বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬১তম জন্মদিন ২ নভেম্বর। বিশেষ এই দিনে ভক্তদের জন্য বড় চমক নিয়ে হাজির হয়েছেন তিনি। বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘কিং’-এর নতুন রোমান্টিক গান ‘তু মিল জায়ে’ প্রকাশ পেয়েছে মধ্যরাতে। গানটিতে শাহরুখ খানের সঙ্গে রোমান্সে মেতেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে শুধু প্রেম নয়, গানের দৃশ্যজুড়ে রয়েছে অ্যাকশন, উত্তেজনা ও সাসপেন্সের ঝলক।
গত বছর শাহরুখের ৬০তম জন্মদিনে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন নির্মাতারা। এবার জন্মদিনে ভক্তদের প্রত্যাশা ছিল ‘কিং’-এর টিজার কিংবা ট্রেলার প্রকাশের। তবে সেই প্রত্যাশার বদলে নির্মাতারা উপহার দিয়েছেন একটি মিউজিক ভিডিও। এতে শাহরুখ ও দীপিকার পরিচিত রোমান্টিক রসায়ন আবারও নতুনভাবে পর্দায় উঠে এসেছে।
প্রেমের আবহে শাহরুখ-দীপিকা
প্রকাশিত ‘তু মিল জায়ে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচি। পাশাপাশি বিশ্বখ্যাত পপ তারকা এড শিরানের র্যাপ যুক্ত হয়েছে গানটিতে। শচীন-জিগরের সুরে তৈরি গানটি শুরুতেই দর্শকদের জন্য রেখেছে বিশেষ চমক।
সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দের নির্মাণে শুরুতেই শোনা যায় শাহরুখের আইকনিক সংলাপ, ‘মেঁ কাতিল নেহি, আশিক হুঁ, অউর নিশানা মেরি মাশুকা, অউর ও আশিক হি ক্যা জো দিল চির না দে।’
গানের শুরুতে মনোরম লোকেশনে শাহরুখ ও দীপিকার প্রেমের মুহূর্তগুলো ফুটে উঠেছে। শাহরুখকে দেখা গেছে তাঁর পরিচিত চার্ম ও স্টাইলিশ ছোট কালো চুলে। অন্যদিকে দীপিকাও নিজের সৌন্দর্য ও উপস্থিতি দিয়ে নজর কেড়েছেন।
রোমান্সের পর রক্তক্ষয়ী অ্যাকশন
তবে গানটির চমক শুধু রোমান্টিক দৃশ্যেই সীমাবদ্ধ নয়। হঠাৎ করেই বদলে যায় গানের আবহ। প্রেমের মুহূর্তের পর্দা সরতেই সামনে আসে রক্তক্ষয়ী অ্যাকশন ও সহিংসতার দৃশ্য।
সেখানে শাহরুখকে দেখা গেছে সল্ট-অ্যান্ড-পেপার লুকে। শরীরে রক্তের দাগ, পেছনে আগুনের পটভূমি এবং ভয়ংকর ফাইট সিকোয়েন্স সিনেমাটির অ্যাকশনধর্মী গল্পের ইঙ্গিত দেয়। আন্ডারওয়ার্ল্ড ও চোরাচালানের সঙ্গে যুক্ত শাহরুখের চরিত্রের অন্ধকার দিকটিও গানের দৃশ্যগুলোতে ফুটে উঠেছে।
বড় তারকাদের নিয়ে ‘কিং’
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘কিং’। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
শাহরুখ ও দীপিকা ছাড়াও এতে অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ ও জয়দীপ আহলাওয়াত। বড় তারকাদের উপস্থিতি এবং অ্যাকশন-রোমান্সের মিশেলে সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
তিন দশক পরও রোমান্টিকতার জাদু অটুট
প্রায় ৩৪ বছর আগে ‘কোই না কোই চাহিয়ে, পেয়ার কারনে ওয়ালা…’ গান দিয়ে পর্দায় যাত্রা শুরু করেছিলেন এক তরুণ। বয়সের চঞ্চলতা, এলোমেলো চুল আর চোখভরা স্বপ্ন নিয়ে আসা সেই তরুণই আজ বলিউডের বাদশাহ শাহরুখ খান।
দীর্ঘ ক্যারিয়ারে রোমান্টিক নায়ক থেকে অ্যাকশন তারকা—বিভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরেছেন তিনি। ভারতের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে তৈরি করেছেন কোটি ভক্ত। ৬১তম জন্মদিনে নতুন সিনেমার রোমান্টিক গান প্রকাশের মধ্য দিয়ে আবারও আলোচনায় শাহরুখ। বয়সের হিসাব পেরিয়ে পর্দায় তাঁর রোমান্টিক উপস্থিতি যে এখনো দর্শকদের আগ্রহের কেন্দ্রে, ‘তু মিল জায়ে’ গানটি প্রকাশের পর সেই আলোচনাই নতুন করে সামনে এসেছে। সূত্র: এনডিটিভি মুভি
কালের আলো/এসএ/জেএন
