Kaler Alo
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কালের আলো ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৮:১৪ পিএম

আখরোট নাকি কাজুবাদাম, মস্তিষ্ক ও হৃদ্‌যন্ত্রের উপকারে এগিয়ে কোনটি ?

কালের আলো ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৮:১৪ পিএম

আখরোট নাকি কাজুবাদাম, মস্তিষ্ক ও হৃদ্‌যন্ত্রের উপকারে এগিয়ে কোনটি ?

আখরোট ও কাজুবাদাম দুটিই পুষ্টিগুণে সমৃদ্ধ। নিয়মিত পরিমিত পরিমাণে এসব বাদাম খেলে শরীরের নানা উপকার হতে পারে। বিশেষ করে হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে দুটিই সহায়ক। তবে পুষ্টি উপাদান ও স্বাস্থ্যগত উপকারিতার দিক থেকে এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য আখরোট এবং ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজুবাদাম কিছুটা বেশি সুবিধাজনক হতে পারে।

মস্তিষ্কের স্বাস্থ্যে আখরোটের ভূমিকা
মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতে আখরোট বেশ উপকারী। এতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে আলফা-লিনোলেনিক অ্যাসিড (এএলএ)। উদ্ভিজ্জ খাবার থেকে পাওয়া এই ফ্যাটি অ্যাসিড শরীরের জন্য প্রয়োজনীয়। প্রতি এক আউন্স বা ২৮ গ্রাম আখরোটে প্রায় ২ দশমিক ৫৭ গ্রাম ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে।

গবেষণায় দেখা গেছে, নিয়মিত আখরোট খাওয়ার সঙ্গে স্মৃতিশক্তি ও চিন্তাভাবনার দক্ষতা ভালো থাকার সম্পর্ক রয়েছে। বয়স বাড়ার সঙ্গে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি হ্রাসের ক্ষেত্রেও এটি সহায়ক হতে পারে। এ ছাড়া আখরোটে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতে সাহায্য করে।

অক্সিডেটিভ স্ট্রেস হলো শরীরে ক্ষতিকর অণু এবং সেগুলো নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় অ্যান্টি-অক্সিডেন্টের মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হওয়া। দীর্ঘদিন এমন অবস্থা চলতে থাকলে শরীরের কোষ, প্রোটিন ও ডিএনএ ক্ষতিগ্রস্ত হতে পারে। আখরোটে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট এই ক্ষতি মোকাবিলায় ভূমিকা রাখতে পারে।

হৃদ্‌যন্ত্রের জন্য দুটোই উপকারী
হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে আখরোট ও কাজুবাদাম দুটিই উপকারী খাদ্য হতে পারে। উভয় বাদামেই রয়েছে অসম্পৃক্ত চর্বি। খাদ্যতালিকায় স্যাচুরেটেড ফ্যাটের পরিবর্তে অসম্পৃক্ত চর্বি গ্রহণ করলে হৃদ্‌স্বাস্থ্যের জন্য ইতিবাচক ফল পাওয়া যেতে পারে।

আখরোটে পলি-আনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি। অন্যদিকে, কাজুবাদামে রয়েছে প্রোটিনসহ বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান। কিছু গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে, কাজুবাদাম খেলে রক্তচাপ ও রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সহায়তা হতে পারে। তাই হৃদ্‌যন্ত্রের যত্নে দুটিই খাদ্যতালিকায় রাখা যেতে পারে।

ওজন নিয়ন্ত্রণে কাজুবাদাম এগিয়ে
ওজন নিয়ন্ত্রণের পরিকল্পনায় কাজুবাদাম ভালো বিকল্প হতে পারে। একই পরিমাণ আখরোট ও কাজুবাদামের তুলনায় কাজুবাদামে ক্যালরি ও চর্বির পরিমাণ কম এবং প্রোটিন সামান্য বেশি। প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। ফলে বারবার খাবার খাওয়ার প্রবণতা কমতে পারে।

তবে বাদাম খেলেই ওজন কমবে, এমন ধারণা ঠিক নয়। কারণ আখরোট ও কাজুবাদাম—দুটিতেই পর্যাপ্ত ক্যালরি রয়েছে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে বাদাম খাওয়ার পরিমাণের দিকে বিশেষ নজর দিতে হবে। পরিমিত পরিমাণে বাদাম খেলে তা সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে উপকার দিতে পারে।

কাজুবাদামে রয়েছে প্রয়োজনীয় খনিজ উপাদান
কাজুবাদামে কপার, ম্যাগনেশিয়াম, আয়রন ও জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান রয়েছে। কপার শরীরে শক্তি উৎপাদন, স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম এবং রোগ প্রতিরোধব্যবস্থায় ভূমিকা রাখে। অন্যদিকে, পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে ম্যাগনেশিয়াম গুরুত্বপূর্ণ। এ ছাড়া শরীরের বিভিন্ন কার্যক্রম সচল রাখতে আয়রন ও জিঙ্কও প্রয়োজনীয়।

তাহলে কোন বাদাম খাবেন?
মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড পেতে চাইলে আখরোট ভালো পছন্দ হতে পারে। অন্যদিকে, তুলনামূলক কম ক্যালরি ও কিছুটা বেশি প্রোটিনের জন্য কাজুবাদাম বেছে নিতে পারেন। তবে একটি বাদামকে অন্যটির বিকল্প ভাবার প্রয়োজন নেই। দুটিই পরিমিত পরিমাণে সুষম খাদ্যতালিকায় রাখা সম্ভব।

বাদাম খাওয়ার ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখবেন
পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, লবণ বা চিনি মেশানো বাদামের পরিবর্তে লবণবিহীন বাদাম বেছে নেওয়া ভালো। পাশাপাশি প্রতিদিন কতটুকু বাদাম খাচ্ছেন, সেদিকেও খেয়াল রাখতে হবে। শুধু এক ধরনের বাদাম খাওয়ার প্রয়োজন নেই। বরং পরিমিত পরিমাণে বিভিন্ন ধরনের বাদাম খেলে শরীর নানা ধরনের পুষ্টি উপাদান পেতে পারে। সূত্র: মায়ো ক্লিনিক ও ভেরি ওয়েল হেলথ

কালের আলো/এসএ/এসএআর

Link copied!