Kaler Alo
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ১২:৩৬ পিএম

১৩ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন মোহাম্মদ শামি

ক্রীড়া ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ১২:৩৬ পিএম

১৩ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন মোহাম্মদ শামি

ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে গতকাল (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্তের কথা জানান ৩৬ বছর বয়সী এই পেসার। তবে টেস্ট ছাড়লেও সাদা বলের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

কাকতালীয়ভাবে ২০১৩ সালের ৬ নভেম্বরই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল শামির। ১৩ বছর পর নিজের অভিষেকের দিনটিকেই অবসরের জন্য বেছে নিলেন ভারতের এই তারকা পেসার।

আবেগঘন বার্তায় বিদায়ের ঘোষণা
ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় নিজের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন শামি। তিনি বলেন, ‘এই ১৩ বছরের যাত্রায় এই টুপি, এই বল আমাকে মোহাম্মদ শামি বানিয়েছে। সব চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাওয়ার সময় বারবার উঠে দাঁড়িয়েছি। চোট পেয়েছি। কিন্তু দেশের প্রতিনিধিত্বের এই ব্যাজের জন্য আবার ঘুরে দাঁড়িয়েছি।’

ক্যারিয়ারের এই দীর্ঘ সময়ে পাশে থাকা কোচ, ট্রেনার, ফিজিও এবং অন্য সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ভক্তদের উদ্দেশে শামি বলেন, ‘আপনাদের সবাইকে, সব ভক্তকে অনেক ধন্যবাদ, যাঁরা ক্রিকেটকে এত ভালোবেসে এই নামটিকে এত দূর নিয়ে এসেছেন।’

অবসরের দিনটির বিশেষত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমি এই টেস্ট ক্যাপ পেয়েছিলাম ৬ নভেম্বর, আর আজও ৬ নভেম্বর। আজকের দিনে ১৩ বছরের যাত্রার এখানেই ইতি টানছি। আজই অভিষেক হয়েছিল এবং আজই আমি অবসর নিচ্ছি।’

৬৪ টেস্টে ২২৯ উইকেট
ভারতের হয়ে ৬৪টি টেস্ট খেলেছেন শামি। এ সময়ে তাঁর শিকার ২২৯ উইকেট। গড় ২৭.৭১ এবং স্ট্রাইক রেট ৫০.২। ভারতের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি বোলারদের তালিকায় তাঁর অবস্থান ষষ্ঠ।

শামির খেলা ৬৪ টেস্টের মধ্যে ভারত জয় পেয়েছে ৩১টিতে। ১৩টি ম্যাচ হয়েছে ড্র। দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে তাঁর পারফরম্যান্স ছিল আরও দুর্দান্ত। ভারতের মাটিতে তাঁর বোলিং গড় ২২.১ এবং স্ট্রাইক রেট ৪২.৬। ভারতীয় বোলারদের মধ্যে দেশের মাটিতে তাঁর চেয়ে ভালো স্ট্রাইক রেট রয়েছে শুধু নরেন্দ্র হিরওয়ানি, কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরার।

চোট ও ফিটনেসের সঙ্গে লড়াই
২০২৩ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই ভারতের হয়ে শামির সর্বশেষ টেস্ট ম্যাচ। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও জায়গা পাননি তিনি।

২০২৫ সালের মার্চে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন এই পেসার। এ সময়ে ফিটনেস ও চোটের সমস্যার সঙ্গে লড়াই করতে হয়েছে তাঁকে। পাশাপাশি ভারতের টিম ম্যানেজমেন্টও তাঁর বিকল্প নিয়ে ভাবতে শুরু করে।

টেস্ট ছাড়লেও খেলবেন সাদা বলের ক্রিকেট
টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেও পুরোপুরি ক্রিকেট ছাড়ছেন না শামি। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে সাদা বলের সংস্করণে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

শামির ভাষায়, ‘আমি টেস্ট ছাড়ছি, তবে আইপিএল বা ঘরোয়া ক্রিকেটে সাদা বলের ক্রিকেট চালিয়ে যাব।’

টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে তিনি বলেন, ‘টেস্টে নিজের শেষ বলটি করে ফেললেও ভারতের হয়ে খেলার গৌরব আমি সব সময় বুকে ধারণ করব। ধন্যবাদ, টেস্ট ক্রিকেট।’

উত্তর প্রদেশের আমরোহায় জন্ম নেওয়া শামি ক্রিকেটের জন্য ঘর ছেড়েছিলেন। ২০১০ সালে বেঙ্গলের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় তাঁর। এখনো বেঙ্গলের হয়ে খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের গতি, নিখুঁত লাইন-লেন্থ, রিভার্স সুইং এবং স্টাম্প লক্ষ্য করে বল করার দক্ষতায় আলাদা পরিচিতি গড়েছিলেন এই পেসার। তাঁর নেওয়া মোট টেস্ট উইকেটের প্রায় ৪৫ শতাংশই বোল্ড কিংবা এলবিডব্লুর মাধ্যমে এসেছে।

১৩ বছরের টেস্ট ক্যারিয়ারে ভারতের বোলিং আক্রমণের অন্যতম ভরসা ছিলেন শামি। এবার সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়ে নতুন অধ্যায়ে পা রাখলেন তিনি।

কালের আলো/এমডিএইচ/জেএন

Link copied!