Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৬:৪০ পিএম

বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়তে চায় পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৬:৪০ পিএম

বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়তে চায় পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই পাকিস্তানের। বরং বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলতেই বেশি আগ্রহী পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট। হামজাকে ঘিরে বাংলাদেশের সমর্থকদের বাড়তি প্রত্যাশা থাকলেও প্রতিপক্ষের এই তারকা ফুটবলারকে আলাদা করে গুরুত্ব দিতে নারাজ তিনি।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। শুক্রবার নিজেদের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট। এ সময় হামজাকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি হামজাকে নিয়ে কিছু ভাবছি না। আমি আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলা নিয়ে বেশি আগ্রহী।’

নিজেদের খেলোয়াড়দের ওপর আস্থা পাকিস্তানের
হামজা চৌধুরীকে নিয়ে আলোচনা থাকলেও বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের দলের শক্তির ওপর আস্থা প্রকাশ করেছেন বাট। তাঁর মতে, বাংলাদেশের দলে যেমন মানসম্পন্ন ফুটবলার রয়েছেন, তেমনি পাকিস্তান দলেও রয়েছে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড়।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হামজা চৌধুরীকে নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আমাদের দলে আবদুল্লাহ ইকবাল, ঈসা সুমান, আদিল নবি ও আবদুল আরশাদের মতো দারুণ খেলোয়াড়েরা আছে। প্রতিপক্ষ দলে যেমন ভালো মানের খেলোয়াড় আছে, আমি নিশ্চিত করে বলতে পারি, আমাদের দলেও সেরকম দুর্দান্ত ফুটবলার রয়েছে।’

ফিফা উইন্ডোতে দলে যোগ দেওয়া অতিরিক্ত পাঁচজন খেলোয়াড় পাকিস্তানের প্রস্তুতিকে আরও শক্তিশালী করেছে বলেও জানান এই গোলরক্ষক। তবে তাঁর মতে, কোনো একজন খেলোয়াড়ের ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর নয়, বরং দলের সম্মিলিত প্রচেষ্টার ওপরই সাফল্য নির্ভর করছে।

ভারতের বিপক্ষে ফের খেলার স্বপ্ন
সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে হারের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছিল পাকিস্তানের। সেই ম্যাচের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন ইউসুফ বাট। টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

বাট বলেন, ‘আমি সত্যিই ভারতের বিপক্ষে আবার খেলতে চাই, কারণ আমাদের আগের ম্যাচটি খুবই, খুবই, খুবই খারাপ হয়েছিল। গত ১২-১৩ ম্যাচের মধ্যে এটিকে আমাদের সবচেয়ে খারাপ ম্যাচ বলা চলে।’

তবে ভারতের বিপক্ষে খেলার স্বপ্ন পূরণ করতে হলে আগে বাংলাদেশকে হারাতে হবে—সেটিও ভালোভাবেই জানেন পাকিস্তানের এই গোলরক্ষক। তাই আপাতত সেমিফাইনালেই দলের পূর্ণ মনোযোগ রাখার কথা জানিয়েছেন তিনি।

তাঁর ভাষায়, ‘আমি আশা করি ফাইনালে আমরা তাদের (ভারত) বিপক্ষে খেলব, তবে এক ম্যাচ এক ম্যাচ করে এগোতে হবে। এখন আমাদের মনোযোগ শুধু বাংলাদেশকে নিয়ে।’

শিরোপা জিতে ইতিহাস গড়তে চায় পাকিস্তান
সাফ চ্যাম্পিয়নশিপকে চলতি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ও নিজেদের বড় লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন ইউসুফ বাট। এবার পুরো পথ পাড়ি দিয়ে শিরোপা জয়ের পাশাপাশি ইতিহাস গড়ার প্রত্যাশা তাঁর। বাট বলেন, ‘আমি আশা করি আমরা ইতিহাস গড়তে পারব এবং এবার পুরো পথ পাড়ি দিয়ে শিরোপা জিততে পারব।’

ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। অন্যদিকে স্বাগতিকদের লক্ষ্য নিজেদের মাঠে জয় তুলে নিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নেওয়া। ফলে দুই দলের সেমিফাইনাল ঘিরে সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।

কালের আলো/এসএ/এমএস

Link copied!