Kaler Alo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

সিলেট সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ১২:১২ পিএম

৪ লাখ মানুষের ভরসা ৯ চিকিৎসক, সংকটে গোয়াইনঘাট হাসপাতাল

সিলেট সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ১২:১২ পিএম

৪ লাখ মানুষের ভরসা ৯ চিকিৎসক, সংকটে গোয়াইনঘাট হাসপাতাল

সিলেটের গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে এসে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন হাজারো মানুষ। উপজেলার ১৩টি ইউনিয়নের প্রায় চার লাখ মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসা ৫০ শয্যার এই হাসপাতাল। অথচ রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনীয় শয্যা, চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলের অভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসাসেবা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নির্ধারিত শয্যার বাইরে মেঝে ও বারান্দায় থেকেও চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।

হাসপাতালটিতে প্রতিদিন ভর্তি থাকছেন ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী। অন্যদিকে চিকিৎসকের অনুমোদিত ৪০টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৯ জন। অর্থাৎ ৩১টি পদই শূন্য। নার্সের ক্ষেত্রেও রয়েছে উল্লেখযোগ্য ঘাটতি। ফলে বিপুলসংখ্যক রোগীকে সীমিত জনবল দিয়ে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ দ্বিগুণ
দেখা যায়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে নির্ধারিত শয্যার বাইরে মেঝে ও বারান্দায় অবস্থান করছেন রোগীরা। একই জায়গায় গাদাগাদি করে থাকতে হচ্ছে একাধিক রোগীকে। পর্যাপ্ত শয্যা না থাকায় অনেককে বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীদের স্বাভাবিক চিকিৎসা গ্রহণে অসুবিধা তৈরি হচ্ছে। পাশাপাশি অপরিচ্ছন্ন ও ঘনবসতিপূর্ণ পরিবেশে সংক্রমণসহ নানা স্বাস্থ্যঝুঁকির আশঙ্কাও বাড়ছে।

বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক রোগীদের ভোগান্তি বেশি। অসুস্থ অবস্থায় পর্যাপ্ত জায়গা ও প্রয়োজনীয় পরিবেশ না পাওয়ায় রোগীদের পাশাপাশি তাঁদের স্বজনদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিন বলেন, দুদিন আগে চিকিৎসা নিতে এসেছেন তিনি। এখানে চিকিৎসক ও শয্যার সংকট রয়েছে। পর্যাপ্ত শয্যা না থাকায় রোগীদের অনেক কষ্ট করতে হচ্ছে।

চিকিৎসকের ৩১ পদই শূন্য
হাসপাতাল সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের চার লক্ষাধিক মানুষের চিকিৎসার অন্যতম প্রধান আশ্রয়স্থল এই স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন এখানে তিন থেকে চার শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। তবে চিকিৎসকের অনুমোদিত ৪০টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৯ জন। শূন্য রয়েছে ৩১টি পদ।

অন্যদিকে নার্সের অনুমোদিত ৩৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২০ জন। বাকি ১৬টি পদ শূন্য থাকায় নার্সিং সেবাতেও চাপ তৈরি হয়েছে। চিকিৎসক ও নার্সের এই ঘাটতির কারণে ভর্তি রোগীদের পাশাপাশি বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসাসেবা পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে।

এক্স-রে কার্যক্রম বন্ধ, বাড়তি খরচ রোগীদের
চিকিৎসক ও নার্সের সংকটের পাশাপাশি প্রয়োজনীয় টেকনোলজিস্ট ও জনবলের অভাবে হাসপাতালের এক্স-রে কার্যক্রমও বন্ধ রয়েছে। ফলে পরীক্ষা করাতে এসে সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের।

প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁদের যেতে হচ্ছে অন্য হাসপাতাল কিংবা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। এতে একদিকে যেমন বাড়তি অর্থ ব্যয় হচ্ছে, অন্যদিকে সময় ও যাতায়াতের ভোগান্তিও বাড়ছে। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের রোগীদের জন্য এই বাড়তি ব্যয় আরও চাপ তৈরি করছে।

জনসংখ্যা বাড়লেও বাড়েনি হাসপাতালের সক্ষমতা
স্থানীয়দের অভিযোগ, গোয়াইনঘাট উপজেলায় জনসংখ্যা ও রোগীর সংখ্যা বাড়লেও সেই অনুপাতে হাসপাতালের শয্যাসংখ্যা, চিকিৎসক এবং অন্যান্য জনবল বাড়ানো হয়নি। ফলে স্থানীয়ভাবে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে অনেক রোগীকে সিলেট শহরের বিভিন্ন হাসপাতালে যেতে হচ্ছে।

তাঁদের দাবি, হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও অন্যান্য জনবল দ্রুত নিয়োগ দিতে হবে। একই সঙ্গে হাসপাতালের অবকাঠামো সম্প্রসারণ এবং পরীক্ষা-নিরীক্ষার সুবিধা বাড়িয়ে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

সীমিত জনবলেই সেবা দেওয়ার চেষ্টা
গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারোয়ার আহমদ বলেন, চিকিৎসকের ৪০টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৯ জন। প্রতিদিন হাসপাতালে ১০০ জনের বেশি রোগী ভর্তি থাকেন। পাশাপাশি বহির্বিভাগে সাড়ে ৪০০ থেকে ৫০০ রোগী চিকিৎসা নিতে আসেন। জরুরি বিভাগেও রোগীর চাপ অনেক বেশি।

তিনি বলেন, সীমিত জনবল নিয়ে বিপুলসংখ্যক রোগীকে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তারপরও আন্তরিকতার সঙ্গে সর্বোচ্চ চেষ্টা করে রোগীদের সেবা দেওয়া হচ্ছে।

সব মিলিয়ে প্রায় চার লাখ মানুষের চিকিৎসার দায়িত্ব পালন করছে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু শয্যা সংকট, চিকিৎসক-নার্সের ঘাটতি এবং পরীক্ষা-নিরীক্ষার সীমিত সুবিধার কারণে হাসপাতালটির ওপর বাড়ছে চাপ। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত জনবল নিয়োগ ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

কালের আলো/এসএ/ডিএইচ
 

Link copied!