রাষ্ট্র পরিচালনায় সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাখ্যা এবং তা নীতিনির্ধারণে কাজে লাগানোর বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, একটি রাষ্ট্রের সামরিক শক্তি কিংবা ভৌগোলিক আয়তনের চেয়েও গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে সঠিকভাবে ব্যবহৃত তথ্য ও পরিসংখ্যান। তথ্য সংগ্রহ এবং সেগুলোর যথাযথ ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে জ্ঞানভিত্তিক সিদ্ধান্তে পৌঁছানো একটি ধারাবাহিক বৈজ্ঞানিক প্রক্রিয়া। তিনি বলেন, তথ্য সংগ্রহের পর তা সংগঠিত করতে হয়। সেখান থেকে জ্ঞানভিত্তিক উপাদান তৈরি করে পরবর্তী সময়ে নীতিনির্ধারণের বিভিন্ন পর্যায়ে কাজে লাগাতে হয়। পুরো প্রক্রিয়াটি যথাযথভাবে অনুসরণ করা হলে রাষ্ট্রের পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ আরও কার্যকর হয়।
বিগত সরকারের সময়ে বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ হয়নি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময় তথ্য সংগ্রহ, তথ্যের ব্যাখ্যা এবং তা ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যবহারের পুরো বৈজ্ঞানিক প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। বরং এ প্রক্রিয়ায় স্বার্থসংশ্লিষ্ট প্রভাব তৈরি হয়েছিল।
তিনি আরও বলেন, একজন রাষ্ট্রনায়ক যখন তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন সেই সিদ্ধান্ত বাস্তবায়নের সক্ষমতা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়। তাই পরিসংখ্যানকে কেবল সংখ্যাগত উপাত্ত হিসেবে দেখলে চলবে না। রাষ্ট্রের পরিকল্পনা, উন্নয়ন ও নীতিনির্ধারণের অন্যতম প্রধান উপকরণ হিসেবে একে বিবেচনা করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান—টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালন করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
কালের আলো/এসএ/ইএকে
