প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সময় দেওয়া তথ্যের ভিত্তিতে ছয় বছর বয়স থেকেই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য নিবন্ধনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।
রোববার (৮ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিব। তিনি বলেন, ছয় বছর বয়স থেকেই এনআইডির তথ্য নিবন্ধনের বিষয়টি নিয়ে ভাবছে নির্বাচন কমিশন। প্রাথমিক শিক্ষায় ভর্তির সময় শিক্ষার্থীদের যেসব তথ্য দেওয়া হয়, সেগুলো সংগ্রহ করে একটি ডেটাবেইজ তৈরির বিষয়ে আলোচনা চলছে।
প্রথম ধাপে ১০৫০ ইউপি নির্বাচন
ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ইভিএম ব্যবহার করবে না ইসি
ইভিএমের বিষয়ে ইসি সচিব বলেন, আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। এসব মেশিন নিষ্পত্তির জন্য চূড়ান্ত স্টক টেকিং শুরু হয়েছে। কী পদ্ধতিতে ইভিএমগুলো নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে সুপারিশ পাওয়ার পর বিস্তারিত জানানো সম্ভব হবে বলেও জানান তিনি।
কালের আলো/এসএ/ইএকে
