রাজধানীর পোস্তগোলায় যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা দুটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়েছে বেপরোয়া গতির একটি ট্রাক। এতে দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও জাকির হোসেন (৫০)। বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
যেভাবে ঘটল দুর্ঘটনা
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুর্ঘটনার সময় জাহাঙ্গীর ও জাকির পোস্তগোলায় যাত্রীর অপেক্ষায় তাঁদের ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি দাঁড়িয়ে থাকা দুটি অটোরিকশাকে চাপা দিয়ে ফুটপাতের ওপর উঠে যায়।
এতে দুই চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। নিহত জাহাঙ্গীরের সহকর্মী হৃদয় জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোর ৪টা ২৫ মিনিটে জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় জাকিরও মারা যান। আহত অপর ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ট্রাক জব্দ, চালক পলাতক
কদমতলী থানার উপপরিদর্শক মো. জামাল হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহতদের বাড়ি পটুয়াখালী ও হবিগঞ্জে
নিহত জাকির হোসেনের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায়। তাঁর বাবার নাম জিন্নাত আলী। তিনি রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগের পাকার মাথা এলাকায় বসবাস করতেন।
অন্যদিকে জাহাঙ্গীর পোদ্দারের বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়। তাঁর বাবার নাম শাহআলম পোদ্দার। তিনি রাজধানীর নামা শ্যামপুর এলাকায় থাকতেন। ময়নাতদন্তের জন্য নিহত দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কালের আলো/এসকে/এমএসআইপি
