Kaler Alo
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কালের আলো ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৮:০৩ পিএম

হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে নতুন ৪ সুবিধা

কালের আলো ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৮:০৩ পিএম

হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে নতুন ৪ সুবিধা

গ্রুপ চ্যাট ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর করতে নতুন চারটি সুবিধা চালু করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এসব সুবিধার মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা অনির্দিষ্টকালের জন্য পিন করে রাখা, নতুন সদস্যদের সঙ্গে আগের কথোপকথন শেয়ার, নির্দিষ্ট গ্রুপের জন্য আলাদা স্ট্যাটাস প্রকাশ এবং মেনশন ও সরাসরি উত্তরের বার্তা সহজে খুঁজে পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপের নতুন এই উদ্যোগের ফলে গ্রুপ পরিচালনা, গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ এবং সদস্যদের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

মেয়াদ ছাড়াই পিন করে রাখা যাবে বার্তা
হোয়াটসঅ্যাপের নতুন সুবিধাগুলোর মধ্যে অন্যতম হলো অনির্দিষ্ট সময়ের জন্য গুরুত্বপূর্ণ বার্তা পিন করে রাখার সুযোগ। এত দিন কোনো বার্তা পিন করার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা নির্বাচন করতে হতো। নতুন সুবিধায় ব্যবহারকারীরা চাইলে কোনো মেয়াদ নির্ধারণ ছাড়াই গুরুত্বপূর্ণ বার্তা চ্যাটের শীর্ষে রাখতে পারবেন।

এর ফলে গ্রুপের সভার নির্দেশনা, অনুষ্ঠানের সময়সূচি, ঠিকানা কিংবা জরুরি ঘোষণার মতো তথ্য সহজেই সবার নজরে থাকবে। বারবার পুরোনো কথোপকথন খুঁজে দেখার প্রয়োজনও কমবে।

নতুন সদস্যদের সঙ্গে শেয়ার করা যাবে পুরোনো বার্তা
গ্রুপে নতুন সদস্য যুক্ত হলে আগের আলোচনা বুঝতে অনেক সময় পুরো চ্যাটের ইতিহাস ঘেঁটে দেখতে হয়। এই সমস্যা সমাধানে নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ।

নতুন কোনো সদস্য গ্রুপে যোগ দেওয়ার পর তাঁর নামের ওপর ট্যাপ করে সাম্প্রতিক কথোপকথনের বার্তাগুলো শেয়ার করতে পারবেন অন্য সদস্যরা। এতে নতুন সদস্য সহজেই আগের আলোচনা সম্পর্কে ধারণা পাবেন। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন সদস্যদের সঙ্গে শেয়ার করা বার্তাগুলোও এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে।

নির্দিষ্ট গ্রুপের জন্য আলাদা স্ট্যাটাস
নতুন সুবিধায় ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো গ্রুপের সদস্যদের জন্য আলাদা স্ট্যাটাস প্রকাশ করতে পারবেন। ফলে কোনো আপডেট সবার সঙ্গে শেয়ার না করে শুধু নির্দিষ্ট গ্রুপের সদস্যদের দেখানোর সুযোগ তৈরি হবে।

গ্রুপের সদস্যরা সেই স্ট্যাটাস দেখতে পারবেন এবং প্রতিক্রিয়াও জানাতে পারবেন। সাধারণ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মতোই ২৪ ঘণ্টা পর এসব আপডেট স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

সহজেই খুঁজে পাওয়া যাবে মেনশন ও উত্তর
গ্রুপে অসংখ্য বার্তার ভিড়ে নিজের নাম উল্লেখ করা হয়েছে এমন বার্তা কিংবা কোনো বার্তার সরাসরি উত্তর খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। নতুন সুবিধায় এ সমস্যার সমাধান করছে হোয়াটসঅ্যাপ।

কাউকে মেনশন করা হলে কিংবা কোনো বার্তার সরাসরি উত্তর দেওয়া হলে সেগুলো আলাদা ফিল্টারের মাধ্যমে সহজেই খুঁজে পাওয়া যাবে। এমনকি গ্রুপের সবাইকে একসঙ্গে মেনশন করতে ব্যবহৃত ‘@all’ যুক্ত বার্তাও এই ফিল্টারের আওতায় থাকবে। ফলে পুরো চ্যাট ঘেঁটে গুরুত্বপূর্ণ বার্তা খুঁজে বের করার ঝামেলা কমবে।

ধাপে ধাপে চালু হচ্ছে নতুন সুবিধা
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন চারটি সুবিধা পর্যায়ক্রমে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। ফলে সব ব্যবহারকারী একই সময়ে এসব সুবিধা পাবেন না। অ্যাপের আপডেটের মাধ্যমে ধীরে ধীরে নতুন ফিচারগুলো ব্যবহার করা যাবে। সূত্র: নিউজ ১৮ 

কালের আলো/এসএ/এএইচ

Link copied!