Kaler Alo
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৩:৪৫ পিএম

দ্বিতীয় ইউনিটের জ্বালানি নিয়ে রূপপুরে তিন লরি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৩:৪৫ পিএম

দ্বিতীয় ইউনিটের জ্বালানি নিয়ে রূপপুরে তিন লরি

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের চতুর্থ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় জ্বালানিবাহী তিনটি লরি কেন্দ্রে প্রবেশ করে। সকাল ৭টা ১৭ মিনিটের দিকে লরিগুলো রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়। এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) রাশিয়া থেকে বিশেষ ফ্লাইটে ইউরেনিয়ামবাহী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে শনিবার রাত ৩টার দিকে বিমানবন্দর থেকে তিনটি লরি জ্বালানি নিয়ে রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।

কড়া নিরাপত্তায় জ্বালানি পরিবহন
ইউরেনিয়াম পরিবহনের পুরো পথেই নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা। ঢাকা থেকে পাবনার রূপপুর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল। সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করেন। পুলিশ ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে জ্বালানিবাহী গাড়িগুলো প্রকল্প এলাকায় নেওয়া হয়। পরিবহনের সময় মহাসড়কে যানজট এড়াতে সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল।

দুই ইউনিটের জন্য আসছে ২১১টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গোতে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রথম ইউনিটে জ্বালানি পুনঃস্থাপনের জন্য দুটি কার্গোতে আরও ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনা হবে। এই পরিকল্পনার অংশ হিসেবেই দ্বিতীয় ইউনিটের চতুর্থ চালান দেশে এসেছে। আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে রাশিয়া থেকে আরও সাতটি ফ্লাইটে ইউরেনিয়ামের চালান দেশে আসার কথা রয়েছে।

প্রথম ইউনিটে জ্বালানি স্থাপন, শুরু পরীক্ষামূলক উৎপাদন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি দেশে পৌঁছেছিল ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর। ওই বছরের অক্টোবর ও নভেম্বর মাসে আরও চারটি চালানে জ্বালানি রূপপুরে নেওয়া হয়। এরপর চলতি বছরের মে মাসে প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে জ্বালানি স্থাপন করা হয়। প্রায় দেড় বছর পর প্রথম ইউনিটে ব্যবহৃত জ্বালানির এক-চতুর্থাংশ পরিবর্তন করতে হবে। এ জন্য চলতি মাসের ৩ অক্টোবর প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির একটি চালান রূপপুরে আনা হয়। অন্যদিকে, দ্বিতীয় ইউনিটের জ্বালানি পরিবহনের ধারাবাহিকতায় ২১ অক্টোবর সকালে দ্বিতীয় চালান এবং ২৭ অক্টোবর তৃতীয় চালান প্রকল্প এলাকায় পৌঁছায়। এবার এলো চতুর্থ চালান।

ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে শুক্রবার (৩০ অক্টোবর) পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এই কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর রাশিয়া পারমাণবিক জ্বালানি সরবরাহ করবে। এরপর নির্ধারিত সময় পরপর জ্বালানি পরিবর্তনের জন্য বাংলাদেশকে তা আমদানি করতে হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। কেন্দ্রটির দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!