দীর্ঘ অপেক্ষা ও দুবার সফর স্থগিত হওয়ার পর অবশেষে বাংলাদেশে আসার সম্ভাবনা তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট দলের। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত। এ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে দুই দলের।
শুক্রবার (৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এ বিষয়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকা সিরিজটি মাঠে গড়ানোর আশা তৈরি হয়েছে।
সরকারের অনুমতির অপেক্ষায় সফর
দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা ইতিবাচক হলেও ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনো পুরোপুরি নিশ্চিত নয়। এ জন্য ভারতের সরকারের অনুমোদন প্রয়োজন। সরকারি সম্মতি পাওয়া গেলে সফরের চূড়ান্ত সূচি নির্ধারণ করা হবে।
তবে ভারতীয় দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচিও এ ক্ষেত্রে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগামী ৩ থেকে ৯ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে ভারতের। এরপর ২১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ভারত-অস্ট্রেলিয়া সিরিজ।
এ অবস্থায় বাংলাদেশ সফরে আসতে হলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সূচিতে পরিবর্তন আনতে হবে ভারতকে।
দুই দফা স্থগিত হয়েছিল সফর
এর আগে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতীয় দলের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও দুবার তা স্থগিত হয়। এবার নতুন করে সফর আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে পা রাখতে পারে ভারতীয় দল।
২০২২ সালে বাংলাদেশে এসে সিরিজ হেরেছিল ভারত
সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল দুই দল। ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।
আসন্ন সিরিজেও ভারতের বিপক্ষে সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চাইবে স্বাগতিকরা। বিশেষ করে নিজেদের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণেই ভালো পারফরম্যান্সের প্রত্যাশা থাকবে বাংলাদেশের সমর্থকদের।
কালের আলো/এএইচ/জেএন
