Kaler Alo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৬:৩৪ পিএম

অস্ট্রেলীয় বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর আহ্বান

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৬:৩৪ পিএম

অস্ট্রেলীয় বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগের নতুন সম্ভাবনা কাজে লাগানো, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। জবাবে আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেছেন আলবানিজ।

  • কপ-৩১-এর সাইডলাইনে আলবানিজের সঙ্গে বৈঠক 
  • আগামী বছর বাংলাদেশ সফরের আশা অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ, কৃষির আধুনিকায়ন এবং রোহিঙ্গা সংকটসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন দুই নেতা।

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থে অগ্রাধিকার 
বৈঠকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে আন্তর্জাতিক আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য কার্যকর সহযোগিতা ও প্রয়োজনীয় উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় কপ-৩১-এর চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন তিনি।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যে কাজ করছে সরকার। এ ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ ও খাল খনন কর্মসূচির কথা তুলে ধরেন তিনি।

বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান
বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে উল্লেখ করে অস্ট্রেলীয় বিনিয়োগকারীদের এ দেশে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণ এবং পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরির ওপর গুরুত্ব দেন।

বিশেষ করে কৃষি খাতের উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ নিয়েও দুই প্রধানমন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ খাতে পারস্পরিক অভিজ্ঞতা ও সহযোগিতা বিনিময়ের মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির বিষয়টি আলোচনায় স্থান পায়।

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই 
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের বিষয়ে বৈঠকে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে। ফলে এ সংকটের স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করাই এ সংকট নিরসনের মূল পথ।

এ লক্ষ্য অর্জনে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি এবং সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক মহলের কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান।

আগামী বছর বাংলাদেশ সফরের আশা আলবানিজের
বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও গতিশীল করার বিষয়েও গুরুত্ব দেন দুই দেশের প্রধানমন্ত্রী। এ সময় অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জবাবে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন। অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও তারেক রহমানকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান। জবাবে সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

কূটনৈতিক মহলে গুরুত্বপূর্ণ এ বৈঠককে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জলবায়ু সহযোগিতা, বিনিয়োগ সম্প্রসারণ, কৃষির উন্নয়ন এবং রোহিঙ্গা সংকট সমাধানে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে—এমন প্রত্যাশাই তৈরি হয়েছে বৈঠক ঘিরে।

কালের আলো/ওয়াইএ/এমকে 

Link copied!