Kaler Alo
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৬:০৬ পিএম

শ্রমিক আন্দোলনে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৬:০৬ পিএম

শ্রমিক আন্দোলনে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, একটি স্বার্থান্বেষী মহল শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের ফাঁদে পা না দিয়ে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিকদের মূল দাবি অনুযায়ী ইতোমধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে শ্রমিক প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই আলোচনার মাধ্যমে দাবি বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে গার্মেন্টস শিল্পের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন
সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিক ও মালিকপক্ষের যৌথ প্রচেষ্টায় দেশের শিল্পকারখানা গড়ে ওঠে। এর মাধ্যমে অর্থনীতি সমৃদ্ধ হয় এবং উৎপাদনশীলতা বাড়ে। দেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে নিয়মিত ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়। তিনি বলেন, আইন অনুযায়ী প্রতি তিন বছর অন্তর ন্যূনতম মজুরি নির্ধারণের বিধান রয়েছে। সেই নিয়ম অনুসারে মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত ও কার্যক্রম সম্পন্ন হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিকদের মূল দাবি ছিল দ্রুত মজুরি বোর্ড গঠন এবং ন্যূনতম মজুরি নির্ধারণ। গত পরশু রাতে এবং গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ডে শ্রমিকদের প্রতিনিধিদের নামও দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে।

আন্দোলনে তৃতীয় পক্ষের অনুপ্রবেশের অভিযোগ
রাজপথে চলমান বিক্ষোভ ও সহিংসতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে যারা রাস্তায় আন্দোলন ও সহিংসতা করছে, তাদের সঙ্গে মূলধারার শ্রমিক বা শ্রমিক নেতাদের কোনো সম্পৃক্ততা নেই। তিনি দাবি করেন, গত কয়েক দিনের ভিডিও ফুটেজ বিশ্লেষণে কিছু মুখোশধারী ও স্বার্থান্বেষী মহলের আন্দোলনে অনুপ্রবেশের বিষয়টি দেখা গেছে। শ্রমিকদের ক্ষতি ও স্বার্থহানির উদ্দেশ্যে এসব পক্ষ পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। মজুরি বোর্ড গঠন এবং শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তির মাধ্যমে প্রক্রিয়াটি এগিয়ে নেওয়া হচ্ছে। তাই শিল্পকারখানার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসকে/এমএসআইপি

 

Link copied!