Kaler Alo
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০২:৩০ পিএম

মুশফিকের রেকর্ড ভাঙলেন হৃদয়, যা বললেন মুশফিক

ক্রীড়া ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০২:৩০ পিএম

মুশফিকের রেকর্ড ভাঙলেন হৃদয়, যা বললেন মুশফিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড নিজের করে নিয়েছেন তাওহীদ হৃদয়। ভেঙেছেন দীর্ঘদিন ধরে মুশফিকুর রহিমের দখলে থাকা ২১৯ রানের রেকর্ড। তবে নিজের কীর্তি হাতছাড়া হওয়ায় কোনো আক্ষেপ নেই মুশফিকের। বরং সতীর্থের এমন অসাধারণ পারফরম্যান্সে গর্বিত তিনি। তাঁর প্রত্যাশা, ভবিষ্যতে হৃদয়ের এই রেকর্ডও ভেঙে নতুন ইতিহাস গড়বেন বাংলাদেশের অন্য কোনো ব্যাটার।

ধসের মুখে দলকে টেনে তোলেন হৃদয়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশের ব্যাটিং যখন বিপর্যস্ত, তখন এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান হৃদয়। মাত্র ২২ রানে ২ উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।

এমন পরিস্থিতিতে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার। শেষ দিকে টেলএন্ডারদের নিয়ে শুধু দলকে ফলোঅন থেকে বাঁচাননি, প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকে ৩০ রানের লিডও এনে দেন।

ড্রেসিংরুম থেকেই দেখেছেন মুশফিক
হৃদয়ের ২৪২ রানের ইনিংসেই ভেঙে যায় টেস্টে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২১৯ রানের মুশফিকের রেকর্ড। ড্রেসিংরুমে বসে সতীর্থের সেই ঐতিহাসিক ইনিংসের সাক্ষী ছিলেন মুশফিক নিজেই। বরং হৃদয়কে আরও বড় ইনিংস খেলার উৎসাহ দিয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত এক ভিডিওতে হৃদয়কে উদ্দেশ করে মুশফিককে বলতে শোনা যায়, ‘(ইনিংসটা) আরও বড় কর, আরও বড় কর।’

রেকর্ড ভাঙায় নেই কোনো আক্ষেপ
নিজের রেকর্ড ভাঙা নিয়ে মুশফিক বলেন, ‘আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। আমার যে সর্বোচ্চ রানের স্কোর ছিল, সেটি নিজের চোখের সামনেই ড্রেসিংরুম থেকে দেখা অনেক বড় পাওয়া। আমি আশা করব, পরেরবার আরও একজন হয়তো এই রেকর্ড ভেঙে দেবে। রেকর্ড হয়ই ভাঙার জন্য। আর সেই রেকর্ড ভাঙা ইনিংসটা দলের জয় এনে দিলে আরও বড় অনুভূতি।’ হৃদয়ের ইনিংসের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘তার ইনিংসটা আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে আশা করি, এটি ম্যাচজয়ী ইনিংস হয়ে থাকবে।’

বাংলাদেশের ডাবল সেঞ্চুরির তালিকায় নতুন নাম
এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। মুশফিকের ব্যাট থেকে এসেছে তিনটি ডাবল সেঞ্চুরি। সাকিব ও তামিম করেছেন একটি করে।

এবার সেই তালিকায় যুক্ত হলো তাওহীদ হৃদয়ের নাম। সিলেট টেস্টের আগে সাদা পোশাকে চার ইনিংসে তাঁর সংগ্রহ ছিল মাত্র ৫৪ রান। অথচ ক্যারিয়ারের পঞ্চম টেস্ট ইনিংসেই ২৪২ রানের অবিশ্বাস্য কীর্তি গড়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিলেন তিনি। সূত্র: বিসিবি

কালের আলো/এসএ/এএইচ

Link copied!