Kaler Alo
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ১১:৩৬ পিএম

তারেক–এরদোয়ান বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন বার্তা

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ১১:৩৬ পিএম

তারেক–এরদোয়ান বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন বার্তা

তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। কপ-৩১ জলবায়ু সম্মেলন শুরুর প্রাক্কালে দুই দেশের শীর্ষ নেতার এই বৈঠককে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠক শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন।

  • বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার বিষয় সামনে রেখে আন্তালিয়ায় দুই নেতার আলোচনা
  • দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার নানা দিক ঘিরে আগ্রহ

কপ-৩১ সম্মেলনের আগেই গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলন শুরুর আগের দিনই তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে আন্তালিয়ার বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

ইস্তাম্বুলে ভিভিআইপি মর্যাদায় উষ্ণ অভ্যর্থনা
এর আগে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।

সেখানে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি মর্যাদায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরের ভেতরে তাঁকে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। এ সময় অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ।

প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতির পর দুপুর ২টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে আন্তালিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

বুধবার কপ-৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী
সফরসূচি অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গেও তাঁর দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। বিশ্ব জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদারের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে এই বৈঠক দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। 

কালের আলো/জেএন/এমকে

Link copied!