Kaler Alo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০২:৫০ পিএম

দারিদ্র্যসীমার নিচে সাড়ে ৩ কোটি, ঝুঁকিতে আরও ২ কোটি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০২:৫০ পিএম

দারিদ্র্যসীমার নিচে সাড়ে ৩ কোটি, ঝুঁকিতে আরও ২ কোটি

দেশে দারিদ্র্য কমলেও বিপুলসংখ্যক মানুষের জীবন থেকে কাটছে না অভাবের চাপ। এখনো প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এর মধ্যে চরম দারিদ্র্যের শিকার প্রায় এক কোটি মানুষ। অন্যদিকে, দারিদ্র্যসীমার ওপরে থাকলেও নতুন করে দরিদ্র হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে আরও অন্তত দুই কোটি মানুষ। সামান্য কর্মহীনতা বা আয় কমে গেলেই তাঁদের আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য এসব তথ্য তুলে ধরেছেন। তাঁর মতে, দারিদ্র্যের হার কমলেও দরিদ্র মানুষের সংখ্যা কমানো যাচ্ছে না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের এক অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

দুই দিন কাজ না করলেই দারিদ্র্যের ঝুঁকি
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে প্রায় সাড়ে তিন কোটি এখনো দারিদ্র্যসীমার নিচে রয়েছে। তাঁদের মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছে। এ ছাড়া দারিদ্র্যসীমার ওপরে থাকা অন্তত দুই কোটি মানুষও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব মানুষ মাত্র দুই দিন কাজ করতে না পারলেই আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারেন।

অন্তর্বর্তী সরকারের সময়ে প্রকাশিত শ্বেতপত্রেও দেশের দারিদ্র্য পরিস্থিতির এমন চিত্র উঠে এসেছে বলে উল্লেখ করেন তিনি।

উন্নয়ন হলেও সামাজিক বৈষম্য কাটেনি
সিপিডির এই সম্মানীয় ফেলো বলেন, গত ৫৫ বছরে বাংলাদেশ অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে সামাজিক রূপান্তর ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটেনি। এর অন্যতম কারণ, সমাজের সবচেয়ে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষকে অর্থনীতি ও সমাজের মূলধারায় যথাযথভাবে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, দেশের মানুষের গড় আয়ু প্রায় ৭৪ বছরে পৌঁছানো একটি বড় অর্জন। তবে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে শিশুমৃত্যুর হার বেশি। এসব পরিবারের শিশুদের মধ্যে স্কুল থেকে ঝরে পড়া ও শিশুশ্রমের প্রবণতাও রয়েছে।

প্রতি চার যুবকের একজন বেকার
যুব বেকারত্বের চিত্র তুলে ধরে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে এখনো প্রতি চারজন যুবকের একজন বেকার। শিক্ষিত যুবকদের ক্ষেত্রে এ হার প্রতি তিনজনে একজন।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মী, শারীরিক প্রতিবন্ধী, উত্তরবঙ্গের মরুকরণপ্রবণ এলাকার বাসিন্দা এবং উপকূলীয় জনগোষ্ঠীসহ বিভিন্ন অবহেলিত অংশ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। দেশের সামগ্রিক উন্নতি হলেও এসব জনগোষ্ঠীর কাছে উন্নয়নের সুফল সমানভাবে পৌঁছায়নি।

অধিকার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের ভূমিকার আহ্বান
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সুবিধাবঞ্চিত মানুষ অপশাসন, দুর্নীতি ও স্বজনপ্রীতির শিকার হন বেশি। প্রশাসন, রাজনৈতিক কাঠামো এমনকি নাগরিক সমাজ থেকেও অনেক সময় তাঁরা যথাযথ মর্যাদা ও ন্যায্যতা পান না।

সমাজের অগ্রসর অংশ পিছিয়ে পড়া মানুষের অধিকারের পক্ষে কথা না বললে একসময় তাদের নিজেদের অর্জনও ঝুঁকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি। এতে গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করার দায়িত্ব শুধু নাগরিক সমাজ বা বেসরকারি উদ্যোক্তাদের নয়, জনপ্রতিনিধিদেরও এ দায়িত্ব নিতে হবে বলে মনে করেন তিনি। যাঁদের ভোটে জনপ্রতিনিধিরা নির্বাচিত হন, সেই জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ রক্ষায় তাঁদের সরাসরি ভূমিকা রাখার আহ্বান জানান দেবপ্রিয় ভট্টাচার্য।

কালের আলো/এসএ/জেএন

Link copied!