Kaler Alo
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৬:২৮ পিএম

৩১৫ রানের লিডেও থামতে নারাজ ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৬:২৮ পিএম

৩১৫ রানের লিডেও থামতে নারাজ ওয়েস্ট ইন্ডিজ

সিলেট টেস্টে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য কত হবে, তা এখনো নিশ্চিত নয়। প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ৩৪৫ রান করেছে ক্যারিবীয়রা। সব মিলিয়ে তাদের লিড দাঁড়িয়েছে ৩১৫ রানে। হাতে রয়েছে আরও সাত উইকেট। তবে এই লিড নিয়েই আপাতত সন্তুষ্ট নয় সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করছেন কাভেম হজ। চতুর্থ দিন শেষে ১৪০ রানে অপরাজিত রয়েছেন তিনি। ব্যাটিংয়ের জন্য উইকেট বেশ ভালো হওয়ায় জয়ের জন্য কত রান যথেষ্ট হবে, তা এখনই নির্দিষ্ট করে বলতে পারছেন না এই ক্যারিবীয় ব্যাটার।

লক্ষ্য নিয়ে এখনই সিদ্ধান্ত নয়
দিন শেষে সংবাদ সম্মেলনে হজকে প্রশ্ন করা হয়, এই উইকেটে জয়ের জন্য কত রান যথেষ্ট হতে পারে। জবাবে তিনি বলেন, নির্দিষ্ট কোনো লক্ষ্য ঠিক করা কঠিন। পঞ্চম দিনে উইকেটের পরিস্থিতি বুঝে ধীরে ধীরে রান বাড়াতে চান তাঁরা।

হজের ভাষায়, ‘সত্যি বলতে, এই উইকেটে কত রান যথেষ্ট হবে, তা নির্দিষ্ট করে বলা খুব কঠিন। আগামীকাল এসে পরিস্থিতি বুঝতে হবে, ধীরে ধীরে রান বাড়াতে হবে। প্রতিটি মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। অনেক দূরের কথা এখনই ভাবা যাবে না। কারণ, আমরা দেখেছি উইকেটটি ব্যাটিংয়ের জন্য খুব ভালো।’

তিনি আরও বলেন, খুব বেশি রান বাকি রেখে দিতে চান না তাঁরা। আবার প্রয়োজনের চেয়ে বেশি সময় ব্যাটিং করাও তাঁদের পরিকল্পনা নয়। পরিস্থিতি বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

লিড আরও বাড়াতে চায় ক্যারিবীয়রা
হজ জানান, পঞ্চম দিনে উইকেটের অবস্থা, সম্ভাব্য লক্ষ্য এবং ব্যাটিংয়ের গতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে দল। আপাতত তাঁদের মূল মনোযোগ লিড আরও বাড়ানোর দিকে।

তিনি বলেন, ‘আগামীকাল (৯ নভেম্বর) পরিস্থিতি বুঝে দেখব, এই উইকেটে কোন স্কোরটি ভালো হবে, কত রান যথেষ্ট হবে এবং কী গতিতে ব্যাটিং করা উচিত। আপাতত আমাদের চেষ্টা লিডটা আরও বাড়ানো।’

বাংলাদেশকে ছাড়াতে হবে নিজেদের রেকর্ড
সিলেট টেস্টে জিততে হলে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২১৫। ২০০৯ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই এই রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। এবার সিলেটে জিততে হলে নিজেদের সেই রেকর্ড ছাড়িয়ে যেতে হবে।

তবে বাংলাদেশের সামনে শেষ পর্যন্ত কত রানের লক্ষ্য দাঁড়াবে, তা নির্ভর করছে পঞ্চম দিনে ওয়েস্ট ইন্ডিজ কতক্ষণ ব্যাটিং করে এবং কখন ইনিংস ঘোষণা করে তার ওপর।

৩৫০ রানের লক্ষ্য পেলেও অনিশ্চয়তা
বাংলাদেশ ৩৫০ রানের কাছাকাছি লক্ষ্য পেলে জয়ের জন্য ঝাঁপাবে কি না, সে বিষয়ে নিশ্চিত নন হজ। তাঁর মতে, বাংলাদেশের ব্যাটিং শুরু হলে তাদের পরিকল্পনা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাবে।

হজ বলেন, ‘তাদের মানসিকতা কী হবে, তা বলা কঠিন। তারা ব্যাটিংয়ে নামার পর তাদের পরিকল্পনা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাবে। আপাতত আমাদের নিয়ন্ত্রণে যা আছে, সেটাতেই মনোযোগ দিতে হবে। আমরা কত রান করছি, কী গতিতে রান করছি—এসব আমাদের হাতে। এরপর যখন ইনিংস ঘোষণা করব, তখন বুঝতে পারব লক্ষ্য তাড়ায় তাদের মানসিকতা কেমন।’

কালের আলো/এসএ/টিসি

Link copied!