Kaler Alo
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
২০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ০৭:০৪ পিএম

ফটোসাংবাদিকদের দাবি পূরণে উদ্যোগ নেবে সরকার

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ০৭:০৪ পিএম

ফটোসাংবাদিকদের দাবি পূরণে উদ্যোগ নেবে সরকার

দেশের গণতান্ত্রিক ইতিহাস ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ফটোসাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ফটোসাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেছেন, সরকারের সক্ষমতার মধ্যে থেকে তাঁদের বিভিন্ন দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্থায়ী কার্যালয়ের বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস
সভায় বিপিজেএর প্রধান কার্যালয়ের স্থায়ী বন্দোবস্তের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন জমা দেওয়া হলে তিনি নিজে বিষয়টি দেখবেন।

বর্তমান জায়গায় স্থায়ী কার্যালয়ের ব্যবস্থা করা সম্ভব না হলে বিকল্প জায়গার বিষয়টিও খতিয়ে দেখা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন তিনি। প্রয়োজনে বিষয়টি মন্ত্রিসভায় উত্থাপনের কথাও জানান প্রতিমন্ত্রী।

গণতান্ত্রিক ইতিহাসে ফটোসাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ
ইয়াসের খান চৌধুরী বলেন, দেশের গণতান্ত্রিক ইতিহাস গঠনে ফটোসাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তাঁরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। তবে বিভিন্ন ক্ষেত্রে ফটোসাংবাদিকেরা নানা ধরনের বঞ্চনার শিকার হন। ফটোসাংবাদিকদের সংগঠনকে কীভাবে সহযোগিতা করা যায়, তা সরকারের সক্ষমতার মধ্যে থেকে বিবেচনা করা হবে বলে জানান তিনি।

জুলাই আন্দোলনে ভূমিকা রাখা ব্যক্তিদের সুযোগ দেওয়ার আহ্বান
প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের পক্ষে যারা কাজ করেছেন এবং জুলাই যোদ্ধাদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের বিভিন্ন জায়গায় সুযোগ দেওয়ার বিষয়টি তিনি গুরুত্ব দেন। এ জন্য সংশ্লিষ্ট যোগ্য ব্যক্তিদের একটি তালিকা জমা দেওয়ার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও ইউনিয়নের নেতাদের সঙ্গে সরকার ধারাবাহিকভাবে মতবিনিময় করছে উল্লেখ করে তিনি বলেন, এর অংশ হিসেবেই ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। এ ধরনের মতবিনিময় ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া শোনা এবং সেগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে আলোচনা করতেই তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি ও সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের সহযোগিতা, গণতন্ত্র ও ভোটের অধিকার সমুন্নত রাখা এবং দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা—এসব বিষয় আলোচনায় গুরুত্ব পেয়েছে।

সাংবাদিকদের মতামতের ভিত্তিতে সরকার কী কী পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে একটি পরিকল্পনা নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে দেশের উন্নয়নে সাংবাদিকদের সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি।

ফটোসাংবাদিকদের যেসব দাবি তুলে ধরল বিপিজেএ
মতবিনিময় সভায় বিপিজেএর সভাপতি একেএম মহসীন ফটোসাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার নিশ্চিতে বিভিন্ন দাবি তুলে ধরেন।

তিনি সরকারি বিভিন্ন দপ্তরে ফটোসাংবাদিক নিয়োগ, জুলাই আন্দোলনে ফটোসাংবাদিকদের ভূমিকার স্বীকৃতি এবং বিভিন্ন দপ্তরে এখনো অবস্থান করা ফ্যাসিস্টদের চিহ্নিত করার দাবি জানান। এ ছাড়া ফটোসাংবাদিকদের জন্য একটি ফটো ইনস্টিটিউট প্রতিষ্ঠা, বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণের সুযোগ তৈরি এবং সংগঠনের প্রধান কার্যালয়ের স্থায়ী বন্দোবস্তের দাবি জানান তিনি।

সভায় বিপিজেএর নেতারা উপস্থিত ছিলেন
মতবিনিময় সভায় বিপিজেএর সভাপতি একেএম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সহসভাপতি মশিউর রহমান সুমন ও জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন বাদল, কোষাধ্যক্ষ নাসির শিকদার, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন, প্রচার সম্পাদক মো. সৌরভ, সাংস্কৃতিক সম্পাদক খোকন শিকদার এবং নির্বাহী সদস্য শফিকুল আলম উপস্থিত ছিলেন। এ ছাড়া সংগঠনটির সাবেক সভাপতি এবিএম রফিকুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক নুরুউদ্দীন আহমেদ সভায় অংশ নেন।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!