করে ঘরের নিত্যপ্রয়োজনীয় অসংখ্য পণ্যে প্লাস্টিকের ব্যবহার। সহজলভ্য, সস্তা ও টেকসই হওয়ায় এর ব্যবহার দিন দিন বাড়ছে। কিন্তু ব্যবহারের পর সেই প্লাস্টিক কোথায় যাচ্ছে, কতটা পুনর্ব্যবহার হচ্ছে কিংবা পরিবেশ ও মানুষের শরীরে কী ধরনের প্রভাব ফেলছে—এসব প্রশ্নের উত্তর অনেকটাই উপেক্ষিত।
বাংলাদেশে প্লাস্টিক দূষণ নতুন কোনো সমস্যা নয়। ২০০২ সালে বিশ্বে প্রথম দেশ হিসেবে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ। পরিবেশ সুরক্ষায় সেই সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবেও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছিল। কিন্তু দুই দশকের বেশি সময় পার হলেও পলিথিনের ব্যবহার বন্ধ হয়নি। বরং প্লাস্টিকের নতুন নতুন পণ্য ও প্যাকেজিংয়ের বিস্তারে দূষণের পরিধি আরও বেড়েছে। রাজধানীর ড্রেন, খাল, নদী, কৃষিজমি থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত ছড়িয়ে পড়ছে প্লাস্টিক বর্জ্য।
প্লাস্টিকের বাজার বাড়ছে, বাড়ছে দূষণও
প্লাস্টিকশিল্প বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ খাতে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হয়েছে। উৎপাদন, বিপণন, রপ্তানি ও অভ্যন্তরীণ বাজার—সব মিলিয়ে শিল্পটির অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। তবে শিল্পের প্রবৃদ্ধির সঙ্গে পরিবেশগত দায়বদ্ধতা কতটা বাড়ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
গ্রামবাংলা উন্নয়ন কমিটির প্রকাশিত ‘প্লাস্টিক দূষণ চক্রে জীবন ও প্রকৃতি’ গ্রন্থে উল্লেখ করা হয়েছে, বিশ্বে প্লাস্টিক পণ্যের বাজারের মূল্য প্রায় ৫৭০ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশে এ শিল্পের অভ্যন্তরীণ বাজার প্রায় ৪০ হাজার কোটি টাকার। দেশে পাঁচ হাজারের বেশি প্লাস্টিক কারখানা ও প্রায় ২৫০টি রপ্তানিকারক প্রতিষ্ঠান রয়েছে। এ খাতে কাজ করছেন প্রায় ১২ লাখ মানুষ।
সরকারের প্লাস্টিক শিল্প উন্নয়ন নীতিমালা ২০২৩-এ শিল্পটির প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি ২০৩০ সালের মধ্যে ২০ বিলিয়ন ডলারের বাজার তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু উৎপাদন বাড়ানোর পরিকল্পনার সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষার বিষয়টি সমান গুরুত্ব পাচ্ছে কি না, সেটিই বড় প্রশ্ন। কারণ উৎপাদন যত বাড়বে, ব্যবহারের পর ফেলে দেওয়া প্লাস্টিকের পরিমাণও তত বাড়ার আশঙ্কা রয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনায় বড় ঘাটতি
প্লাস্টিক দূষণের অন্যতম কারণ হলো উৎপাদন ও ব্যবহারের তুলনায় বর্জ্য সংগ্রহ এবং পুনর্ব্যবহারের দুর্বল ব্যবস্থা। ‘প্লাস্টিক দূষণ চক্রে জীবন ও প্রকৃতি’ গ্রন্থে উদ্ধৃত তথ্য অনুযায়ী, বাংলাদেশের শহরাঞ্চলে মাথাপিছু প্লাস্টিক ব্যবহার ২০০৫ সালে ছিল তিন কেজি। ২০২০ সালে তা বেড়ে দাঁড়ায় নয় কেজিতে। একই সময়ে ঢাকায় দৈনিক প্লাস্টিক বর্জ্যের পরিমাণ ১৭৮ টন থেকে বেড়ে ৬৪৬ টনে পৌঁছায়।
গ্রন্থটিতে আরও উল্লেখ করা হয়েছে, ঢাকার মোট প্লাস্টিক বর্জ্যের মাত্র ৩৭ শতাংশের মতো পুনর্ব্যবহার করা হয়। দেশের প্রায় ৮৭ শতাংশ প্লাস্টিক বর্জ্য যথাযথ ব্যবস্থাপনার বাইরে থেকে যাচ্ছে। অর্থাৎ বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য পরিবেশে ছড়িয়ে পড়ছে কিংবা অনিয়ন্ত্রিতভাবে ফেলা হচ্ছে।
শহরের ড্রেন ও নালায় জমে থাকা প্লাস্টিক পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে। বর্ষায় জলাবদ্ধতার ঝুঁকি বাড়ায়। নদী ও খালে জমে থাকা প্লাস্টিক জলজ পরিবেশের ক্ষতি করছে। আবার কৃষিজমিতে প্লাস্টিকের বর্জ্য জমে মাটির স্বাভাবিক বৈশিষ্ট্য ও উৎপাদনব্যবস্থার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
মানুষের শরীরেও পৌঁছাচ্ছে প্লাস্টিক
প্লাস্টিক দূষণ এখন আর শুধু পরিবেশের সমস্যা নয়; এটি জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠছে। প্লাস্টিক ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হলে সেগুলো মাটি, পানি ও খাদ্যশৃঙ্খলে প্রবেশ করতে পারে। এসব ক্ষুদ্র কণা মাইক্রোপ্লাস্টিক নামে পরিচিত। বিভিন্ন গবেষণায় মাছসহ নানা পরিবেশগত নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। খাদ্য ও পানির মাধ্যমে মানুষের শরীরেও এসব কণা প্রবেশের সম্ভাবনা নিয়ে গবেষণা চলছে।
বিশেষজ্ঞদের উদ্বেগের জায়গা হলো, প্লাস্টিকের রাসায়নিক উপাদান ও ক্ষুদ্র কণার দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে এখনো অনেক কিছু জানা বাকি। ফলে দূষণ নিয়ন্ত্রণে দেরি হলে ভবিষ্যতে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর এর প্রভাব আরও জটিল হয়ে উঠতে পারে।
এ ক্ষেত্রে শিশু, নারী, নিম্ন আয়ের মানুষ এবং প্লাস্টিক কারখানা ও বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত শ্রমজীবীরা বিশেষ ঝুঁকিতে থাকতে পারেন। বিশেষ করে অনিরাপদ পরিবেশে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাত করার সময় শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।
বর্জ্য সংগ্রাহকদের অবদান, স্বীকৃতি কতটুকু?
প্লাস্টিক পুনর্ব্যবহারব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অনানুষ্ঠানিক বর্জ্য সংগ্রাহকেরা। গ্রন্থটিতে উদ্ধৃত তথ্য অনুযায়ী, বাংলাদেশে আনুমানিক চার লাখ মানুষ বর্জ্য সংগ্রহের সঙ্গে যুক্ত। তাঁরা বাসাবাড়ি, সড়ক, বাজার ও বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত প্লাস্টিক সংগ্রহ করে পুনর্ব্যবহারযোগ্য উপকরণের সরবরাহব্যবস্থায় যুক্ত করেন।
কিন্তু পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাঁদের অধিকাংশের নেই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, নিরাপদ কর্মপরিবেশ কিংবা পর্যাপ্ত সামাজিক সুরক্ষা। অনেক ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি নিয়েই তাঁদের কাজ করতে হয়। অথচ তাঁদের কাজের পরিধি ও অবদান বিবেচনায় নিয়ে পরিকল্পিতভাবে এই জনগোষ্ঠীকে বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করা গেলে পুনর্ব্যবহারব্যবস্থা আরও কার্যকর হতে পারে।
তাঁদের নিবন্ধন, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা সরঞ্জাম, ন্যায্য পারিশ্রমিক এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। বর্জ্য সংগ্রাহকদের বাদ দিয়ে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা কঠিন।
প্লাস্টিক দূষণের দায় কার?
প্লাস্টিক দূষণের জন্য সাধারণত ভোক্তার অসচেতনতাকে দায়ী করা হয়। যত্রতত্র প্লাস্টিকের বোতল, প্যাকেট কিংবা ব্যাগ ফেলে দেওয়া নিঃসন্দেহে দায়িত্বহীন আচরণ। কিন্তু দূষণের পুরো দায় শুধু ভোক্তার ওপর চাপিয়ে দিলে সমস্যার মূল কারণ আড়াল থেকে যায়।
একটি প্লাস্টিক পণ্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাত, ব্যবহার ও পরিত্যক্ত হওয়া পর্যন্ত অনেকগুলো পক্ষ যুক্ত থাকে। উৎপাদক প্রতিষ্ঠান পণ্য তৈরি করে, ব্র্যান্ড মালিক প্যাকেজিং নির্ধারণ করে, ব্যবসায়ীরা বাজারে সরবরাহ করেন এবং ভোক্তা তা ব্যবহার করেন। ব্যবহারের পর বর্জ্য সংগ্রহ, পুনর্ব্যবহার ও নিরাপদ নিষ্পত্তির দায়িত্বও রয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও রাষ্ট্রের।
অতিরিক্ত প্যাকেজিং, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের সহজলভ্যতা, বিকল্প পণ্যের সীমিত সুযোগ এবং দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা দূষণ বাড়াতে ভূমিকা রাখছে। তাই প্লাস্টিক দূষণকে শুধু নাগরিকদের অসচেতনতার ফল হিসেবে দেখার সুযোগ নেই। উৎপাদক থেকে শুরু করে রাষ্ট্রীয় নিয়ন্ত্রক প্রতিষ্ঠান—সব পক্ষের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে।
সমাধানে প্রয়োজন উৎপাদন থেকে বর্জ্য ব্যবস্থাপনা পর্যন্ত উদ্যোগ
প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে শুধু নিষেধাজ্ঞা কিংবা সচেতনতামূলক প্রচারণা যথেষ্ট নয়। প্রথমেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। বাজারে পরিবেশবান্ধব বিকল্প পণ্যের সহজলভ্যতা বাড়ানো জরুরি। একই সঙ্গে প্লাস্টিক পণ্যের উৎপাদকদের ওপর বর্জ্য ব্যবস্থাপনার দায় দিতে হবে, যাতে উৎপাদিত পণ্যের ব্যবহার শেষে তা সংগ্রহ ও পুনর্ব্যবহারের ব্যবস্থাও নিশ্চিত হয়।
প্লাস্টিক বোতল ও নির্দিষ্ট প্যাকেজিংয়ের ক্ষেত্রে ডিপোজিট রিটার্ন ব্যবস্থা চালু করা যেতে পারে। এ ব্যবস্থায় পণ্য কেনার সময় ভোক্তার কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয়, যা ব্যবহৃত বোতল বা প্যাকেট ফেরত দিলে ফেরত দেওয়া হয়। এতে বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহারে উৎসাহ তৈরি হতে পারে।
পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বর্জ্য সংগ্রহের সক্ষমতা বাড়াতে হবে। বাসাবাড়ি থেকেই প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য আলাদা করার ব্যবস্থা গড়ে তুলতে হবে। পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের জন্য আধুনিক প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে সহায়তা দেওয়া প্রয়োজন।
নিষেধাজ্ঞা নয়, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ
বাংলাদেশে পলিথিন নিষিদ্ধের উদ্যোগ থাকলেও বাস্তবে এর ব্যবহার নিয়ন্ত্রণ করা যায়নি। এর পেছনে রয়েছে আইন প্রয়োগের দুর্বলতা, তদারকির অভাব, বিকল্প পণ্যের সীমিত প্রাপ্যতা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা। নতুন করে কোনো নীতিমালা বা নিষেধাজ্ঞা ঘোষণা করলেই সমস্যার সমাধান হবে না; বরং তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
প্লাস্টিকশিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক ও উদ্যোক্তাদের স্বার্থও বিবেচনায় রাখা জরুরি। হঠাৎ করে উৎপাদন বন্ধ বা কঠোর বিধিনিষেধ আরোপ করলে কর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই ধাপে ধাপে পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থায় রূপান্তর, সহজ শর্তে অর্থায়ন, প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি বন্ধ করা হয়তো বাস্তবসম্মত নয়। তবে অপ্রয়োজনীয় ব্যবহার কমানো, পুনর্ব্যবহার বাড়ানো এবং উৎপাদন ও বর্জ্য ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করা সম্ভব। এর জন্য নাগরিক সচেতনতার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান ও সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
প্লাস্টিক দূষণ এক দিনে তৈরি হয়নি, একক কোনো পক্ষের কারণেও এই সংকট তৈরি হয়নি। তাই এর সমাধানও শুধু একজন ভোক্তার দায়িত্বশীল আচরণের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। উৎপাদন, বিপণন, ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনার প্রতিটি ধাপে দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। প্লাস্টিকের সুবিধা যেমন সমাজের সবাই ভোগ করছে, তেমনি এর ক্ষতি ঠেকানোর দায়িত্বও সবার।
কালের আলো/এসএ/জেএন
