আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিতে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে তালেবান প্রশাসন। শুধু সরকারি কাগজপত্র নয়, চিকিৎসকের ব্যবস্থাপত্র, হাসপাতালের নথি এবং স্বাস্থ্যসংক্রান্ত কাগজেও নারীদের প্রকৃত নাম ব্যবহার করা যাচ্ছে না। তাঁদের পরিচয় বোঝাতে কোথাও ‘বিবি’, আবার কোথাও ‘ছাগল’ কিংবা ‘গরু’ শব্দ ব্যবহার করা হচ্ছে। এমন নির্দেশনায় আফগান নারীদের ব্যক্তিগত পরিচয় ও মানবিক মর্যাদা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
নতুন এই বিধিনিষেধ অনুযায়ী, সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরাও নারীদের নাম ধরে সম্বোধন করতে পারবেন না। ফলে সরকারি সেবা নেওয়া থেকে শুরু করে চিকিৎসা গ্রহণ—প্রতিটি ক্ষেত্রেই নারীদের নিজস্ব পরিচয় ব্যবহারের সুযোগ সংকুচিত হচ্ছে। বিষয়টিকে শুধু নাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা হিসেবে দেখছেন না অধিকারকর্মীরা; তাঁদের মতে, এর মধ্য দিয়ে নারীদের স্বতন্ত্র পরিচয় মুছে ফেলার প্রক্রিয়া আরও প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে।
নাম মুছে পরিচয়হীন করার আশঙ্কা
আফগান সমাজে ‘বিবি’ শব্দের অর্থ দাদি বা বয়স্ক নারী। নারীদের প্রকৃত নামের পরিবর্তে এ ধরনের শব্দ ব্যবহারের চর্চা তাঁদের ব্যক্তিগত পরিচয়কে আড়াল করছে। আফগান নারী অধিকারকর্মী লালা ওসমানি এই পরিস্থিতিকে নারীদের মানবিক মর্যাদা কেড়ে নেওয়ার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, একজন মানুষের মানবিক পরিচয় কেড়ে নেওয়ার প্রথম পদক্ষেপ হলো তার নাম কেড়ে নেওয়া। তাঁর মতে, নাম কেবল কাউকে শনাক্ত করার মাধ্যম নয়; এটি একজন মানুষের ব্যক্তিসত্তা ও সামাজিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। সেই পরিচয় ব্যবহারের অধিকার কেড়ে নেওয়া হলে সমাজে নারীদের অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে।
চিকিৎসাসেবায় বাড়তে পারে ঝুঁকি
নারীদের নাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার প্রভাব শুধু সামাজিক বা ব্যক্তিগত পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, স্বাস্থ্যসেবাতেও তৈরি হতে পারে গুরুতর জটিলতা। বিশেষ করে চিকিৎসকের ব্যবস্থাপত্র ও হাসপাতালের নথিতে একই ধরনের পরিচয় ব্যবহার করা হলে রোগী শনাক্ত করা কঠিন হয়ে পড়তে পারে।
লালা ওসমানির আশঙ্কা, একাধিক নারীর চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রে একই পরিচয় লেখা হলে রোগী শনাক্তে ভুল হওয়ার ঝুঁকি বাড়বে। এতে একজনের চিকিৎসার তথ্য অন্যজনের সঙ্গে মিশে যেতে পারে। এমনকি ভুল রোগীকে ভুল ওষুধ দেওয়া কিংবা চিকিৎসার ক্ষেত্রে বিভ্রান্তি তৈরির আশঙ্কাও রয়েছে। ফলে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা তাঁদের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকারকেও ঝুঁকির মুখে ফেলতে পারে।
মায়ের নাম যুক্ত করতে হয়েছিল আন্দোলন
আফগানিস্তানে সরকারি নথিতে নারীদের নাম অন্তর্ভুক্ত করার অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন লালা ওসমানি। ২০১৭ সালে সন্তানের জন্মসনদসহ সরকারি নথিতে মায়ের নাম যুক্ত করার দাবিতে তিনি ‘হোয়্যার ইজ মাই নেম’ নামে একটি প্রচারাভিযান শুরু করেন।
তাঁর উদ্যোগে বিষয়টি নিয়ে সামাজিক আলোচনা ও দাবি জোরালো হয়। এর ধারাবাহিকতায় ২০২০ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের জন্মসনদে মায়ের নাম যুক্ত করার সুযোগ তৈরি হয়। এটি ছিল নারীদের পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। কিন্তু ২০২১ সালে তালেবান আবার ক্ষমতায় ফেরার পর দেশটিতে নারীদের অর্জিত বিভিন্ন অধিকার সংকুচিত হতে শুরু করে।
সারা দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা
যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবর আশঙ্কা করছেন, বালখ প্রদেশে জারি করা এই নির্দেশনা ভবিষ্যতে আফগানিস্তানের অন্য এলাকাতেও কার্যকর হতে পারে। তাঁর মতে, তালেবান এর আগেও প্রথমে নির্দিষ্ট কিছু এলাকায় বিভিন্ন বিধিনিষেধ চালু করেছে। পরে সেগুলো দেশজুড়ে ছড়িয়ে দিয়েছে।
২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকেই আফগান নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে অংশগ্রহণের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করেছে তালেবান। মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত করা, নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণে বাধা এবং জনপরিসরে চলাফেরার ওপর নিয়ন্ত্রণ—বিভিন্ন পদক্ষেপে তাঁদের জীবন ক্রমেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। এর মধ্যেই সরকারি নথিতে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞার খবর নতুন উদ্বেগ তৈরি করেছে।
জন্মসনদে মায়ের পরিচয় না থাকায় বিপাকে সাংবাদিক
আফগান নারীদের পরিচয়সংকটের বাস্তব চিত্র উঠে এসেছে সাংবাদিক খাদিজা আমিনের অভিজ্ঞতায়। বর্তমানে স্পেনে নির্বাসিত জীবন কাটানো এই আফগান সাংবাদিক সন্তানদের সঙ্গে দেখা করার অধিকার নিয়ে জার্মান পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে সমস্যায় পড়েন। কারণ, সন্তানদের জন্মসনদে তাঁকে মা হিসেবে শনাক্ত করার মতো প্রয়োজনীয় তথ্য ছিল না।
এই অভিজ্ঞতা দেখিয়ে দেয়, সরকারি নথিতে নারীদের পরিচয় যথাযথভাবে না থাকলে ব্যক্তিগত ও পারিবারিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও কত বড় বাধা তৈরি হতে পারে। সন্তানের সঙ্গে সম্পর্ক প্রমাণ করা, আইনি সহায়তা চাওয়া কিংবা বিভিন্ন প্রশাসনিক সেবা গ্রহণ—সব ক্ষেত্রেই নারীদের জটিলতার মুখে পড়তে হতে পারে।
লালা ওসমানির মতে, আফগানিস্তানে কোনো নারীকে তাঁর আসল নামে ডাকাও এখন একধরনের প্রতিরোধ। কারণ, যেখানে নারীর নাম উচ্চারণ ও নথিতে ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, সেখানে নিজের পরিচয় ধরে রাখাটাই হয়ে উঠছে অধিকার প্রতিষ্ঠার অংশ।
বালখ প্রদেশের এই নির্দেশনা শেষ পর্যন্ত শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকে, নাকি সারা দেশে ছড়িয়ে পড়ে—তা নিয়ে উদ্বেগ রয়েছে অধিকারকর্মীদের মধ্যে। তবে এই বিধিনিষেধের ফলে আফগান নারীদের ব্যক্তিগত পরিচয়, সামাজিক মর্যাদা, আইনি অধিকার এবং জরুরি স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে নতুন বাধা তৈরি হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
কালের আলো/এসএ/জেএন

















-20261126135523.jpg)


