Kaler Alo
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৫:৫৬ পিএম

নাটকের কাস্টিংয়ে প্রযোজকদের বিরুদ্ধে পারসার অভিযোগ

বিনোদন ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৫:৫৬ পিএম

নাটকের কাস্টিংয়ে প্রযোজকদের বিরুদ্ধে পারসার অভিযোগ

নাটকের শুটিং শুরুর ঠিক আগমুহূর্তে অভিনয়শিল্পী পরিবর্তনের চর্চা নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী পারসা ইভানা। তাঁর অভিযোগ, কখনো কখনো নির্দিষ্ট শিল্পীকে কেন্দ্র করে চরিত্র তৈরি করা হলেও শুটিংয়ের আগে প্রযোজক কিংবা অন্য কারও আপত্তিতে তাঁকে বাদ দেওয়া হয়। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় অভিনয়শিল্পীদের। নাটকের নির্মাণ ও কাস্টিংয়ে এমন অপেশাদারত্ব বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

গত ২৯ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি তুলে ধরেন পারসা। তাঁর মতে, বাংলাদেশের নাটকের গল্প বেশ শক্তিশালী হলেও নির্মাণ ও শিল্পী নির্বাচনের ক্ষেত্রে আরও পেশাদারত্ব প্রয়োজন।

কাস্টিং নিয়ে নিজের অভিজ্ঞতা জানালেন পারসা
কী কারণে এমন পোস্ট দিয়েছেন, তা জানতে চাইলে সোমবার (২ নভেম্বর) প্রথম আলোকে পারসা জানান, সম্প্রতি পাশের দেশের একটি পডকাস্টে নাটকের ভালো-মন্দ নিয়ে জ্যেষ্ঠ অভিনয়শিল্পী ও লেখকদের খোলামেলা আলোচনা দেখেছেন তিনি। সেখান থেকেই বাংলাদেশের নাটক নিয়েও এমন আলোচনা হওয়া প্রয়োজন বলে মনে হয়েছে তাঁর।

পারসা বলেন, বাংলাদেশের নাটক নিয়ে এ ধরনের আলোচনা হলে অনেক ভুলত্রুটি সামনে আসবে। এমন অনেক বিষয় রয়েছে, যেগুলো নিয়ে সাধারণত কেউ কথা বলেন না। সেই ভাবনা থেকেই ফেসবুকে পোস্টটি দিয়েছেন তিনি। তবে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা তাঁর উদ্দেশ্য নয়। বরং নাটকের নির্মাণ ও কাস্টিংয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।

শেষ মুহূর্তে বাদ পড়ার অভিজ্ঞতা তাঁরও
পারসা জানান, এমন পরিস্থিতির শিকার তাঁকেও হতে হয়েছে। কোনো চরিত্রের জন্য তাঁকে চূড়ান্ত করার কথা বলা হয়েছে, এমনকি চরিত্রটি তাঁকে ভেবেই লেখা হয়েছে বলেও জানানো হয়েছে। কিন্তু শুটিং শুরুর ঠিক আগে প্রযোজক কিংবা অন্য কারও আপত্তিতে পরিবর্তন হয়ে গেছে কাস্টিং।

এ ধরনের অভিজ্ঞতাকে বিরক্তিকর উল্লেখ করে পারসা বলেন, একজন শিল্পীকে কোনো চরিত্রের জন্য নিশ্চিত করার পর শেষ মুহূর্তে বাদ দেওয়া পেশাদার আচরণ নয়। তাঁর বিশ্বাস, এ ধরনের চর্চা বন্ধ হলে দেশের নাটক আরও ভালো অবস্থানে পৌঁছাবে। গল্পের পাশাপাশি নির্মাণ ও শিল্পী নির্বাচনের ক্ষেত্রেও কাজের মানকে প্রাধান্য দেওয়া প্রয়োজন।

ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নেই
নিজের ফেসবুক পোস্ট নিয়ে কেউ ব্যক্তিগতভাবে প্রতিক্রিয়া দেখালে তা নিয়ে ভাবতে চান না পারসা। তাঁর বক্তব্য, তিনি কারও নাম উল্লেখ করেননি কিংবা কাউকে ব্যক্তিগত আক্রমণও করেননি।

পারসার ভাষায়, নিজের কাজ ও পরিশ্রমের ওপর তাঁর আস্থা রয়েছে। যোগ্যতা অনুযায়ী কাজের স্বীকৃতি একসময় ফিরে আসবে বলেও বিশ্বাস করেন তিনি। কে তাঁর পোস্টকে কীভাবে নিলেন, কিংবা এর কারণে কেউ তাঁকে কাজে নেবেন কি না, তা নিয়ে চিন্তিত নন এই অভিনেত্রী।

‘ব্যাচেলর পয়েন্ট’ বদলে দিয়েছে ক্যারিয়ার
জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর একটি মৌসুমে ইভা চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পান পারসা ইভানা। এই ধারাবাহিককে নিজের অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ মনে করেন তিনি।

পারসা জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয়ের পর তাঁর জীবনে অনেক পরিবর্তন এসেছে। বিভিন্ন অনুষ্ঠানে গেলে এখন অসংখ্য দর্শক তাঁকে দেখতে আসেন। অভিনয়শিল্পী হিসেবে যে স্বীকৃতি আগে পাননি, এই ধারাবাহিকের মাধ্যমে তা পেয়েছেন। মাত্র একটি মৌসুমে অভিনয় করলেও এখনো দর্শকেরা তাঁকে আবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ দেখতে চান। বিষয়টিকে নিজের অভিনয়জীবনের বড় প্রাপ্তি মনে করেন তিনি।

সিনেমায় অভিনয়ের অপেক্ষায় পারসা
বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন রয়েছে পারসারও। তবে শুধু সিনেমায় নাম লেখানোর জন্য যেকোনো কাজ করতে চান না তিনি। ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেলেও গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় সেগুলোতে যুক্ত হননি।

পারসার মতে, এমন চিত্রনাট্য ও চরিত্রে অভিনয় করতে চান, যেখানে নিজের অভিনয়ক্ষমতা তুলে ধরার সুযোগ থাকবে। এ ক্ষেত্রে গল্প, পরিচালক, চিত্রনাট্য ও চরিত্রের গভীরতাকে গুরুত্ব দেন তিনি। শুধু বড় তারকা বা সহশিল্পীর উপস্থিতি তাঁর কাছে সিনেমা নির্বাচনের প্রধান বিষয় নয়। সম্প্রতি ‘মিস্টার বাদল’ নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন পারসা। গত সাত-আট মাসে পাঁচটি নাটকের শুটিংও শেষ করেছেন তিনি।

কালের আলো/এসএ/এমএস

Link copied!