দীর্ঘদিনের অবহেলা, অযত্ন ও দখল-বেদখলে ধ্বংসের মুখে পড়া ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহাসিক বাইশরশি জমিদারবাড়ি সংরক্ষণে উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদফতর। বাড়িটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণার প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট ভূমির তফসিল চেয়ে জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে। এ উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয়রা। তবে তাঁদের দাবি, শুধু ঘোষণা নয়, বেদখল হওয়া জমি উদ্ধার এবং অবশিষ্ট স্থাপনাগুলো সংস্কারের কার্যকর উদ্যোগও নিতে হবে।
ফরিদপুর জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সদরপুর উপজেলার বাইশরশি এলাকায় অবস্থিত ঐতিহাসিক এ জমিদারবাড়ি। কাছেই রয়েছে আটরশির বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফ। ফলে দেশের বিভিন্ন স্থান থেকে আটরশিতে আসা মানুষের পাশাপাশি ইতিহাস ও পুরোনো স্থাপনা দেখতে আগ্রহী দর্শনার্থীরাও ঘুরে যান বাইশরশি জমিদারবাড়িতে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, সপ্তদশ শতকের শুরুতে সাহা পরিবারের হাত ধরে এ জমিদারির গোড়াপত্তন হয়। লবণ ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়ে পরিবারটি পর্যায়ক্রমে ২২টি পরগনার জমিদারি ক্রয় করে। অষ্টাদশ শতক থেকে ১৯৪৭ সালের দেশভাগের আগপর্যন্ত বৃহত্তর ফরিদপুর অঞ্চলে প্রভাবশালী জমিদার হিসেবে পরিচিত ছিল পরিবারটি।
একসময় প্রায় ৫০ একর জায়গাজুড়ে গড়ে ওঠা জমিদারবাড়িতে ছিল মনোরম বাগান, পুকুর, পূজামণ্ডপ এবং কারুকার্যখচিত ছোট-বড় ১৪টি দালানকোঠা। এসব স্থাপনার নির্মাণশৈলীতে তৎকালীন সময়ের স্থাপত্য ও ঐতিহ্যের ছাপ রয়েছে। কিন্তু দীর্ঘদিনের অযত্ন ও রক্ষণাবেক্ষণের অভাবে অনেক স্থাপনা ইতোমধ্যে বিলীন হয়ে গেছে। বর্তমানে প্রায় ৩০ একর জমি অবশিষ্ট থাকলেও এর বড় একটি অংশ বেদখলে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
দেশভাগের পর থেকেই শুরু অবহেলা
১৯৪৭ সালের দেশভাগের পর জমিদার পরিবারের সদস্যরা কলকাতায় চলে যান। পরবর্তী সময়ে জমিদারি প্রথা বিলুপ্ত হলে বাড়িটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। স্বাধীনতার পর পরিবারের শেষ উত্তরাধিকারী সুকুমার রায় বাহাদুরের মৃত্যুর পর থেকে ঐতিহাসিক স্থাপনাটির নিয়মিত দেখভালও বন্ধ হয়ে যায় বলে জানান স্থানীয়রা। বর্তমানে জমিদারবাড়ির বিভিন্ন অংশে উপজেলা ভূমি অফিস, একটি ইউনিয়ন ভূমি অফিস, ফায়ার সার্ভিস এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কার্যালয় পরিচালিত হচ্ছে। তবে এসব স্থাপনার পাশাপাশি জমিদারবাড়ির ঐতিহাসিক ভবনগুলোর সংরক্ষণ ও সংস্কারে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন অরক্ষিত থাকায় জমিদারবাড়ির মূল্যবান পুরোনো দরজা-জানালা, লোহার কারুকাজসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন চুরি হয়ে যাচ্ছে। রাতে এলাকাটি নির্জন হয়ে পড়ায় নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। এমনকি দিনের বেলাতেও ছিনতাইসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে অভিযোগ তাঁদের।
হারিয়ে যাচ্ছে ইতিহাসের মূল্যবান নিদর্শন
স্থানীয় বাসিন্দা আবদুল হাই বলেন, ‘আমরা ছোটবেলা থেকেই এই জমিদারবাড়ি দেখে আসছি। সময়ের সঙ্গে সঙ্গে অনেক স্থাপনা নষ্ট হয়ে গেছে। এখন যেটুকু আছে, সেটুকুও যদি সংরক্ষণ করা না হয়, তাহলে একসময় শুধু নামটুকুই থাকবে।’
সম্প্রতি জমিদারবাড়ি দেখতে আসা এক দর্শনার্থী বলেন, পুরোনো ভবনগুলো দেখে ভালো লেগেছে। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক জায়গায় সংরক্ষণ বা পর্যটকদের জন্য তেমন কোনো সুযোগ-সুবিধা নেই। সরকার উদ্যোগ নিলে এখানে আরও অনেক মানুষ ঘুরতে আসবেন। আরেক দর্শনার্থীর মতে, জমিদারবাড়িতে ইতিহাসের কোনো তথ্যফলক নেই। কোন ভবন কখন তৈরি হয়েছে কিংবা জমিদার পরিবারের ইতিহাস কী, তা জানারও সুযোগ নেই। জায়গাটি সংস্কার করে দর্শনার্থীদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করা প্রয়োজন।
সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণার প্রক্রিয়া শুরু
এদিকে জমিদারবাড়িটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদফতর। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন অধিদফতরের মহাপরিচালক সাবিনা আলম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, বাইশরশি জমিদারবাড়ি সংরক্ষণযোগ্য স্থাপনা হিসেবে বিবেচিত হয়েছে।
গত ১ সেপ্টেম্বর জারি করা ওই চিঠিতে আইন অনুযায়ী স্থাপনাটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণার জন্য সংশ্লিষ্ট ভূমির তফসিল ও স্থানীয় প্রশাসনের মতামত প্রয়োজন বলে উল্লেখ করা হয়। এ জন্য ভূমির তফসিল সংগ্রহ করে প্রত্নতত্ত্ব অধিদফতরে পাঠাতে ফরিদপুরের জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে। চিঠির অনুলিপি অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
জমি উদ্ধার ও সংস্কারের দাবি স্থানীয়দের
স্থানীয়দের দাবি, প্রথমেই জমিদারবাড়ির সম্পত্তির সীমানা নির্ধারণ করে বেদখল হওয়া জমি উদ্ধার করতে হবে। এরপর প্রত্নতাত্ত্বিক ও স্থাপত্য বিশেষজ্ঞদের মাধ্যমে পুরোনো ভবনগুলোর অবস্থা যাচাই করে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা জোরদার, পরিচ্ছন্নতা, ইতিহাস-সংবলিত তথ্যফলক, দর্শনার্থীদের বসার ব্যবস্থা এবং যোগাযোগব্যবস্থার উন্নয়ন প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।
স্থানীয়দের মতে, বাইশরশি জমিদারবাড়ি শুধু একটি পুরোনো স্থাপনা নয়; এটি এ অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মারক। প্রত্নতত্ত্ব অধিদফতরের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করে বাড়িটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা গেলে ঐতিহ্য রক্ষার পাশাপাশি পরিকল্পিত পর্যটনকেন্দ্র গড়ে তোলার সুযোগ তৈরি হবে। এতে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
দখলসংক্রান্ত বিষয় যাচাইয়ের আশ্বাস প্রশাসনের
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন বলেন, বাইশরশি জমিদারবাড়ি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। বিভিন্ন স্থাপনা নির্মাণ করে এ বাড়ির আশপাশের জমি যাঁরা দখল করেছেন, সেই দখলসংক্রান্ত বিষয়গুলো যাচাই করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, মুক্তিযুদ্ধের সময় এবং পরবর্তী সময়ে জমিদার পরিবারের উত্তরাধিকারীরা একে একে এ বাড়ি ছেড়ে চলে যান। পরিবারের সর্বশেষ প্রজন্মের একজন সদস্য আত্মহত্যাও করেছিলেন। এরপর থেকেই বাড়িটি ধীরে ধীরে দখল ও বেদখলের শিকার হতে থাকে। সরকারও বাড়িটির কিছু অংশ ব্যবহার করছে। একসময় বিশাল এই জমিদারবাড়ি এখন প্রায় ভগ্নদশা ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
তিনি বলেন, এ জমিদারবাড়ি শুধু একটি পুরোনো স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। সদরপুরের এ জমিদারদের বিশাল জমিদারি ফরিদপুর ও বরিশাল অঞ্চলজুড়ে বিস্তৃত ছিল। প্রজাদের কল্যাণে তাঁরা অনেক জনহিতকর কাজ করেছেন। এ অঞ্চলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল নির্মাণেও তাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
সংসদ সদস্য আরও বলেন, একসময় এ জমিদারবাড়ির আয়তন ছিল ৫০ একরেরও বেশি। বর্তমানে দখল হয়ে যাওয়া জমিগুলো কীভাবে উদ্ধার করা যায় এবং বাড়িটিকে সরকারের প্রত্নতত্ত্ব অধিদফতরের আওতায় এনে কীভাবে সংরক্ষণ করা যায়, সে বিষয়ে তিনি কাজ করছেন। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত রাখবেন। দীর্ঘদিনের অবহেলায় বাইশরশি জমিদারবাড়ির অনেক স্থাপনা ও নিদর্শন হারিয়ে গেছে। এখন প্রত্নতত্ত্ব অধিদফতরের উদ্যোগ বাস্তবায়ন, জমি উদ্ধার এবং পরিকল্পিত সংস্কারের মাধ্যমে অবশিষ্ট ঐতিহ্যটুকু রক্ষা করাই স্থানীয়দের প্রত্যাশা।
কালের আলো/এএইচ/এমএসআইপি
