রাজধানীর রামপুরার মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে আদর আলী (১৭) নামে এক কিশোর আহত হয়েছে। বিস্ফোরণে তার শরীরের প্রায় ৮ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টারের আঘাত লেগেছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় গাজী মোটরসের পাশের সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।
পিঠ ও হাত-পায়ে স্প্লিন্টারের আঘাত
হাসপাতাল সূত্রে জানা যায়, ককটেল বিস্ফোরণে আদরের পিঠ, বাম হাত ও বাম পায়ের বৃদ্ধাঙ্গুলে স্প্লিন্টারের আঘাত লেগেছে। বিস্ফোরণের পর স্বজনেরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
আহত আদর আলী বাড্ডার আলতাবর নিসা হাইস্কুল থেকে ২০২৬ সালে এসএসসি পাস করেছে। তার বাবার নাম উজ্জ্বল চৌধুরী। গ্রামের বাড়ি বরিশাল সদর থানার কুন্দিয়ালপাড়া এলাকায়। বর্তমানে সে দক্ষিণ বাড্ডার খ/৪৪ নম্বর বাসায় নানাবাড়িতে থাকে।
বার্ন ইউনিটে চিকিৎসাধীন কিশোর
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, রামপুরার চৌধুরীপাড়া এলাকা থেকে ককটেলের আঘাতে আহত এক কিশোরকে হাসপাতালে আনা হয়। পরে তাকে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীরের প্রায় ৮ শতাংশ দগ্ধ হয়েছে।বর্তমানে আদর আলী ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের অবজারভেশন কক্ষে চিকিৎসাধীন রয়েছে।
কালের আলো/এসএ/ডিএইচ
