Kaler Alo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

লাইফস্টাইল ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৭:০১ পিএম

শীতের আগাম প্রস্তুতিতে কোমল ত্বকের সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৭:০১ পিএম

শীতের আগাম প্রস্তুতিতে কোমল ত্বকের সহজ উপায়

প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের মৃদু আমেজ। ভোরের কুয়াশা, রাতের হালকা ঠাণ্ডা হাওয়া আর রোদের নরম পরশ জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ঋতু পরিবর্তনের এই সময়ে আবহাওয়ার প্রভাব পড়ে শরীর ও ত্বকের ওপর। বিশেষ করে বাতাসের আর্দ্রতা কমতে শুরু করায় ত্বক হয়ে ওঠে শুষ্ক ও রুক্ষ। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে দেখা দিতে পারে টানটান ভাব ও অস্বস্তি।

তাই শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই ত্বক, চুল ও শরীরের যত্নে কিছু পরিবর্তন আনা জরুরি। আগাম প্রস্তুতি নিলে শীতজুড়েই ত্বকের কোমলতা ও চুলের সুস্থতা ধরে রাখা সহজ হবে।

ত্বকের আর্দ্রতা ধরে রাখার প্রস্তুতি
শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক দ্রুত শুষ্ক হয়ে পড়ে। এ সময় অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করলে ত্বকের প্রাকৃতিক তেল আরও কমে যেতে পারে। তাই গোসলের জন্য কুসুম গরম পানি ব্যবহার করা ভালো।

গোসলের পর ত্বক সামান্য ভেজা থাকতেই কোল্ড ক্রিম, বডি লোশন কিংবা শিয়া বাটারযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। মুখের ত্বকের জন্য ব্যবহার করা যেতে পারে হাইড্রেটিং ফেসওয়াশ ও উপযোগী সিরাম। ত্বকের ধরন অনুযায়ী প্রসাধনী বেছে নেওয়াও গুরুত্বপূর্ণ।

চুলের যত্নে বাড়তি সতর্কতা
শীতকালে মাথার ত্বক শুষ্ক হয়ে খুশকির সমস্যা বাড়তে পারে। চুলও হয়ে উঠতে পারে রুক্ষ ও প্রাণহীন। এ সময় নিয়মিত চুল পরিষ্কার রাখা এবং প্রয়োজন অনুযায়ী কন্ডিশনার ব্যবহার করা জরুরি।

নারকেল তেল, অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েল দিয়ে মাথার ত্বকে হালকা মালিশ করা যেতে পারে। তবে অতিরিক্ত তেল ব্যবহার না করাই ভালো। বাইরে বের হওয়ার সময় স্কার্ফ বা ওড়না দিয়ে চুল ঢেকে রাখলে ধুলাবালি ও ঠাণ্ডা বাতাসের সরাসরি প্রভাব থেকে চুলকে কিছুটা সুরক্ষা দেওয়া যায়। চুলের ধরন অনুযায়ী পুষ্টিকর হেয়ার মাস্কও ব্যবহার করা যেতে পারে।

হাত-পায়ের কোমলতা ধরে রাখুন
শীতের সময় হাত-পায়ের ত্বকও দ্রুত শুষ্ক হয়ে যায়। বিশেষ করে পায়ের গোড়ালি ফেটে যাওয়ার সমস্যা দেখা দেয়। এ থেকে বাঁচতে নিয়মিত গ্লিসারিনযুক্ত ক্রিম বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা উচিত।

রাতে ঘুমানোর আগে হাত ও পায়ে ঘন ময়েশ্চারাইজার লাগিয়ে সুতির মোজা পরা যেতে পারে। এতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সুবিধা হয়। পায়ের গোড়ালিতে জমে থাকা মৃত কোষ পরিষ্কারের জন্য পিউমিক স্টোন ব্যবহার করা যায়। তবে ত্বকে ক্ষত বা ফাটল থাকলে ঘষাঘষি করা থেকে বিরত থাকতে হবে।

ঠোঁটের যত্নে অবহেলা নয়
শীত এলেই ঠোঁট শুষ্ক হয়ে ফেটে যাওয়ার সমস্যা বাড়ে। ঠোঁটে প্রাকৃতিক তেলগ্রন্থি না থাকায় এটি শরীরের অন্যান্য অংশের তুলনায় দ্রুত আর্দ্রতা হারায়। তাই নিয়মিত লিপবাম বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা প্রয়োজন।

বাইরে যাওয়ার সময় এসপিএফযুক্ত লিপবাম ব্যবহার করলে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও ঠোঁট সুরক্ষিত রাখা যায়। ঠোঁট বারবার জিহ্বা দিয়ে ভেজানো বা শুষ্ক চামড়া টেনে তোলা উচিত নয়। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করতে হবে।

খাবার ও জীবনযাত্রায় আনুন পরিবর্তন
শুধু বাইরে থেকে যত্ন নিলেই হবে না, শরীরকে ভেতর থেকেও সুস্থ রাখতে হবে। শীতকালে পানি পানের প্রবণতা কমে গেলেও পর্যাপ্ত পানি পান করা জরুরি। প্রতিদিনের খাবারে মৌসুমি ফল, শাকসবজি, বাদাম ও পুষ্টিকর খাবার রাখতে হবে।

ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার ত্বকের স্বাভাবিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। সামুদ্রিক মাছ ও বাদামে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডও শরীরের জন্য উপকারী। পাশাপাশি পর্যাপ্ত ঘুম ও নিয়মিত শরীরচর্চার অভ্যাস বজায় রাখা প্রয়োজন।

শীতের আগেই দৈনন্দিন পরিচর্যায় এসব ছোট পরিবর্তন আনলে ত্বক ও চুলের শুষ্কতা মোকাবিলা করা সহজ হবে। তবে ত্বকে দীর্ঘস্থায়ী সমস্যা বা অ্যালার্জি দেখা দিলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

কালের আলো/এসএ/এসএআর

Link copied!