চলতি ২০২৬-২৭ অর্থবছরে কৃষকদের জন্য সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রেখেছে সরকার। পাশাপাশি ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স ও মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি দেশব্যাপী মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান।
সার বিক্রিতে অনিয়ম ঠেকাতে বিশেষ নজরদারি
সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খান আন্তর্জাতিক বাজারে সারের দামের ওঠানামার প্রেক্ষাপটে ইউরিয়া, ডিএপি ও টিএসপি সারে চলতি অর্থবছরে সরকারের মোট ভর্তুকির পরিমাণ জানতে চান।
এ ছাড়া পিক সিজনে ডিলার ও মজুতদারদের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অপতৎপরতা বন্ধে মন্ত্রণালয়ের বিশেষ মনিটরিং ব্যবস্থা রয়েছে কি না, তা জানতে চান তিনি।
জবাবে কৃষিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সার সরবরাহ, মজুত, পরিবহন, বিতরণ ও খুচরা বিক্রয় কার্যক্রম সার্বক্ষণিক তদারকির জন্য কৃষি মন্ত্রণালয়ে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম খোলা হয়েছে। মাঠপর্যায়ে উদ্ভূত সমস্যার দ্রুত সমাধানেও এই কন্ট্রোল রুম কাজ করছে।
৬৪ জেলায় মনিটরিংয়ের দায়িত্বে ৬৪ কর্মকর্তা
মন্ত্রী জানান, দেশের ৬৪ জেলায় সার মনিটরিং কার্যক্রম জোরদার করতে মন্ত্রণালয়ের ৬৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কৃষি মন্ত্রণালয়ের দুজন যুগ্মসচিব ও দুজন উপসচিবের সমন্বয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে।
কৃষক কার্ডে মিলবে সার ও বীজ
কৃষিমন্ত্রী আরও জানান, কৃষকদের জন্য সরকার ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করেছে। এর আওতায় কৃষকদের ডিজিটাল ডাটাবেজ তৈরি, ন্যায্যমূল্যে সার, মানসম্মত বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি কৃষক কার্ডের মাধ্যমে সরকারি ভর্তুকি ও প্রণোদনা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।
কালের আলো/এম/এএইচ
