Kaler Alo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বরিশাল সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০১:০২ পিএম

ছয় বছরেও চালু হয়নি বরিশালের ক্যানসার হাসপাতাল

বরিশাল সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০১:০২ পিএম

ছয় বছরেও চালু হয়নি বরিশালের ক্যানসার হাসপাতাল

দক্ষিণাঞ্চলের ক্যানসার রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বরিশালে ৪৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ছয় বছর আগে। লক্ষ্য ছিল, বিভাগীয় পর্যায়েই ক্যানসার, কিডনি ও হৃদ্‌রোগের চিকিৎসা নিশ্চিত করা। কিন্তু দুই দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়েও হাসপাতালটি চালু করা সম্ভব হয়নি। উল্টো বেড়েছে নির্মাণ ব্যয়। ফলে ক্যানসারের চিকিৎসার জন্য এখনো রাজধানীমুখী হতে হচ্ছে বরিশালসহ দক্ষিণাঞ্চলের রোগীদের।

২০২০ সালে দেশের আটটি বিভাগীয় শহরে বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এর আওতায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে প্রায় তিন একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে ৪৬০ শয্যার হাসপাতালটি। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রকল্পের কাজ শেষ না হওয়ায় চিকিৎসাসেবা শুরু করা যায়নি।

বারবার বাড়ছে প্রকল্পের মেয়াদ ও ব্যয়
বরিশালের ৪৬০ শয্যার বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রের জন্য ১৪ হাজার বর্গফুট আয়তনের ১৫ তলা ভবন নির্মাণের কাজ শুরু হয় ২০২০ সালের নভেম্বরে। নির্মাণকাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খান বিল্ডার্স। চুক্তি অনুযায়ী, ২০২৩ সালের জুনের মধ্যে কাজ শেষ করার কথা ছিল।

বরিশাল গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ২৩৮ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার টাকা। এর মধ্যে ৯৯ কোটি ৫১ লাখ ৪৫ হাজার টাকা চুক্তিমূল্যে বেজমেন্টসহ ১৫ তলা ভবনের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তিন দফায় প্রকল্পের ব্যয় সমন্বয়ের পর তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৩৯ কোটি টাকা। তবে ভবিষ্যতে ব্যয় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাস্তবায়নকারী প্রতিষ্ঠান গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানান, চিকিৎসা সরঞ্জাম, আসবাব ও অন্যান্য কাজের জন্য বরাদ্দ ২০২২ সালে একবার বাড়ানো হয়েছিল। কিন্তু এরপর এসব সরঞ্জামের দাম কয়েক গুণ বেড়েছে। এ কারণে বরাদ্দ আরও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানোর প্রস্তাবও পাঠানো হয়েছে। প্রস্তাবটি এখন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

গত ৪ নভেম্বর আটটি বিভাগীয় শহরে বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক হাসান ফিরোজের সঙ্গে এ বিষয়ে কথা হয়। বরাদ্দ কত টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, অনুমোদনের আগে এ বিষয়ে বলা যাবে না।

প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ার পেছনে ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির অভিযোগ রয়েছে। এ কারণে ২০২৩ সালে প্রথমবার প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। পরে তা ২০২৪ সালের ডিসেম্বর এবং দ্বিতীয় দফায় ২০২৫ সালের জুন পর্যন্ত করা হয়। কিন্তু এরপরও কাজ শেষ হয়নি। এবার তৃতীয় দফায় আরও এক বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয় দফার মেয়াদ শেষে অবকাঠামোর নির্মাণকাজ প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছিল।

তবে কাজের ধীরগতির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন মেসার্স খান বিল্ডার্সের ব্যবস্থাপক রিপন তালুকদার। তাঁর দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি নয়; বরং সময়মতো বরাদ্দ না পাওয়াসহ নানা সীমাবদ্ধতার কারণে চুক্তি অনুযায়ী কাজ শেষ করা সম্ভব হয়নি।

প্রকল্পের ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম বলেন, সময়ের সঙ্গে সবকিছুর দাম বাড়ে। সে অনুযায়ী প্রকল্পের ব্যয়ও বাড়বে। এটি স্বাভাবিক। তবে বরিশালের এই প্রকল্পে সেই তুলনায় ব্যয় খুব বেশি বাড়েনি।

ক্যানসার রোগী বাড়লেও চিকিৎসার সংকট
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ সূত্রে জানা যায়, বরিশালসহ দক্ষিণাঞ্চলে ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু রোগীর তুলনায় চিকিৎসার সুযোগ ও প্রয়োজনীয় সরঞ্জাম অপ্রতুল। বিভাগটিতে আগে ২৭টি শয্যা থাকলেও বছরখানেক আগে তা কমিয়ে ২১টি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, প্রতিনিয়ত রোগীর চাপ বাড়লেও শয্যাসংখ্যা ও চিকিৎসা সরঞ্জাম বাড়েনি। বরং শয্যা কমে যাওয়ায় অনেক রোগী ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন না। বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৪০ জন রোগী চিকিৎসা নেন।

শুধু শয্যাসংকট নয়, চিকিৎসার গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিও দীর্ঘদিন ধরে অচল। ২০১৫ সাল থেকে বিভাগটির রেডিওথেরাপি যন্ত্রটি নষ্ট। রেডিওলজি, রেডিও টেলিথেরাপি ও ব্র্যাকিথেরাপির যন্ত্রগুলোও প্রায় এক দশক ধরে অচল ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ফলে প্রয়োজনীয় চিকিৎসা নিতে রোগীদের রাজধানী ঢাকায় যেতে হচ্ছে। এতে চিকিৎসার ব্যয় বাড়ার পাশাপাশি যাতায়াতের ভোগান্তি ও মূল্যবান সময়ের অপচয় হচ্ছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের প্রধান আ ন ম মঈনুল ইসলাম বলেন, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রটি চালু হলে দক্ষিণাঞ্চলে ক্যানসার চিকিৎসার সংকট অনেকটাই কমবে। তাই যত দ্রুত সম্ভব হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

চিকিৎসার ব্যয়ে নিঃস্ব হওয়ার পথে পরিবার
হাসপাতাল চালু না হওয়ার প্রভাব শুধু চিকিৎসাসেবার সংকটেই সীমাবদ্ধ নেই; আর্থিকভাবেও বিপর্যস্ত হচ্ছেন রোগী ও তাঁদের পরিবার। এরই উদাহরণ বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান।

কোলন ক্যানসার শনাক্ত হওয়ার পর থেকে চিকিৎসার জন্য তাঁকে বারবার ঢাকায় যেতে হচ্ছে। রোগের শারীরিক ও মানসিক যন্ত্রণার পাশাপাশি পরিবারের ওপর চেপেছে চিকিৎসার বাড়তি ব্যয় এবং যাতায়াতের দুর্ভোগ। পাঁচ মেয়েকে নিয়ে সংসার চালাতে এমনিতেই হিমশিম খেতে হয় তাঁর বাবা আবদুল খালেককে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে দারোয়ানের চাকরি করেন। এর মধ্যে মেয়ের ক্যানসার শনাক্ত হওয়ায় পুরো পরিবারে নেমে এসেছে চরম দুর্দশা।

ইসরাতের বাবা আবদুল খালেকের বাড়ি ঝালকাঠির রাজাপুরে। মেয়ের চিকিৎসার খরচ জোগাতে এরই মধ্যে পরিবারের সামান্য কৃষিজমিও বিক্রি করে দিয়েছেন তিনি। এরপর আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা ও ঋণ নিয়ে চিকিৎসায় ব্যয় করেছেন ১২ লাখ টাকা। কিন্তু চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য আরও অর্থের প্রয়োজন হলেও এখন আর সেই সামর্থ্য নেই তাঁর।

আবদুল খালেক বলেন, ‘এরই মধ্যে বাড়িতে সামান্য কৃষিজমি ছিল, তা বিক্রি করে দিয়েছি। এরপর আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা, ঋণ এনে ১২ লাখ টাকা ব্যয় করেছি মেয়ের চিকিৎসায়। চিকিৎসায় আরও অনেক টাকার দরকার। কিন্তু অর্থাভাবে এখন আর চিকিৎসা করাতে পারছি না। জানি না কী হবে?’

বরিশালে বিশেষায়িত হাসপাতালটি চালু থাকলে ইসরাতের মতো দক্ষিণাঞ্চলের বহু রোগীকে চিকিৎসার জন্য বারবার ঢাকায় ছুটতে হতো না। কমত যাতায়াতের ভোগান্তি ও চিকিৎসার বাড়তি ব্যয়। ছয় বছর আগে নেওয়া একটি উদ্যোগ বাস্তবায়নের অপেক্ষা দীর্ঘ হওয়ায় এখনো সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দক্ষিণাঞ্চলের ক্যানসার রোগীরা।

কালের আলো/এসএ/এমএএইচ

Link copied!