বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (দিশা) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য ‘শাখা ব্যবস্থাপক (পিও-০১)’ পদে ৭৫ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, শাখা ব্যবস্থাপক (পিও-০১) পদে মোট ৭৫ জন নেওয়া হবে। এ পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ এবং স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় কমপক্ষে সিজিপিএ–৩ থাকতে হবে।
অভিজ্ঞতা ও বয়সসীমা
এ পদে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে নির্বাচিত প্রার্থীদের কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। দায়িত্ব পালনের জন্য মোটরসাইকেল ব্যবহার বাধ্যতামূলক। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্তদের প্রথম তিন মাস প্রশিক্ষণকালে মাসিক ৩০ হাজার টাকা এবং পরবর্তী তিন মাস শিক্ষানবিশকালীন সময়ে মাসিক ৪০ হাজার টাকা বেতন দেওয়া হবে। ছয় মাস পর চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৫৬ হাজার ২৪০ টাকা।
এ ছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, চাকরি স্থায়ীকরণের পাঁচ বছর পর থেকে গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, হার্ডশিপ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, চিকিৎসা ও বিমা সুবিধা দেওয়া হবে। পাশাপাশি স্বল্পমূল্যে একক আবাসনের সুযোগ রয়েছে।
ছুটির ক্ষেত্রে বছরে ১২ দিন সবেতন নৈমিত্তিক ছুটি, ২০ দিন অর্জিত ছুটি, ১৫ দিন মেডিক্যাল ছুটি এবং ছয় মাস সবেতনে মাতৃত্বকালীন ছুটি পাবেন কর্মীরা। প্রয়োজনে মোটরসাইকেল ঋণ ও জ্বালানি বিল দেওয়া হবে। কাজের মূল্যায়নের ভিত্তিতে প্রণোদনা ও পদোন্নতির সুযোগও রয়েছে।
নির্বাচিত প্রার্থীদের জন্য শর্ত
চাকরিতে যোগদানের সময় নির্বাচিত প্রার্থীকে ফেরতযোগ্য জামানত হিসেবে ১৫ হাজার টাকা জমা দিতে হবে। এ ছাড়া ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারীর মাধ্যমে আর্থিক দায়-দায়িত্বের নিশ্চয়তা দিতে হবে। যোগদানের পর কমপক্ষে দুই বছর চাকরি করার অঙ্গীকারনামাও জমা দিতে হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং প্রযোজ্য ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি পাঠাতে হবে। আবেদনপত্রে নিজের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। খামের ওপর পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), দিশা, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগারো, ঢাকা-১২১৬।বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি সংস্থার ওয়েবসাইট থেকে জানা যাবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬।
কালের আলো/এসএ/এএইচ
