Kaler Alo
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
১৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ১১:৩১ পিএম

শ্রমিক আন্দোলনের নেপথ্যে কারা? ফটোকার্ডে তথ্য-প্রমাণ তুলে ধরলেন তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ১১:৩১ পিএম

শ্রমিক আন্দোলনের নেপথ্যে কারা? ফটোকার্ডে তথ্য-প্রমাণ তুলে ধরলেন তথ্য প্রতিমন্ত্রী

গার্মেন্টসশিল্পে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পিত তৎপরতার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে। শ্রমিক আন্দোলনের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা চলছে—এমন অভিযোগের পক্ষে বিভিন্ন তথ্য ও সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। ধারাবাহিক দুটি পোস্টে একাধিক ফটোকার্ড শেয়ার করে তিনি বিষয়টির বিভিন্ন দিক সামনে এনেছেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদও পোশাকশিল্পে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও সহিংসতার পেছনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ তুলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, একটি মহল পরিকল্পিতভাবে শ্রমিক অসন্তোষকে উসকে দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। গোয়েন্দা তথ্য জানায়, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাবেক সুবিধাভোগী মন্ত্রী-এমপিরা এসব অপতৎপরতার পেছনে রয়েছেন। সাবেক সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের সম্পৃক্ততার অভিযোগও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উঠে আসে।

  • আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের ইন্ধনের অভিযোগ
  • আটক ব্যক্তিদের পরিচয় ও সংবাদমাধ্যমের প্রতিবেদন শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ইয়াসের খান চৌধুরী

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তাঁর পোস্টগুলোতে শ্রমিক আন্দোলনের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ, আটক ব্যক্তিদের পরিচয় এবং সহিংসতার কয়েকটি ঘটনার তথ্য স্থান পেয়েছে।

দুই দিন আগে প্রতিমন্ত্রী ‘চিরচেনা কাজ (জ্বালাও-পোড়াও-দেশ ধংসের পায়তাঁরা) চলমান রাখতে চায় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ’ শিরোনামে ১০টি ফটোকার্ডসহ একটি পোস্ট প্রকাশ করেন। এসব ফটোকার্ডে গার্মেন্টস শ্রমিকের পরিচয়ে আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে আটক ব্যক্তিদের নাম, পরিচয় ও ছবি তুলে ধরা হয়। এর মাধ্যমে শ্রমিক অসন্তোষের পেছনে কারা সক্রিয় এবং আন্দোলনকে ভিন্ন উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা হচ্ছে কি না, সে বিষয়ে নিজের বক্তব্য সামনে আনেন প্রতিমন্ত্রী।

তাঁর পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে সমর্থন করে মন্তব্য করেন। এমডি ফজলুল করিম রাজিব নামের একজন মন্তব্যে রাজনীতির প্রকৃত উদ্দেশ্য হিসেবে জনকল্যাণ, শান্তি ও জনগণের আস্থার বিষয়টি তুলে ধরেন। তিনি লেখেন, ‘রাজনীতি কখনো জ্বালাও-পোড়াও, ভাঙচুর কিংবা অরাজকতার নাম হতে পারে না, রাজনীতির প্রকৃত পরিচয় জনকল্যাণ, শান্তি ও জনগণের আস্থায়’।

এদিকে, মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টা ১১ মিনিটে প্রতিমন্ত্রী আরও একটি পোস্ট প্রকাশ করেন। ‘যারা সন্ত্রাসের রাজনীতি করে তাদের স্বভাব কোনদিন পরিবর্তন হয় না...’ শিরোনামের ওই পোস্টে তিনি দুটি গুরুত্বপূর্ণ সংবাদ ফটোকার্ড সংযুক্ত করেন। এর একটি চ্যানেল টোয়েন্টিফোরের প্রকাশিত ফটোকার্ড। সেখানে শ্রমিক আন্দোলনে ইন্ধনদাতা হিসেবে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার এক ভাগ্নের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ধরা হয়েছে। অন্যটি বাংলাট্রিবিউনের ফটোকার্ড, যেখানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা এবং এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে ক্লোজড করার তথ্য প্রকাশিত হয়েছে।

দুটি ফটোকার্ড শেয়ারের মাধ্যমে তথ্য প্রতিমন্ত্রী শ্রমিক আন্দোলনের মধ্যে রাজনৈতিক পরিচয় গোপন করে প্রবেশ, সহিংসতা উসকে দেওয়া এবং সাধারণ শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগগুলো সামনে এনেছেন। প্রতিমন্ত্রীর ধারাবাহিক পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। অনেকেই তাঁর বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সহিংস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁদের মন্তব্যে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।

গার্মেন্টসশিল্পের শ্রমিক আন্দোলনের নামে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ, আটক ব্যক্তিদের পরিচয় এবং বিভিন্ন সহিংস ঘটনার তথ্য সামনে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে সবকিছু খোলাসা করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তাঁর প্রকাশিত ফটোকার্ড ও বক্তব্যে গার্মেন্টস শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা এবং সহিংস কর্মকাণ্ডে ইন্ধন জোগানোর অভিযোগ তুলে ধরে এই বিষয়ে জনসচেতনতা তৈরির বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

কালের আলো/এমএসইপি/এমএএন

Link copied!