চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে আহত হলেও এখনো ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত হতে পারেননি—এমন ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন করে আবেদন গ্রহণ এবং তালিকাভুক্তির জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
এর ফলে আন্দোলনে আহত হওয়ার পরও বিভিন্ন কারণে সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারা ব্যক্তিদের স্বীকৃতি পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। আবেদনকারীদের পরিচয় ও আহত হওয়ার প্রমাণ যাচাই করে তালিকাভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে।
নতুন করে আবেদন গ্রহণে গণবিজ্ঞপ্তির নির্দেশ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণঅভ্যুত্থান শাখা থেকে গত ১০ নভেম্বর এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। চিঠিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অথবা এখনো চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি—এমন ব্যক্তিদের কাছ থেকে আবেদন গ্রহণ করতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় নতুন করে আবেদন গ্রহণের মাধ্যমে তালিকার বাইরে থাকা আহত ব্যক্তিদের শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য ও প্রমাণক যাচাই করে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার কথা বলা হয়েছে।
ইতোমধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে গেজেট প্রকাশ
মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে ৮৪২ জন শহীদ হয়েছেন। এ ছাড়া আহতদের যথাযথ স্বীকৃতি, কল্যাণ ও পুনর্বাসন নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে জুলাই যোদ্ধাদের নামে গেজেট প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত গেজেট অনুযায়ী, ক্যাটাগরি-ক-তে ৯৯০ জন, ক্যাটাগরি-খ-তে এক হাজার ১৪ জন এবং ক্যাটাগরি-গ-তে ১১ হাজার ৯৬৪ জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে। তবে এসব তালিকা প্রকাশের পরও আন্দোলনে আহত অনেক ব্যক্তি এখনো গেজেটভুক্তির বাইরে রয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
জেলা-উপজেলায় ৯৩১ জনের আবেদন অনিষ্পন্ন
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপজেলা ও জেলা পর্যায়ে বর্তমানে ৯৩১ জন আহত ব্যক্তির আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে আহত হলেও এখনো জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্তির সুযোগ পাননি, এমন ব্যক্তিও রয়েছেন।
চিঠিতে নতুন করে আবেদন গ্রহণের উদ্যোগের পেছনে আগের প্রশাসনিক জটিলতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, গত ১০ ফেব্রুয়ারি তৎকালীন সরকারের শেষ কর্মদিবসে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নতুনভাবে অন্তর্ভুক্তির আবেদন মন্ত্রণালয়ে না পাঠানোর জন্য দেশের সব জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছিল।
এর ফলে পরবর্তী সময়ে বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ে আহত ব্যক্তিদের পক্ষ থেকে আবেদন করা হলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো সেগুলো পরবর্তী কার্যক্রমের জন্য মন্ত্রণালয়ে পাঠাতে পারেনি। এতে অনেক আহত ব্যক্তির আবেদন প্রক্রিয়া আটকে থাকে।
আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র দিতে হবে
নতুন উদ্যোগের আওতায় আবেদন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ জমা দিতে হবে। পাশাপাশি স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত হওয়ার স্বপক্ষে উপযুক্ত প্রমাণক দিতে হবে।
আবেদনকারীদের জমা দেওয়া তথ্য ও নথিপত্র যাচাই করে তাঁদের তালিকাভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে। অর্থাৎ শুধু আবেদন করলেই স্বয়ংক্রিয়ভাবে গেজেটভুক্তি হবে না; প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই-বাছাই করা হবে।
রাষ্ট্রীয় স্বীকৃতির সুযোগ তৈরি হচ্ছে আহতদের
জুলাই গণঅভ্যুত্থানে আহত হওয়ার পরও প্রশাসনিক জটিলতা কিংবা আবেদন প্রক্রিয়া বন্ধ থাকায় যারা রাষ্ট্রীয় স্বীকৃতির বাইরে ছিলেন, নতুন উদ্যোগের মাধ্যমে তাঁদের সামনে তালিকাভুক্তির সুযোগ তৈরি হচ্ছে।
মন্ত্রণালয়ের এ পদক্ষেপ বাস্তবায়িত হলে জেলা ও উপজেলা পর্যায়ে অনিষ্পন্ন আবেদনগুলোর পাশাপাশি নতুন করে আবেদন করা ব্যক্তিদের বিষয়েও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে। এতে আহত ব্যক্তিদের স্বীকৃতি, কল্যাণ ও পুনর্বাসন কার্যক্রম আরও বিস্তৃত করার পথ খুলতে পারে।
কালের আলো/এসএ/এমএসআইপি
