Kaler Alo
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৪:৫৪ পিএম

মিরপুরে শ্রমিকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৪:৫৪ পিএম

মিরপুরে শ্রমিকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর মিরপুর। মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে সরে যাওয়ার পর মিরপুর-১ নম্বরের শাহ আলী এলাকার মাজার সংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় ভাঙচুর চালিয়েছেন আন্দোলনকারীদের একাংশ। এ সময় একটি গার্মেন্টস কারখানা ও পাশের শপিং কমপ্লেক্সে ভাঙচুরের ঘটনা ঘটে। শ্রমিকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে মিরপুর-১ নম্বরের শাহ আলী এলাকায় এসব ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, দুপুর ২টা ৫ মিনিটের দিকে শাহ আলী থানাধীন হিমালয় গার্মেন্টসের নিরাপত্তাকর্মীদের সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের সংঘর্ষ হয়।

হিমালয় গার্মেন্টস ও শপিং কমপ্লেক্সে ভাঙচুর
সংঘর্ষের পর মিরপুর-১০ এলাকা থেকে আসা শ্রমিকদের একটি দল হিমালয় গার্মেন্টস এবং পাশের বাগদাদ শপিং কমপ্লেক্সে ভাঙচুর চালায়। ঘটনার সময় সেখানে আনুমানিক ১২০ থেকে ১৫০ জন শ্রমিক উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এ সময় শ্রমিকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ও উত্তেজনা তৈরি হয়।

মিরপুর-১০ থেকে মিরপুর-১-এ ছড়িয়ে পড়ে আন্দোলন
এর আগে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে মিরপুর-১০, মিরপুর-১১ নম্বরসহ রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। এতে সংশ্লিষ্ট এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। দুপুর আড়াইটার দিকে আন্দোলনরত শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে সরে যান। এরপর তাদের একটি অংশ মিরপুর-১ নম্বরের মাজার সংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় গিয়ে ভাঙচুরে জড়ায়।

সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের উদ্যোগ
মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার ভাঙচুরের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর-১০ নম্বর থেকে শ্রমিকরা সরে যাওয়ার পর মিরপুর-১ নম্বরের মাজার সংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, এসব ভাঙচুরের সঙ্গে যারা জড়িত, তাদের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে শনাক্ত করা হবে। এরপর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শুরু হওয়া শ্রমিকদের আন্দোলন ঘিরে মিরপুরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। একদিকে শ্রমিকদের দাবি, অন্যদিকে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় ওই এলাকার স্বাভাবিক জনজীবন ও যান চলাচল ব্যাহত হয়েছে।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!