শাড়িকাণ্ডের রেশ কাটতে না কাটতেই নতুন আইনি জটিলতায় পড়েছেন অভিনেত্রী তানজিন তিশা। ফেসবুকে আপত্তিকর ছবি প্রকাশ ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী।
রোববার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে মামলাটি করেন তিনি। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন। আইনজীবী জানান, এর আগে গত ২৮ অক্টোবর তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু তিনি নোটিশের কোনো জবাব দেননি। পাশাপাশি ফেসবুক থেকে অভিযোগে উল্লেখ করা ছবিগুলোও সরাননি। এ কারণে আদালতে মানহানির মামলা করা হয়েছে।
পিবিআইকে তদন্তের নির্দেশ
আইনজীবী শুভ্র সিনহা রায় বলেন, আদালত বাদীর আবেদন গ্রহণ করে তাঁর জবানবন্দি রেকর্ড করেছেন। একই সঙ্গে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। আগামী ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মামলার আবেদনে বলা হয়, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে বাদীর করা দুটি পৃথক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এসব মামলা করার পর প্রতিহিংসার বশবর্তী হয়ে তিশা গত ২৭ অক্টোবর তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর বিরুদ্ধে আপত্তিকর ছবি ও ভুল তথ্য প্রকাশ করেন বলে অভিযোগ করা হয়েছে।
মেসেঞ্জারে হুমকি দেওয়ার অভিযোগ
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, ২০২৫ সালের ৭ নভেম্বর তানজিন তিশা ফেসবুক মেসেঞ্জার থেকে বাদীকে কল করে তাঁকে ভাইরাল করার হুমকি দেন। এ সময় তিশা বলেন, ‘ফেমাস হইলে বইল, আমি তোমার ছবি আপলোড করে দিবনে।’
বাদীর অভিযোগ, গত ২৭ অক্টোবর তিশা তাঁর ফেসবুক পেজে একটি আপত্তিকর ছবি প্রকাশ করেন। পাশাপাশি দুজন নাবালক শিশুর ছবিও প্রকাশ করা হয়। এসব ছবি ও তথ্যের মাধ্যমে বাদীর সামাজিক সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
আইনি নোটিশেও সরানো হয়নি ছবি
মামলার আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর রাত ১১টার দিকে বিষয়টি বাদীর নজরে আসে। পরদিন আইনজীবীর মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে দুই দিনের মধ্যে আপত্তিকর ছবি ও তথ্য ফেসবুক থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো সরানো হয়নি বলে অভিযোগ করেছেন বাদী।
কালের আলো/এসএ/জেএন
