আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আরও একবার বাংলাদেশের সিনেমার উপস্থিতি। ভারতের ৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (ইফি) নির্বাচিত হয়েছে নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘রইদ’। কান ও ভেনিস চলচ্চিত্র উৎসবে নির্বাচিত কয়েকটি সিনেমার সঙ্গে ভারতের এই মর্যাদাপূর্ণ উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমাটি।
রবিবার ( ১ নভেম্বর ) আয়োজকেরা উৎসবের নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করেন। সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের উদীয়মান নির্মাতাদের প্রথম ও দ্বিতীয় সিনেমার বিভাগে জায়গা করে নিয়েছে ‘রইদ’। ভারতের গোয়া শহরে আগামী ২০ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের উৎসব।
যে গল্প নিয়ে নির্মিত ‘রইদ’
শৈশবে মায়ের কাছে শোনা গল্প, নিজের চোখে দেখা এক দম্পতির জীবন এবং হাজার বছরের পুরোনো ঐতিহাসিক লোকজ আখ্যানের মিশেলে সিনেমাটি নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন।
‘রইদ’-এর গল্প আবর্তিত হয়েছে সাধু, তাঁর মানসিক ভারসাম্যহীন স্ত্রী এবং বাড়ির পাশের একটি তালগাছকে ঘিরে। সিনেমায় সাধু চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। তাঁর স্ত্রীর ভূমিকায় রয়েছেন নাজিফা তুষি। এর আগে ‘হাওয়া’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন নির্মাতা মেজবাউর রহমান সুমন ও নাজিফা তুষি। ‘রইদ’-এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো এই নির্মাতার সিনেমায় অভিনয় করলেন তিনি।
আদম-হাওয়ার আদিম আখ্যানের অনুসন্ধান
সিনেমাটি নির্মাণের ভাবনা ও দর্শন নিয়ে মেজবাউর রহমান সুমন জানিয়েছেন, গল্পের মধ্য দিয়ে তাঁরা আদতে আদম ও হাওয়ার আদিম আখ্যানকে খুঁজে দেখার চেষ্টা করেছেন। হাজার বছরের পুরোনো সেই আখ্যানকে বর্তমানের অনুভূতির মধ্য দিয়ে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, সিনেমার প্রতিটি স্তরে চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ জড়িয়ে রয়েছে। ফলে গ্রামীণ জীবন, লোকজ ঐতিহ্য ও মানুষের অনুভূতি সিনেমাটির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে।
কান-ভেনিসের সিনেমাও থাকছে উৎসবে
ইফির উদীয়মান নির্মাতাদের বিভাগে ‘রইদ’-এর পাশাপাশি নির্বাচিত হয়েছে কান, ভেনিস ও রটারড্যাম চলচ্চিত্র উৎসবে আলোচিত বেশ কয়েকটি সিনেমা। তালিকায় রয়েছে কোস্টারিকান-ফরাসি নির্মাতা ভ্যালেন্টিনা মরেলের ‘ফরেভার ইউর ম্যাটারনাল অ্যানিম্যাল’, কঙ্গোর রাফিকি ফারিয়ালার ‘কঙ্গো বয়’, গ্রিসের কনস্তান্তিনা কৎজামানির ‘টাইটানিক ওশান’ এবং যুক্তরাষ্ট্রের রিড ভ্যান ডাইকের ‘অ্যাটোনমেন্ট’।
এ ছাড়া রয়েছে সার্বিয়ার ইয়েলেনা মাকসিমোভিচের ‘আনটিল দ্য ডে এন্ডস’, জার্মানির ইয়ানিস লেন্সের ‘ওয়েসিস’, ফিলিপাইনের আরভিন বেলারমিনোর ‘রিয়া’ এবং পি আর মনেনসিলো পাতিনদলের ‘আই গ্রু অ্যান ইঞ্চ হোয়েন মাই ফাদার ডাইড’।
রটারড্যাম উৎসবেও নির্বাচিত হয়েছিল ‘রইদ’
এর আগে ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের টাইগার কম্পিটিশন বিভাগে নির্বাচিত হয়েছিল ‘রইদ’। সিনেমাটির গল্প যৌথভাবে লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি।
চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান। ২ ঘণ্টা ৭ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি গ্রামীণ পটভূমিতে বড় পরিসরে নির্মিত হয়েছে। ফেসকার্ড প্রোডাকশন ও ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে ধারাবাহিকভাবে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের চলচ্চিত্রের উপস্থিতি আরও বিস্তৃত হচ্ছে।
কালের আলো/এসএ/জেএন
