Kaler Alo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ১১:৩৮ এএম

নিউমোনিয়ায় অক্সিজেনসংকটে বাড়ছে শিশুমৃত্যু, বছরে প্রাণ হারাচ্ছে ২৪ হাজার

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ১১:৩৮ এএম

নিউমোনিয়ায় অক্সিজেনসংকটে বাড়ছে শিশুমৃত্যু, বছরে প্রাণ হারাচ্ছে ২৪ হাজার

নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের প্রতি তিনজনের একজনের রক্তে দেখা দিচ্ছে অক্সিজেনের ঘাটতি। আর এই ঘাটতি থাকলে মৃত্যুঝুঁকি বেড়ে যায় প্রায় পাঁচ গুণ। বিশেষ করে গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। অথচ সময়মতো রক্তে অক্সিজেনের মাত্রা শনাক্ত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গেলে অনেক শিশুর জীবন বাঁচানো সম্ভব।

বাংলাদেশে নিউমোনিয়াজনিত শিশুমৃত্যুর চিত্র আরও উদ্বেগজনক। প্রতিবছর দেশে পাঁচ বছরের কম বয়সী প্রায় ২৪ হাজার শিশু এ রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। বৈশ্বিক হারের তুলনায় বাংলাদেশে নিউমোনিয়ায় শিশুমৃত্যুর হার বেশি। সবচেয়ে উদ্বেগের বিষয়, গত চার-পাঁচ বছর ধরে মৃত্যুর সংখ্যা প্রায় একই জায়গায় আটকে রয়েছে। অর্থাৎ দীর্ঘ সময়েও এ রোগে শিশুমৃত্যু কমানোর ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হয়নি।

১২ নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণে নতুন যুগ’। টিকাদান, দ্রুত রোগ শনাক্তকরণ, উন্নত চিকিৎসা এবং প্রয়োজনীয় অক্সিজেন সেবা নিশ্চিত করার মাধ্যমে নিউমোনিয়াজনিত শিশুমৃত্যু কমানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবারের আয়োজনে।

প্রতি তিন শিশুর একজনের রক্তে অক্সিজেনের ঘাটতি
চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ’-এ ২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণায় নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের অক্সিজেন সংকটের ভয়াবহ চিত্র উঠে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শ্রেণিবিন্যাস অনুযায়ী, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ৩৪ দশমিক ৬ শতাংশের রক্তে অক্সিজেনের ঘাটতি রয়েছে। অর্থাৎ আক্রান্ত প্রতি তিন শিশুর প্রায় একজন এ সমস্যায় ভুগছে।

গবেষণায় দেখা যায়, সাধারণ নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ১৪ দশমিক ৯ শতাংশের রক্তে অক্সিজেনের ঘাটতি থাকে। গুরুতর নিউমোনিয়ার ক্ষেত্রে এ হার বেড়ে দাঁড়ায় ৩৬ দশমিক ৪ শতাংশে। অন্যদিকে এক্স-রে পরীক্ষায় শনাক্ত হওয়া নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ৪৫ দশমিক ৩ শতাংশের শরীরে অক্সিজেনের স্বল্পতা পাওয়া যায়।

গবেষণার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, রক্তে অক্সিজেনের ঘাটতি থাকা শিশুদের মৃত্যুঝুঁকি এ সমস্যা না থাকা শিশুদের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। নবজাতকদের ক্ষেত্রে এ ঝুঁকি প্রায় ছয় গুণ। ফলে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসায় শুধু রোগ শনাক্ত করাই যথেষ্ট নয়, একই সঙ্গে রক্তে অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অক্সিজেনের অভাবেই বাড়ে প্রাণঘাতী জটিলতা
রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়ার অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় হাইপোক্সেমিয়া বলা হয়। নিউমোনিয়ায় ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে ফুসফুসের বায়ুথলিতে প্রদাহ সৃষ্টি হয়। এতে ফুসফুস থেকে রক্তে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে বাধা তৈরি হয়।

এর ফলে আক্রান্ত শিশুর শ্বাসকষ্ট, দ্রুত শ্বাস নেওয়া, বুকের নিচের অংশ দেবে যাওয়া এবং গুরুতর অবস্থায় অচেতন হয়ে পড়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। সময়মতো অক্সিজেনের ঘাটতি শনাক্ত করে চিকিৎসা দেওয়া না হলে শিশুর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে পারে।

২০০৯ সালের একটি গবেষণায় হাসপাতালে ভর্তি নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ১৩ শতাংশের শরীরে হাইপোক্সেমিয়া পাওয়া যায়। ২০২২ সালের আরেক গবেষণায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ৩১ শতাংশের রক্তে অক্সিজেনের ঘাটতি ছিল। সাধারণ নিউমোনিয়ায় এ হার ৮ শতাংশ হলেও গুরুতর ও অতি গুরুতর নিউমোনিয়ায় তা বেড়ে ৪১ শতাংশে পৌঁছায়।

এ ছাড়া ২০১৯ সালের বৈশ্বিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, হাইপোক্সেমিয়াসহ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সাত মিলিয়নের বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল। অর্থাৎ শুধু এক বছরেই বিশ্বের ৭০ লাখের বেশি শিশুকে নিউমোনিয়ার পাশাপাশি অক্সিজেনের সংকট মোকাবিলা করতে হয়েছে।

বাংলাদেশে বছরে ২৪ হাজার শিশুর মৃত্যু
বাংলাদেশে নিউমোনিয়ায় শিশুমৃত্যুর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) বিজ্ঞানীরা। তাঁদের তথ্য অনুযায়ী, প্রতিবছর পাঁচ বছরের কম বয়সী প্রায় ২৪ হাজার শিশু নিউমোনিয়ায় মারা যাচ্ছে।

শিশুমৃত্যুর এ হার বৈশ্বিক পরিস্থিতির তুলনায় বেশি। আরও উদ্বেগের বিষয় হলো, গত চার-পাঁচ বছর ধরে দেশে নিউমোনিয়ায় শিশুমৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেনি। অর্থাৎ রোগ প্রতিরোধ ও চিকিৎসাব্যবস্থায় বিভিন্ন উদ্যোগ থাকলেও প্রত্যাশিত সুফল পাওয়া যাচ্ছে না।

বিশেষজ্ঞদের মতে, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ক্ষেত্রে অক্সিজেনের মাত্রা সময়মতো পরীক্ষা না করা এবং প্রয়োজনীয় চিকিৎসা দিতে দেরি হওয়া মৃত্যুঝুঁকি বাড়িয়ে দেয়। পাশাপাশি অপুষ্টি, অপরিণত অবস্থায় জন্ম এবং ঘরের ভেতরের বায়ুদূষণও শিশুদের এ রোগে আক্রান্ত হওয়া ও জটিলতা তৈরির আশঙ্কা বাড়ায়।

হামের পর শিশুদের বড় বিপদ নিউমোনিয়া
হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ নিউমোনিয়া। হামের ভাইরাস শিশুর রোগপ্রতিরোধক্ষমতাকে দুর্বল করে দেয়। ফলে আক্রান্ত হওয়ার পর শরীরে অন্যান্য জীবাণুর সংক্রমণ সহজ হয়ে ওঠে। বিশেষ করে নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রমণ শিশুর জন্য প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে।

বারডেম হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আবিদ হোসেন মোল্লা বলেন, হাম নিজে বড় ধরনের জটিলতা তৈরি না করলেও এ ভাইরাস শিশুর রোগপ্রতিরোধব্যবস্থাকে আঘাত করে। কিছুদিনের জন্য হলেও রোগপ্রতিরোধব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে। এ সময় শিশুর শরীরে অন্য জীবাণু প্রবেশ করে বিভিন্ন সংক্রমণ ঘটায়। হামের কারণে শরীরে ভিটামিন-এ-এর মজুদও কমে যায়।

তিনি বলেন, হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ পরবর্তী সময়ে দেখা দেওয়া সংক্রমণ, বিশেষ করে নিউমোনিয়া। এ রোগে ভাইরাস বা ব্যাকটেরিয়া ফুসফুসের রক্তনালিকে ক্ষতিগ্রস্ত করে। এতে ফুসফুসের অক্সিজেন গ্রহণের ক্ষমতা কমে যায় এবং রক্তে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়।

অধ্যাপক আবিদ হোসেন মোল্লার মতে, শুধু অ্যান্টিবায়োটিক ব্যবহার করে নিউমোনিয়ার রোগীকে সুস্থ করা সম্ভব নয়। রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় ও পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করাও জরুরি। বিশেষ করে গুরুতর অবস্থায় অক্সিজেনের ঘাটতি পূরণ করা না গেলে চিকিৎসার জটিলতা আরও বাড়তে পারে।

পালস অক্সিমিটারে অক্সিজেনের মাত্রা পরীক্ষা জরুরি
বিশেষজ্ঞদের মতে, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর অবস্থা গুরুতর হওয়ার আগেই রক্তে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করা প্রয়োজন। এ ক্ষেত্রে পালস অক্সিমিটার একটি সহজ ও কার্যকর যন্ত্র। আঙুলে যন্ত্রটি লাগিয়ে অল্প সময়ের মধ্যেই রক্তে অক্সিজেনের মাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

অক্সিজেনের মাত্রা বিপজ্জনক পর্যায়ে নেমে গেলে শিশুকে দ্রুত হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। বিশেষ করে শ্বাসকষ্ট, দ্রুত শ্বাস নেওয়া কিংবা বুকের নিচের অংশ দেবে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে অবহেলা করা উচিত নয়।

আইসিডিডিআরবির বিজ্ঞানী মোহাম্মদ জোবায়ের চিশতী বলেন, অপুষ্টি, অপরিণত অবস্থায় জন্ম, ঘরের ভেতরের বায়ুদূষণ, অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়া এবং রক্তে অক্সিজেনের স্বল্পতা সময়মতো শনাক্ত করতে না পারা—এসব কারণে নিউমোনিয়ায় শিশুমৃত্যুর ঝুঁকি বাড়ে।

তিনি আরও বলেন, নিউমোনিয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলো প্রচলিত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠছে। ফলে চিকিৎসার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে। অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে গেলে আক্রান্ত শিশুদের চিকিৎসা আরও জটিল হয়ে পড়তে পারে।

প্রতিরোধ ও চিকিৎসায় সমন্বিত উদ্যোগের তাগিদ
বিশেষজ্ঞদের মতে, নিউমোনিয়ায় শিশুমৃত্যু কমাতে প্রতিরোধ ও চিকিৎসা—দুই ক্ষেত্রেই সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিশুর নিয়মিত টিকাদান নিশ্চিত করা, পর্যাপ্ত পুষ্টি দেওয়া এবং ঘরের ভেতরের বায়ুদূষণ কমানোর পাশাপাশি রোগের লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

একই সঙ্গে হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহের পর্যাপ্ত ব্যবস্থা, পালস অক্সিমিটারের সহজলভ্যতা এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নিশ্চিত করা জরুরি। বিশেষ করে উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অক্সিজেন সেবার সুযোগ বাড়ানো প্রয়োজন।

প্রতি তিন শিশুর একজনের রক্তে অক্সিজেনের ঘাটতি এবং এ কারণে মৃত্যুঝুঁকি প্রায় পাঁচ গুণ বেড়ে যাওয়ার তথ্য স্পষ্ট করে দিচ্ছে, নিউমোনিয়া শুধু সাধারণ শ্বাসতন্ত্রের সংক্রমণ নয়; এটি শিশুদের জন্য প্রাণঘাতী স্বাস্থ্যঝুঁকি। বাংলাদেশে প্রতিবছর প্রায় ২৪ হাজার শিশুর মৃত্যু এবং দীর্ঘদিন ধরে মৃত্যুহার কমাতে না পারার বাস্তবতায় রোগটির দ্রুত শনাক্তকরণ, অক্সিজেন সেবা ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

কালের আলো/এসএ/জেএন

Link copied!