Kaler Alo
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৩:২০ পিএম

তারকাখ্যাতির আড়ালে শাহরুখের জীবনের অজানা গল্প

বিনোদন ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৩:২০ পিএম

তারকাখ্যাতির আড়ালে শাহরুখের জীবনের অজানা গল্প

তিন দশকের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন শাহরুখ খান। অসংখ্য ব্যবসাসফল সিনেমা, কোটি ভক্তের ভালোবাসা আর বিশ্বজুড়ে পরিচিতি—সব মিলিয়ে তাঁর তারকাখ্যাতি অনন্য। তবে এই সাফল্যের পথ কখনোই মসৃণ ছিল না। ক্যারিয়ারের শুরুতে প্রত্যাখ্যান, সিনেমা ছেড়ে দেওয়ার আফসোস, সহকর্মীদের সঙ্গে বিরোধ, বিতর্কিত মন্তব্য এবং ছেলের গ্রেপ্তারের মতো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে।

কখনো নিজের সিদ্ধান্তের কারণে হাতছাড়া হয়েছে জনপ্রিয় সিনেমা, কখনো ব্যর্থতার ধাক্কায় দীর্ঘ বিরতি নিয়েছেন। আবার সব বাধা পেরিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনও করেছেন। জন্মদিনে ফিরে দেখা যাক শাহরুখ খানের জীবনের এমন ১০টি অধ্যায়, যেগুলো তাঁর সাফল্যের গল্পের আড়ালে থাকা অন্য এক বাস্তবতাকে তুলে ধরে।

প্রথম অডিশনেই প্রত্যাখ্যাত হয়েছিলেন

 প্রথম অডিশনে শাহরুখ খান

আজকের শাহরুখ খানকে কল্পনা করলে প্রত্যাখ্যানের গল্পটি অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে। অথচ অভিনয়জীবনের শুরুতে তাঁকেও অডিশনে বাদ পড়তে হয়েছিল। হেমা মালিনীর পরিচালনায় ‘দিল আশনা হ্যায়’ সিনেমার জন্য প্রথমবার অডিশন দিয়েছিলেন তিনি। কিন্তু শুরুতে তাঁর অভিনয় ও চেহারা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না পরিচালক।

পরে দ্বিতীয়বার অডিশনের সুযোগ পান শাহরুখ। সেই চেষ্টায় পরিচালকের মন জয় করতে সক্ষম হন তিনি। এর আগে টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজি’তে অভিনয় করে পরিচিতি পেলেও সিনেমায় জায়গা করে নেওয়ার পথটা সহজ ছিল না। তাঁর এই অভিজ্ঞতা প্রমাণ করে, বলিউডের শীর্ষ তারকা হয়ে ওঠার পেছনেও রয়েছে প্রত্যাখ্যানের অধ্যায়।

হাতছাড়া করেছিলেন ‘লগান’, ‘থ্রি ইডিয়টস’, ‘মুন্নাভাই’

শাহরুখ খানের অভিনয়ের প্রথম সুযোগ

শাহরুখ খানের ক্যারিয়ারের আলোচিত বিষয়গুলোর একটি হলো, তাঁর ছেড়ে দেওয়া কিছু সিনেমা পরে অন্য অভিনেতাদের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হয়ে উঠেছে। ‘লগান’ সিনেমার ভুবন চরিত্রের জন্য প্রথমে শাহরুখের কথা ভাবা হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। পরে চরিত্রটি করেন আমির খান। সিনেমাটি অস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়নও পায়।

‘মুন্নাভাই এমবিবিএস’-এর প্রধান চরিত্রেও শাহরুখকে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে শারীরিক সমস্যা ও সময়সূচির জটিলতায় শেষ পর্যন্ত কাজটি করা হয়নি বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। পরে সঞ্জয় দত্তের অভিনয়ে মুন্নাভাই চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এ ছাড়া ‘থ্রি ইডিয়টস’, ‘রং দে বাসন্তী’, ‘যোধা আকবর’ ও ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমা নিয়েও শাহরুখের অভিনয়ের প্রস্তাব বা তাঁকে বিবেচনার খবর প্রকাশিত হয়েছে।

সালমান খানের সঙ্গে বন্ধুত্বে ছয় বছরের দূরত্ব

ক্যাটরিনা কাইফের জন্মদিনে শাহরুখ খান ও সালমান খান

একসময় শাহরুখ খান ও সালমান খানের বন্ধুত্ব ছিল বলিউডের অন্যতম আলোচিত সম্পর্ক। একসঙ্গে ‘করণ অর্জুন’ সিনেমায় অভিনয় করেছেন তাঁরা। কিন্তু ২০০৮ সালে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিনের অনুষ্ঠানে দুজনের মধ্যে তুমুল কথা-কাটাকাটি হয়।

এরপর দীর্ঘদিন তাঁদের সম্পর্ক ভালো ছিল না। একে অপরকে এড়িয়ে চলতেন, প্রকাশ্যেও দূরত্ব বজায় রাখতেন। দুই সুপারস্টারের বিরোধ নিয়ে তখন বলিউডে ব্যাপক আলোচনা হয়।

প্রায় পাঁচ বছর পর ২০১৩ সালে মুম্বাইয়ে বাবা সিদ্দিকীর ইফতার অনুষ্ঠানে দুজনকে আলিঙ্গন করতে দেখা যায়। এরপর ধীরে ধীরে সম্পর্কের বরফ গলতে শুরু করে। বর্তমানে একে অপরের সিনেমায় অতিথি চরিত্রে উপস্থিত হতেও দেখা যায় তাঁদের।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঁচ বছরের নিষেধাজ্ঞা

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিরাপত্তাকর্মীর দুর্ব্যবহার 

২০১২ সালের ১৬ মে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচের পর বিতর্কে জড়িয়ে পড়েন শাহরুখ। অভিযোগ ওঠে, স্টেডিয়ামের নিরাপত্তাকর্মী ও মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন তিনি।

শাহরুখের দাবি ছিল, নিরাপত্তাকর্মীরা তাঁর সন্তানদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি প্রতিক্রিয়া দেখান। পরে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁকে পাঁচ বছরের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়।

ঘটনাটি ভারতীয় ক্রিকেট ও বিনোদনজগতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ২০১৫ সালের আগস্টে তাঁর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় অ্যাসোসিয়েশন।

অসহিষ্ণুতা নিয়ে মন্তব্যে সমালোচনার মুখে

শাহরুখ খান

২০১৫ সালে নিজের ৫০তম জন্মদিনের আগে ভারতে অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান শাহরুখ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে অসহিষ্ণুতা বাড়ছে বলে মনে হওয়া তাঁর জন্য উদ্বেগের বিষয়।

তাঁর এই বক্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল থেকে সমালোচনা শুরু হয়। এমনকি তাঁর অভিনীত ‘দিলওয়ালে’ সিনেমার বিরুদ্ধেও বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়।

পরবর্তী সময়ে শাহরুখ বলেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। কাউকে আঘাত করার উদ্দেশ্যে তিনি কিছু বলেননি বলেও জানান। নিজের দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসার কথাও তুলে ধরেন তিনি। জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় এই বিতর্ক তাঁর ক্যারিয়ারের অন্যতম আলোচিত ঘটনা হয়ে ওঠে।

শিরীষ কুন্দরকে চড় মারার অভিযোগ

শিরীষ কুন্দরকে চড় মারার অভিযোগের ঘটনায় শাহরুখ
 

২০১২ সালে পরিচালক ও সম্পাদক শিরীষ কুন্দরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন শাহরুখ। মুম্বাইয়ে ‘অগ্নিপথ’ সিনেমার সাফল্য উদ্‌যাপনের অনুষ্ঠানে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহরুখ শিরীষকে চড় মেরেছেন বলে অভিযোগ ওঠে।

ঘটনাটি নিয়ে বলিউডে ব্যাপক আলোচনা হয়। শিরীষ ছিলেন পরিচালক ফারাহ খানের স্বামী। অন্যদিকে ফারাহ ও শাহরুখ একসময় ঘনিষ্ঠ বন্ধু এবং কাজের সহযোগী ছিলেন। ‘ম্যায় হু না’, ‘ওম শান্তি ওম’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তাঁরা।

এই ঘটনার পর তাঁদের বন্ধুত্বেও দূরত্ব তৈরি হয় বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। বলিউডের অন্যতম জনপ্রিয় বন্ধুত্বের সম্পর্কে এমন টানাপোড়েন ছিল শাহরুখের ব্যক্তিগত জীবনের আলোচিত অধ্যায়।

একাধিক সিনেমার ব্যর্থতায় ক্যারিয়ারে ধাক্কা

শাহরুখ খানের ‘জিরো’ সিনেমা

একসময় শাহরুখ খানের নামই ছিল সিনেমার সাফল্যের অন্যতম বড় নিশ্চয়তা। কিন্তু সময়ের সঙ্গে দর্শকের রুচি ও বক্স অফিসের হিসাব বদলেছে। ‘ফ্যান’, ‘জব হ্যারি মেট সেজল’ এবং ‘জিরো’র মতো সিনেমা প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি।

বিশেষ করে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জিরো’ ছিল তাঁর ক্যারিয়ারের বড় ধাক্কা। একের পর এক সিনেমার ব্যর্থতা তাঁকে নিজের কাজ ও দর্শকের চাহিদা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।

২০২৪ সালে সাংবাদিক রিচার্ড কোয়েস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ স্বীকার করেন, কিছু সিনেমায় নতুন কিছু করার চেষ্টা করতে গিয়ে দর্শকের প্রত্যাশা ঠিকমতো বুঝতে পারেননি। ব্যর্থতার পর নিজের ক্ষত সারিয়ে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন বলেও জানান তিনি।

প্রায় পাঁচ বছর বড় পর্দা থেকে দূরে
‘জিরো’ মুক্তির পর ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বড় পর্দায় প্রধান চরিত্রে দেখা যায়নি শাহরুখকে। দীর্ঘ এই বিরতি নিয়ে নানা আলোচনা ছিল। কেউ মনে করেছিলেন, পরপর সিনেমার ব্যর্থতা তাঁকে পিছিয়ে দিয়েছে। আবার কেউ ধারণা করেছিলেন, নতুনভাবে নিজেকে প্রস্তুত করতেই এই বিরতি নিয়েছেন তিনি।

নিজের বক্তব্যেও উঠে এসেছে, ‘জিরো’র পর অভিনয়ের প্রতি আগের মতো আগ্রহ অনুভব করছিলেন না। একপর্যায়ে প্রযোজককে ফোন করে এক বছরের বিরতির কথা জানান। কিন্তু সেই বিরতি দীর্ঘ হয়ে যায়।

এই সময়ে সিনেমা দেখা, গল্প শোনা, বই পড়া এবং পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। এমনকি ভালো পিৎজা বানানো শেখার কথাও জানিয়েছেন। অবশেষে ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ নিয়ে বড় পর্দায় ফেরেন শাহরুখ। বিশেষ করে ‘পাঠান’ ও ‘জওয়ান’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।

ছেলে আরিয়ানের গ্রেপ্তারে কঠিন সময়

জেল থেকে ছেলের সাথে সাক্ষাতের পর শাহরুখ খান

২০২১ সালের অক্টোবরে মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরিতে মাদকবিরোধী সংস্থার অভিযানের পর গ্রেপ্তার হন শাহরুখের ছেলে আরিয়ান খান। মুহূর্তেই ঘটনাটি ভারতের বিনোদনজগতের সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত হয়।

ছেলের আইনি জটিলতার সময় শাহরুখ প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি। দীর্ঘদিন ধরে চলা এই ঘটনা তাঁর পরিবারকে কঠিন পরিস্থিতির মুখে ফেলে।

২০২২ সালের মে মাসে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্ত দল পর্যাপ্ত প্রমাণের অভাবে আরিয়ানকে মামলার অভিযোগপত্র থেকে বাদ দেয়। বাবার পরিচয়ের কারণে নয়, বরং একজন তরুণ হিসেবে আরিয়ানের জীবনে ঘটনাটি ছিল বড় এক আলোচিত অধ্যায়।

হলিউডে সুযোগ পেয়েও বলিউডেই থেকেছেন

শাহরুখ খান

বলিউডের এত বড় তারকা হয়েও কেন হলিউডের সিনেমায় নিয়মিত অভিনয় করেননি শাহরুখ—এ প্রশ্ন দীর্ঘদিনের। আন্তর্জাতিক তারকাদের সঙ্গে তাঁর পরিচয় রয়েছে, বিদেশেও রয়েছে বিপুলসংখ্যক ভক্ত। তবু হলিউডের বড় কোনো সিনেমায় প্রধান চরিত্রে তাঁকে দেখা যায়নি।

বিভিন্ন সময়ে হলিউডে কাজের প্রস্তাব পাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। তবে শাহরুখের বক্তব্য, পশ্চিমা চলচ্চিত্রে নিজের জন্য উপযুক্ত চরিত্র না পেলে শুধু হলিউডে অভিনয়ের জন্য সেখানে যেতে চান না তিনি। নিজের ভাষা ও সংস্কৃতির সিনেমায় কাজ করাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। ২০২৪ সালে ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারেও ভারতীয় সিনেমার নিজস্ব পরিচয় ও বৈশিষ্ট্য নিয়ে কথা বলেন এই অভিনেতা।

প্রত্যাখ্যান থেকে তারকাখ্যাতি, বন্ধুত্বের ভাঙন থেকে বিতর্ক, ব্যর্থতা থেকে প্রত্যাবর্তন—সব মিলিয়ে শাহরুখ খানের জীবন যেন নানা বাঁক পেরোনোর গল্প। তাঁর সাফল্যের ঝলমলে ছবির পাশাপাশি এসব অধ্যায়ও বুঝিয়ে দেয়, বলিউডের ‘বাদশাহ’ হয়ে ওঠার পথ কতটা চ্যালেঞ্জের ছিল। সূত্র:দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও ইন্ডিয়া টুডে অবলম্বনে

কালের আলো/এসএ/জেএন

Link copied!